img

বিকালে শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত :  ০৪:৪০, ০৯ নভেম্বর ২০২৬

বিকালে শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

আজ ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে । সোমবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এ অধিবেশন চলার কথা রয়েছে।

সংবিধান অনুযায়ী, সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে নতুন অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। সেই সাংবিধানিক শর্ত পূরণেই এবারের অধিবেশন আহ্বান করা হয়েছে। গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে। এতে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। জানুয়ারিতে পরবর্তী অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় বর্তমান অধিবেশনের সময় কম রাখা হয়েছে। অধিবেশনে নিয়মিত প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং সাধারণ আলোচনাও অনুষ্ঠিত হবে।

এদিকে, অধিবেশনের কার্যক্রম ও সময়সূচি নির্ধারণে গত রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসবে। আগামী ১৮ নভেম্বর এ অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। সব মিলিয়ে সংসদ সদস্যদের পক্ষ থেকে মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন পাওয়া গেছে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব দেন। উপস্থিত সদস্যরা প্রস্তাবটি স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেন।

জাতীয় এর আরও খবর

img

শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত :  ১৫:১৪, ০৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬:১০, ০৯ নভেম্বর ২০২৬

শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসা দেওয়া হবে।

আজ সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনার কথা জানান। 

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের চিকিৎসাসেবার বিষয়ে সংসদ সদস্য গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উত্থাপন করেছেন। শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুবিধা নিশ্চিত করতে সরকার এরই মধ্যে ছয়টি হাসপাতালে ১০০ শয্যা করে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

জাতীয় এর আরও খবর