img

প্রায় দুই দশক পর সিলেট আসছেন শায়খুল ইসলাম মুফতি তাকি উসমানী

প্রকাশিত :  ১৭:০৫, ০৮ নভেম্বর ২০২৬

২৫ নভেম্বর সিলেটে জামেয়াতুল খাইর এর উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন

প্রায় দুই দশক পর সিলেট আসছেন শায়খুল ইসলাম মুফতি  তাকি উসমানী

বিশ্ববরেণ্য আলেম, জগদ্বিখ্যাত ফকিহ ও শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামী মনীষী শায়খুল ইসলাম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ তাকী উসমানী দীর্ঘ প্রায় দুই দশক পর আগামী ২৫ নভেম্বর পুণ্যভূমি সিলেটে আগমন করছেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে সিলেটসহ দেশের ধর্মপ্রাণ মুসলমান, উলামায়ে কেরাম ও দ্বীনি অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সিলেটের প্রথম স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়াতুল খাইর আল ইসলামিয়া সিলেটের উদ্যোগে এ সফরের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক মুফতি আবদুল মুনতাকিম দীর্ঘদিন ধরে শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তকী উসমানীকে সিলেট ও বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়ে আসছিলেন। এ উদ্দেশ্যে তিনি বিভিন্ন সময়ে সরাসরি সাক্ষাৎ করেও তাঁকে সিলেটে আগমনের অনুরোধ জানান। গত বছরও তাঁর সফরের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে কিছু অনিবার্য কারণে সে সফর স্থগিত হয়ে যায়।

অবশেষে এ বছর মুফতি তাকী উসমানীর সম্মতি ও আগ্রহে চলতি নভেম্বর মাসে তাঁর সিলেট সফরের দিনক্ষণ নির্ধারিত হয়েছে। দ্বীনি মাদ্রাসাগুলোর বার্ষিক পরীক্ষার সময়সূচি বিবেচনায় রেখে নভেম্বর মাসকে সফরের জন্য নির্বাচন করা হয়েছে। সফরকালে  বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বীনি ও ইসলামী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন শায়খুল ইসলাম মুফতি তাকি উসমানী।

এ উপলক্ষে আগামী ২৫ নভেম্বর বুধবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জামেয়াতুল খাইর আল ইসলামিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হবে এক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন।  এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম-খতিব, ইসলামী চিন্তাবিদ ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানের ব্যাপক সমাগম প্রত্যাশা করা হচ্ছে।মুফতি আব্দুল মুনতাকিম বলেন, \"শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানী সমকালীন মুসলিম বিশ্বের এক অনন্যসাধারণ ইসলামী ব্যক্তিত্ব। আরব-আজমে বর্তমান সময়ের শ্রেষ্ঠ ইসলামী স্কলার হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ইলম, ফিকহ, গবেষণা, লেখনী, ইসলাহী মেহনত ও উম্মাহর পথনির্দেশনায় তাঁর অবদান বিশ্বব্যাপী স্মরণীয়। এমন একজন মহান মনীষীর সান্নিধ্য লাভ এবং তাঁর কাছ থেকে ইলমি ও আমলি দিকনির্দেশনা গ্রহণের সুযোগ আমাদের জন্য এক বিরাট নেয়ামত।\"

তিনি আরও বলেন, \"দীর্ঘ প্রায় দুই দশক পর তাঁর সিলেট আগমন আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও সৌভাগ্যের বিষয়। বয়স ও শারীরিক বাস্তবতার কারণে ভবিষ্যতে তাঁর এ ধরনের সফরের সুযোগ কতটা পাওয়া যাবে, তা বলা কঠিন। তাই এই সফরকে আমরা অত্যন্ত মূল্যবান ও ঐতিহাসিক সুযোগ হিসেবে গ্রহণ করতে চাই। উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র-শিক্ষক, মসজিদের ইমাম-খতিব, আধুনিক শিক্ষিত সমাজ এবং সর্বস্তরের মুসলমান যেন এ সুযোগের যথাযথ মূল্যায়ন করেন। তাঁর সান্নিধ্য থেকে উপকৃত হন, তাঁর ইলমি আলোচনা ও দিকনির্দেশনা গ্রহণ করেন এবং যথাযোগ্য সম্মান ও ভালোবাসার সঙ্গে তাঁকে বরণ করে নেন—এটাই আমাদের প্রত্যাশা।\"

মুফতি আব্দুল মুনতাকিম সিলেট বিভাগের সর্বস্তরের উলামায়ে কেরামের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বলেন, এটি শুধু একটি সাধারণ সম্মেলন নয়; বরং সমকালীন মুসলিম বিশ্বের একজন শীর্ষস্থানীয় আলেম ও সর্বজন শ্রদ্ধেয় ফকিহের সান্নিধ্য লাভের এক বিরল সুযোগ। তাই দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে এ সম্মেলনকে সিলেটের ইতিহাসে স্মরণকালের বৃহত্তম ও স্মরণীয় ইসলামী সমাবেশে পরিণত করতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, সিলেটের সর্বস্তরের উলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, মসজিদের ইমাম-খতিব, ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মুসলমান সম্মেলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করে শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তকী উসমানীকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন।

উল্লেখ্য, আগামী ২৫ নভেম্বর বুধবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিকেল ৩ ঘটিকা থেকে ৯ ঘটিকা পর্যন্ত এ সম্মেলনের শুরুতে পাকিস্তান মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা হানিফ জালন্ধরীও গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। এছাড়াও দেশ বিদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদ গন এ মহা সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

আয়োজকদের প্রত্যাশা, সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ সম্মেলন সিলেটের দ্বীনি অঙ্গনে এক স্মরণীয় অধ্যায়ের সূচনা করবে।

জাতীয় এর আরও খবর

img

কারাবন্দি গাজী নজরুলের বিষয়ে সংসদকে অবহিত করলেন স্পিকার

প্রকাশিত :  ১৬:১৮, ০৯ নভেম্বর ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বর্তমানে তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। আজ সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে তার গ্রেপ্তার ও কারাবন্দি থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্যদের অবহিত করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

এদিন ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো একটি চিঠির তথ্য তুলে ধরেন স্পিকার।

তিনি বলেন, ‘সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের গ্রেপ্তারসংক্রান্ত তথ্য এই সংসদকে অবহিত করতে চাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংসদ সদস্য জিএম নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে মর্মে একটি পত্র গত ১০ নভেম্বর পাওয়া গেছে।’

স্পিকার বলেন, ‘কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী ১৭২ বিধির আলোকে পত্র পাওয়ার পর সংসদ অধিবেশন চলমান থাকলে তা যথা শিগগিরই সংসদে পাঠ করার বিধান রয়েছে। আমি এখন কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী প্রাপ্ত পত্রের সংশ্লিষ্ট অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি।’

চিঠির তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘মাননীয় সংসদ সদস্য জিএম নজরুল ইসলামকে শেরেবাংলা নগর থানায় গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রুজু করা ১৬৯৫ নম্বর জিডির সূত্র ধরে শেরেবাংলা নগর থানা পুলিশের একটি মামলায় পরবর্তী কার্যক্রমের জন্য শেরেবাংলা নগর থানাধীন মানিক মিয়া অ্যাভিনিউ এলাকার ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর বাসা থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।’

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ৩০৬ ধারায় এজাহার দায়ের করা হয়। যার মামলা নম্বর ১৬ এবং জিআর নম্বর ১৯৭। ওই মামলার পরিপ্রেক্ষিতে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তাকে গ্রেপ্তার করে। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

স্পিকার জানান, ‘বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে বন্দি আছেন। বিষয়টি কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী সংসদ সদস্যদের অবহিত করা হলো।’

এর আগে গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে আলোচনায় আসেন জি এম নজরুল ইসলাম। পরে তিনি ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী মরিয়ম বলে পরিচয় দেন। এ ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়। দলটি এ সিদ্ধান্তের কথা সংসদ ও নির্বাচন কমিশনকেও চিঠি দিয়ে জানায়।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে জি এম নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এসএম মাসুম বিল্লাহ।

জাতীয় এর আরও খবর