img

শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে অগ্নিসংযোগ, ঘটনাস্থলে পেট্রোলের বোতল ও পরিত্যক্ত টায়ার

প্রকাশিত :  ১৯:০৩, ১৯ নভেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে অগ্নিসংযোগ, ঘটনাস্থলে পেট্রোলের বোতল ও পরিত্যক্ত টায়ার
সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি আঞ্চলিক কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে দুর্বৃত্তরা কার্যালয়টির সামনে আগুন ধরিয়ে দেয়। তবে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
 
ঘটনাস্থলে পরিত্যক্ত গাড়ির কয়েকটি টায়ার ও এক বোতল পেট্রোল পাওয়া গেছে বলে জানিয়েছেন ব্যাংকটির আঞ্চলিক শাখা ব্যবস্থাপক অজিত চক্রবর্তী।
 
সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াসিন আরাফাত রবিন জানান, বুধবার রাতে ব্যাংকের ব্যবস্থাপক তাঁকে ফোন করে অগ্নিসংযোগের বিষয়টি জানান। খবর পেয়ে তিনি বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেন। ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায় বলে তিনি জানান।
 
ব্যাংকের আঞ্চলিক শাখা ব্যবস্থাপক অজিত চক্রবর্তী বলেন, ‘রাতে আমি ব্যাংকের পাশের আবাসিক ভবনে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ রাত দুইটার দিকে ব্যাংকের পিয়ন এসে আমাকে ডেকে বলেন, স্যার, ব্যাংকের সামনে আগুন লেগেছে। পরে অন্য কর্মীদের নিয়ে আমরা নিজেরাই বালতিতে পানি দিয়ে আগুন নেভাই।’
 
তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে পরিত্যক্ত গাড়ির কিছু টায়ার ও এক বোতল পেট্রোল পাওয়া যায়। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও শ্রীমঙ্গল থানা-পুলিশকে জানানো হয়েছে। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে গেছে।
 
এদিকে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন।
 
তিনি জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। তদন্তের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

সিলেটের খবর এর আরও খবর

img

সিলেটে ভোররাতে দাঁড়িয়ে থাকা চার বাসে আগুন দিল দুর্বৃত্তরা

প্রকাশিত :  ০৮:০৯, ১৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:১৯, ১৯ নভেম্বর ২০২৬

ভোররাতে সিলেট মহানগরের চালিবন্দর এলাকায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস চারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে সিলেট সরকারী আইন মহাবিদ্যালয়ের (ল’ কলেজ) দাঁড়িয়ে থাকা বাসগুলোতে আগুন দেওয়া হয়। পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করতো বলে জানা গেছে।

স্থানীয়রা আগুন দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন দেওয়ার তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন বলেন, কারা বা কী কারণে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ।

তিনি বলেন, এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সিলেটের খবর এর আরও খবর