img

মৃত্যুর দুই ঘণ্টা আগেও স্বামীর সঙ্গে কথা হয়েছিল স্ত্রীর, বলেছিলেন বাজার করে আনতে

প্রকাশিত :  ১৮:১৭, ২৪ নভেম্বর ২০২৬

মৃত্যুর দুই ঘণ্টা আগেও স্বামীর সঙ্গে কথা হয়েছিল স্ত্রীর, বলেছিলেন বাজার করে আনতে

অফিস থেকে ফেরার পথে সন্ধ্যা ছয়টার দিকে মলয় কান্তি শর্মাকে বাসার জন্য বাজার করে আনতে বলেন তাঁর স্ত্রী ছন্দা শর্মা কান্তা। বাজার শেষে রাত আটটার দিকে বাসায় ফিরে দরজায় দাঁড়িয়ে ডাকাডাকি করেও স্ত্রীর সাড়া পাননি মলয়। পরে ভবনের ব্যবস্থাপক ও এক মিস্ত্রির সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।

গতকাল সোমবার রাতে চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশীর জাকির হোসেন বাই লেনের চৌধুরী ভিলায় এ ঘটনা ঘটে। ছন্দা শর্মা কান্তা (৩৭) চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি ৩৫তম বিসিএসের শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।

এ ঘটনায় আজ মঙ্গলবার বেলা তিনটায় খুলশী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ছন্দার বড় ভাই মনোজ শর্মা থানায় মামলা করেছেন। তাঁর লিখিত বক্তব্য থেকে ঘটনার এসব তথ্য জানা গেছে।

মামলার নথিতে উল্লেখ করা হয়, ১৩ বছর আগে মলয় কান্তি শর্মার সঙ্গে ছন্দা শর্মার বিয়ে হয়। মলয় বেসরকারি ব্যাংকের নির্বাহী কর্মকর্তা। স্বামী-স্ত্রী দক্ষিণ খুলশীর একটি ফ্ল্যাটে বসবাস করতেন।

মনোজ শর্মা লিখিত বক্তব্যে জানিয়েছেন, গতকাল রাত সাড়ে আটটার দিকে এক স্বজনের মাধ্যমে তিনি বোনের খবর পান। এরপর ছোট ভাই রাজেশ শর্মাকে নিয়ে দ্রুত বোনের বাসায় যান। স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করে ঘটনাটি জানান। পরে খুলশী থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশ আশপাশের লোকজনের সহায়তায় ছন্দাকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর দিবাগত রাত ১টা ৫২ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ছন্দার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্য কাঞ্চনার শর্মাপাড়ায়। তাঁর মৃত্যুর ঘটনায় কারও প্রতি পরিবারের সদস্যদের কোনো অভিযোগ বা সন্দেহ নেই বলে লিখিত বক্তব্যে জানিয়েছেন মনোজ শর্মা।

ছন্দার স্বামী মলয় শর্মা বলেন, গতকাল রাতে বাসায় ফেরার পর তিনি তাঁর স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়। ২০১৩ সালে তাঁদের বিয়ে হয়েছিল। তাঁদের কোনো সন্তান নেই।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম  জানান, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছন্দা শর্মার মরদেহ পাওয়া যায়। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

img

হাসিনা ফিরলে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে: হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত :  ১৩:০০, ২৪ নভেম্বর ২০২৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে ডিসেম্বরকেন্দ্রিক বা ঋতুভিত্তিক ঐক্য টেকসই নয় উল্লেখ করে দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় দীর্ঘমেয়াদি ঐক্যের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘হাসিনার রাষ্ট্রের কাছে বিমান চেয়েছে এবং একই দিনে থার্ড টার্মিনাল উদ্বোধন, ডিসেম্বর, আবার বিজয় দিবস—সবকিছু মিলে যাচ্ছে। কী বলবেন, উনি মেহমান নাকি? উনি সারা জীবন বলতেন, ‘আমরা পালিয়ে যাব না’। উনি আসি আসি বললেও আসবেন না। আসতে বলেন তাকে—আমরা তো চাই উনি ফেরত আসুক। ফেরত আসলে উনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। এখন এগুলো যা হচ্ছে, সব নাটক।’

তিনি আরও বলেন, ‘এখানে তার কিছু আওয়ামী ধর্মে দীক্ষিত কিছু লোক আছে, উনাদেরকে উজ্জীবিত করার জন্য এসব নাটক করে। উনার জন্য একবার বিমান পাঠাও, একবার গাড়ি পাঠাও, একবার বর্ডার চেক করো— সব নাটক। যদি আসতেই হয়, বর্ডার চেক করতে হয়, বর্ডারের ফাঁকফোকর চেক করতে হয়। এগুলা হলো মাদকের ডিলারদের মতো কাজ, মাদকের ডিলাররা বর্ডারের ফাঁক দিয়ে কীভাবে আসা যায়, এগুলা চেক করেন। এগুলা স্ট্যান্ডবাজি এবং মিডিয়া স্ট্যান্ডবাজি। দিনশেষে এক বিষয় হচ্ছে, সে আসবে না। আর আসলেও তো আমরা ওয়েলকাম করি। আমরা ফুল নিয়ে যাব তার জন্য। সে আসুক এবং ওখান থেকে বাংলাদেশের সব মানুষ গিয়ে তাকে ফাঁসির মঞ্চে আগায় দেবে।’

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘গতকাল আমাদের আহ্বায়ক বলেছিলেন, আওয়ামী লীগের পরাজয় ৫ আগস্ট হয়েছে। আওয়ামী লীগের বিষয়ে যে ঐক্য, আওয়ামী লীগের এই ফ্যাসিবাদের বিষয়ে যে ঐক্য, সেটা ৫ আগস্টে চূড়ান্ত হয়েছে। এখন তারা যে কার্যক্রমগুলো করছে, এর মধ্য দিয়ে আওয়ামী লীগের বাংলাদেশে পুনর্বাসন তো দূরের কথা, তারা যে ফ্যাসিবাদী ও গণবিমুখ একটি শক্তি, সেটাই বারবার প্রমাণ হচ্ছে।’

বাংলাদেশ এর আরও খবর