img

ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে হুতি যোদ্ধাদের তীব্র সংঘর্ষ, নিহত ৮০

প্রকাশিত :  ০৬:০৮, ২১ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে হুতি যোদ্ধাদের তীব্র সংঘর্ষ, নিহত ৮০

ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশের রাজধানী মারিব সিটির কাছে হুথি গোষ্ঠীর সঙ্গে তীব্র সংঘর্ষে জড়িয়েছে দেশটির সেনাবাহিনী। সংঘর্ষে ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠীর অন্তত ৮০ যোদ্ধা নিহত হয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ইয়েমেনি সেনাবাহিনীর মিডিয়া বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া আল-হাতেমি সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গত শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন এই ৮০ জনের অধিক হুথি যোদ্ধা।

ইয়াহিয়া আল হাতেমি বলেন, মারিবে সেনাবাহিনী হুথি যোদ্ধাদের প্রতিহত করেছে। প্রায় ২৪ ঘণ্টা ভয়াবহ সংঘাতের পর ৮০ জনের অধিক যোদ্ধা নিহত হয়েছে, বাকিরা পালিয়ে গেছে। তাদের ৯টি সামরিক যান ধ্বংস করা হয়েছে।

ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে, মারিব প্রদেশের বিভিন্ন সম্মুখসারিতে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলায় যোদ্ধাদের সমাবেশস্থল, সামরিক রসদ ও শক্তিবর্ধক এবং সুরক্ষিত অবস্থানগুলো লক্ষ্যবস্তু করা হয়।

মারিব শহরে ইয়েমেনে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সবচেয়ে বড় অংশ বসবাস করে। গত এক দশকে লড়াই ও হুথিদের দমন-পীড়ন থেকে পালিয়ে ২০ লাখের বেশি মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন। শহরটিতে তেল ও গ্যাসক্ষেত্রের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রও রয়েছে।

মারিব দখলের লক্ষ্যে হুথিদের ধারাবাহিক অভিযানে হাজারো বেসামরিক নাগরিক ও যোদ্ধা নিহত বা আহত হয়েছেন। তবে এসব অভিযানের কোনোটি সফল হয়ে শহরটি দখল করতে পারেনি।

২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হুথিরা তাদের বড় ধরনের অভিযান বন্ধ করে দেয়।

আল-হাতেমি বলেন, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের সরকারি বাহিনীর ব্যাপক হামলার মুখে মারিবের বাইরের বিভিন্ন অবস্থান থেকে হুথি যোদ্ধারা পিছু হটতে বাধ্য হয়েছে।

এদিকে শনিবার সানা, আমরান, হোদেইদা এবং হুথিদের নিয়ন্ত্রণাধীন অন্যান্য এলাকায় অন্তত ৫০ যোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব যোদ্ধা যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন।

আল-হাতেমির দাবি, হুথিরা প্রকাশ্যে যে সংখ্যক নিহতের কথা স্বীকার করেছে, তা প্রকৃত যুদ্ধক্ষেত্রে নিহতের ১০ শতাংশেরও কম। তার হিসাব অনুযায়ী, প্রতিদিন ৩০০ থেকে ৫০০ জন হুথি যোদ্ধা নিহত হচ্ছেন। মনোবল ভেঙে পড়া ঠেকাতে হুথিরা প্রকৃত হতাহতের সংখ্যা গোপন করছে বলেও অভিযোগ করেন তিনি।

ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে, হুথিদের সঙ্গে আশপাশের পার্বত্য এলাকায় সংঘর্ষের পর শহরটির পশ্চিমে অবস্থিত নোমান পাহাড়ের নিয়ন্ত্রণ নিয়েছে তারা।

সূত্র: আরাব নিউজ

আন্তর্জাতিক এর আরও খবর

img

বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয় যেসব দেশে

প্রকাশিত :  ০৬:০৬, ২০ নভেম্বর ২০২৬

মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বিশ্বে আশঙ্কাজনক হারে বেড়েছে। ২০২৫ সালে অন্তত ১৭টি দেশে ২ হাজার ৭০৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ১৯৮১ সালের পর এক বছরে এত বেশি মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য আর পায়নি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংস্থাটির ২০২৬ সালের মে মাসে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে, মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যায় শীর্ষে রয়েছে চীন। দেশটিতে প্রতিবছর হাজার হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও প্রকৃত সংখ্যা প্রকাশ করে না সরকার। ফলে চীনের সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি।

অ্যামনেস্টির হিসাব অনুযায়ী, ২০২৫ সালে ইরানে অন্তত ২ হাজার ১৫৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আগের বছরের তুলনায় দেশটিতে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব। দেশটিতে অন্তত ৩৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা দেশটির ইতিহাসে এক বছরে সর্বোচ্চ।

তালিকার পরের অবস্থানগুলোতে রয়েছে ইয়েমেন, যুক্তরাষ্ট্র ও মিশর। ইয়েমেনে অন্তত ৫১ জন, যুক্তরাষ্ট্রে ৪৭ জন এবং মিসরে ২৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এ ছাড়া সোমালিয়া, কুয়েত ও সিঙ্গাপুরে ১৭ জন করে এবং আফগানিস্তানে ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য পেয়েছে অ্যামনেস্টি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বে অন্তত ১ হাজার ৫১৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। এক বছরের ব্যবধানে এই সংখ্যা ৭৮ শতাংশ বেড়েছে। তবে চীন, উত্তর কোরিয়া ও ভিয়েতনামের মতো দেশে তথ্য গোপন রাখার কারণে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

মৃত্যুদণ্ড কার্যকরের প্রায় অর্ধেকই হয়েছে মাদকসংক্রান্ত অপরাধে। ইরান, সৌদি আরব, চীন, কুয়েত ও সিঙ্গাপুরে এ ধরনের অপরাধে মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে, বিশ্বের অনেক দেশ মৃত্যুদণ্ড বাতিল করেছে বা এর প্রয়োগ বন্ধ রেখেছে। অ্যামনেস্টির হিসাবে, ২০২৫ সালের শেষ নাগাদ ১১৩টি দেশ আইনগতভাবে সব অপরাধের জন্য মৃত্যুদণ্ড বাতিল করেছে। আরও কয়েকটি দেশ আইন বা বাস্তবে এর প্রয়োগ বন্ধ রেখেছে।

সূত্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

আন্তর্জাতিক এর আরও খবর