img

বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া

প্রকাশিত :  ১৮:১৭, ১৫ জুলাই ২০২৫

বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়ান সরকার। মঙ্গলবার (১৫ জুলাই) আসিফ নজরুল তার ফেসবুকে এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

আসিফ নজরুল ভিডিও বার্তার কিছুক্ষণ পর আরেকটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন—মালয়েশিয়া ১৫টি দেশ থেকে কর্মী নিয়ে থাকে।

এরমধ্যে শুধুমাত্র বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছিল। এটি নিয়ে প্রবাসীদের অনেক ভোগান্তি হতো। 

গত মাসে আমি, লুৎফে সিদ্দিকী ভাই একটি প্রতিনিধিদলসহ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করি। উনাকে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরার পর তিনি দ্রুত এ সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এরপর থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও মালয়েশিয়ায় বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিলেন। অবশেষে এ বিষয়ে সুসংবাদটি নিশ্চিত করা হলো অফিশিয়াল সোর্স থেকে। 

১. ১০ জুলাই ২০২৫ তারিখ মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালকের পক্ষে একটি পত্রে স্বাক্ষরে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের বিদ্যমান সিঙ্গেল এন্ট্রি ভিসাকে (এসইভি) বর্ধিত করে মাল্টি এন্ট্রি ভিসা সুবিধায় উন্নীত করে পত্র জারি করেছে। 

২. যেসব বাংলাদেশি কর্মীর এটি জারির আগে সিঙ্গেল এন্ট্রি ভিসা এবং টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস (পিএলকেএস) ইস্যু করা হয়েছে, তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) আবেদন করতে হবে না।

 পিএলকেএস নবায়নের সময় এমইভি নিজে থেকেই ইস্যু করা হবে বলে জানিয়েছে। 

৩. মালয়েশিয়ার সব আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে এই পত্রের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে যে, যেসব বাংলাদেশি কর্মীর (এসইভি) ছিল এবং PLKS বৈধ আছে, তারা নতুন এমইভি ছাড়াই মালয়েশিয়া আসা-যাওয়া করতে পারবেন।

এর আগে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে জানানো হয়, বাংলাদেশ সরকারের ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলে মালয়েশিয়ার সরকার বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরসমূহে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে।

জাতীয় এর আরও খবর

২০১৮ সালের নির্বাচন

img

বাধ্যতামূলক অবসরে সাবেক ৩২ ডিসি

প্রকাশিত :  ১৬:৪০, ২৭ জুলাই ২০২৬

আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ সোমবার (২৭ জুলাই) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অবসরে পাঠানো এসব কর্মকর্তা বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত ছিলেন। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই ৩২ কর্মকর্তার সরকারি চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। তাই জনস্বার্থ বিবেচনায় ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে তাঁদের চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

সরকারি চাকরি আইনের ৪৫ ধারায় উল্লেখ রয়েছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার চাইলে কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। তবে মন্ত্রণালয় জানিয়েছে, বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও বিধি মোতাবেক এসব কর্মকর্তা তাঁদের প্রাপ্য সব ধরনের অবসরজনিত আর্থিক সুবিধা পাবেন।

উল্লেখ্য, ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনটি বিভিন্ন মহলে বিতর্কিত হিসেবে পরিচিত। ওই নির্বাচনের সময় এই ৩২ জন কর্মকর্তা মাঠ প্রশাসনে জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন এবং পদাধিকার বলে তাঁরাই নিজ নিজ জেলায় রিটার্নিং কর্মকর্তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।