img

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্সের প্রতিবেদন

প্রকাশিত :  ০৬:৪৩, ০৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:২১, ০৯ নভেম্বর ২০২৬

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্সের প্রতিবেদন

২০২৪ সালের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দেশে ফেরার প্রস্তুতি হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০২৪ সালের ৫ অগাস্ট দেশ ছেড়ে যাওয়ার পর এই প্রথম তার এ ধরনের আনুষ্ঠানিক কোনো যোগাযোগের খবর জানা গেল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার (৯ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে হাই কমিশনে চিঠি পাঠিয়ে ওই আবেদন করেছেন হাসিনা, যা তারা দেখার সুযোগ পেয়েছে।

আওয়ামী লীগ নেতাদের বরাত দিয়ে রয়টার্স তাদের প্রতিবেদনে জানায়, শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারিত হবে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর।

গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযেগে তাকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে দেওয়া চিঠিতে হাসিনার লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ আমাদের মক্কেলের বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে জানা গেছে। এমতাবস্থায়, তার জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি।’

এদিকে এ বিষয়ে মন্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল তারা। তবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব মেলেনি বলে জানিয়েছে রয়টার্স।

ক্ষমতাচ্যুত হওয়ার আগে আওয়ামী লীগ ছিল বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। শেখ হাসিনার পতনের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। তার দলের অনেক নেতা–কর্মী কারাগারে রয়েছেন। অনেকে ভারতে বা অন্য দেশে স্বেচ্ছানির্বাসনে আছেন বলে জানানো হয় এই প্রতিবেদনে।

প্রতিবেদনে আরও বলা হয়, দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে বর্তমান সরকার। এমন পরিস্থিতিতে হাসিনার প্রত্যাবর্তন নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে।

জাতীয় এর আরও খবর

img

শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত :  ১৫:১৪, ০৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬:১০, ০৯ নভেম্বর ২০২৬

শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসা দেওয়া হবে।

আজ সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ পরিকল্পনার কথা জানান। 

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের চিকিৎসাসেবার বিষয়ে সংসদ সদস্য গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উত্থাপন করেছেন। শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুবিধা নিশ্চিত করতে সরকার এরই মধ্যে ছয়টি হাসপাতালে ১০০ শয্যা করে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।

জাতীয় এর আরও খবর