img

এইচএসসি পুনর্নিরীক্ষার ফল প্রকাশের সময় পরিবর্তন, জানুন ফলাফল দেখার নিয়ম

প্রকাশিত :  ১১:০৬, ২২ নভেম্বর ২০২৬

এইচএসসি পুনর্নিরীক্ষার ফল প্রকাশের সময় পরিবর্তন, জানুন ফলাফল দেখার নিয়ম

এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশের সময় আবারও পরিবর্তন করা হয়েছে। আগে সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় ফল প্রকাশের কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একই দিন বিকেল ৩টায় প্রকাশ করা হবে ফল।

সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে। এ ছাড়া আবেদনকারীরা তাদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন।

রোববার (২২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সই করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এবং পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনর্নিরীক্ষার ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট https://eduboardresults.gov.bd/ থেকে সংগ্রহ করা যাবে। পাশাপাশি আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।

উল্লেখ্য, ফল প্রকাশের পর শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অথবা কেন্দ্রীয় ওয়েবসাইট থেকে ফল সংগ্রহের অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। 

শিক্ষা এর আরও খবর

img

ঢাবি, বুয়েট, জাবি ও রাবির ভর্তি পরীক্ষা নিয়ে আদালতের আদেশ

প্রকাশিত :  ০৮:০৫, ১৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:২৪, ১৮ নভেম্বর ২০২৬

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজন স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারবে না।

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নির্দেশের আওতায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো।

বুধবার (১৮ নভেম্বর) এ-সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে রুল জারি করেছেন আদালত।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য বিপুলসংখ্যক আবেদন জমা পড়ে। সাত দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি বিষয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করেন। আবেদনকারীদের অনেকের ফল পরিবর্তনের প্রত্যাশা থাকায় ভর্তি পরীক্ষার আগে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

শিক্ষা বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের কথা রয়েছে। এ লক্ষ্যে ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত পরীক্ষকদের মাধ্যমে উত্তরপত্র পুনর্মূল্যায়নের কাজ চলার কথা। এরপর ২০ নভেম্বরের মধ্যে পরীক্ষকদের তথ্য পাঠানোর পরিকল্পনা রয়েছে। ২১ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত নম্বর পরিবর্তন হওয়া উত্তরপত্র যাচাই করে চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হবে।

এদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি আগেই ঘোষণা করা হয়েছিল। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর শুরু হয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল।

এ ছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ১৬ জানুয়ারি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১০ থেকে ২১ জানুয়ারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৮, ৯ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বাংলাদেশ বন্ড

হাইকোর্টের নির্দেশের ফলে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে এসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজন করা যাবে না। ফলে বিশ্ববিদ্যালয়গুলোর পূর্বঘোষিত ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।

শিক্ষা এর আরও খবর