৩০তম স্রেব্রেনিৎসা গণহত্যা দিবস উপলক্ষে ইস্ট লন্ডন মসজিদের স্মরণসভা : "ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে"
লন্ডন, ৯ জুলাই ২০২৫: বসনিয়ার স্রেব্রেনিৎসা গণহত্যার ৩০তম বর্ষপূর্তি উপলক্ষে ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে এক হৃদয়স্পর্শী স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে । মানবাধিকারকর্মী, গবেষক, ধর্মীয় নেতা, সাংবাদিক ও কমিউনিটির বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় ইউরোপীয় ইতিহাসের এই অন্ধকার অধ্যায়টি নিয়ে আলোচনা করেন বক্তারা । তাঁরা বলেন, আমাদের কাছে কোনো গ্যারান্টি নেই যে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না। তাই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে।
বার্মিংহামে বসনিয়ান কমিউনিটির প্রাক্তণ ইমাম মেরসাদ ক্র্নিজ বলেন, আমাকে একজন জিজ্ঞাসা করলেন, আমরা কি ক্ষমা করে দিতে প্রস্তুত? কিন্তু সমস্যা হচ্ছে, কেউতো ক্ষমা করে দেওয়ার জন্য বলছে না। কেউ যদি ক্ষমা পেতে চায়, তাহলে তাকে তো ক্ষমা চাইতে হবে এবং ভুল স্বীকার করতে হবে । বরং বসনিয়ায় এখনও যুদ্ধ অপরাধীরা মানুষের বাহবা পাচ্ছে, তারা হিরো হিসেবে স্বীকৃতি পাচ্ছে । যদিও বসনিয়া এখন ভ্রমণকারিদের জন্য নিরাপদ দেশ। কিন্ত রাজনৈতিক অবস্থা এখনও অনেক জটিল । দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের কোনো গ্যারান্টি নেই যে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে- এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা কখনোনা ভাবিনা, এমন ঘটনা আবারও ঘটুক । আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমরা জানি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে।
এমসিবি\'র সেক্রেটারি জেনারেল ড. মোহাম্মদ ওয়াজিদ আখতার বলেন, গণহত্যা এখনও শেষ হয়নি। তা শেষ হয়নি, সেই মায়েদের জন্য যারা এখনও তাদের সন্তানদের খুঁজছেন, সেই ধর্ষণের সন্তানের জন্য, সেই বিধবাদের জন্য। আমি যখন বড় হচ্ছিলাম, তখন স্রেব্রেনিৎসা দেখেছি- আজ আমার সন্তানরা গাজায় গণহত্যা দেখছে।
রানিমিড ট্রাস্টের সিইও শাবনা বেগম বলেন, “বসনিয়ায় যে ঘৃণা তৈরি করে মানুষকে হত্যার দিকে নিয়ে যাওয়া হয়েছিল, তা দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছিল — যেমনটা এখন গাজায় মুসলমানদের অমানবিক করার মাধ্যমে হচ্ছে। তিনি যুক্তরাজ্যে ইসলামোফোবিয়ার সাথে গাজার নির্যাতনের স্পষ্ট যোগসূত্র স্থাপন করেন
যুক্তরাজ্যে নিযুক্ত বসনিয়ান রাষ্ট্রদূত উসমান টপচাগিচ এ ধরনের স্মৃতিচারণ সভা আয়োজনের গুরুত্ব তুলে ধরে বলেন এটা মানুষকে আরোগ্য লাভে সহায়তা করে থাকে।
বসনিয়া-হার্জেগোভিনার গ্র্যান্ড মুফতি শায়খ হুসেইন কভাজোভি যুক্তরাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাতিসংঘে স্রেব্রেনিৎসা গণহত্যা স্বীকৃতি দেওয়ার পক্ষে সমর্থন দেওয়ার জন্য।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ১১ জুলাই বসনিয়ার স্রেব্রেনিৎসায় সার্ব সেনাবাহিনী ৮ হাজারের বেশি পুরুষ ও শিশুকে নির্মমভাবে হত্যা করে । গত বছরের শুরুতে জাতিসংঘ এই হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে । এই গণহত্যা দিবসকে ইস্ট লন্ডন মস্ক দীর্ঘদিন যাবত স্মরণ করে আসছে। গণহত্যা সংঘটিত হওয়ার পর থেকে প্রতিবছর গণকবর দেওয়া মানুষের কংকাল সংগ্রহ করে তা শনাক্ত করে জানাজা দাফন করার কার্যক্রম চলে আসছে । সংবাদ বিজ্ঞপ্তি



















