img

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের দোয়া মাহফিলে বক্তাগণ: ব্যবসায়ী সোহাগের নৃশংস হত্যাকাণ্ডে গোটা দেশের মানুষ স্তম্ভিত

প্রকাশিত :  ১৭:২২, ১৭ জুলাই ২০২৫

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের দোয়া মাহফিলে বক্তাগণ: ব্যবসায়ী সোহাগের নৃশংস হত্যাকাণ্ডে গোটা দেশের মানুষ স্তম্ভিত

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখা আয়োজিত দোয়া মাহফিলে বক্তাগণ বলেন, রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পাথর নিক্ষেপ করে নির্মমভাবে হত্যার ঘটনায় গোটা জাতি আজ শোকাহত, ক্ষুব্ধ ও বাকরুদ্ধ। তারা বলেন, এ বর্বর ও পৈশাচিক হত্যাকাণ্ডের নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এমন জঘন্য অপরাধের দৃশ্য দেখে দেশবাসী স্তম্ভিত।

বক্তাগণ বলেন, শত শত মানুষের সামনে প্রকাশ্যে মাথায় পাথর মেরে একজন মানুষকে হত্যা করার এমন বিভৎসতা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। এই নিষ্ঠুরতা যেন হুবহু সেই অন্ধকার জাহেলি যুগের নির্মমতা ও বর্বরতার চিত্র ফুটিয়ে তোলে। বক্তারা অবিলম্বে এই পাশবিক হত্যাকাণ্ডে জড়িত যুবদল সংশ্লিষ্ট সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

১১ জুলাই ২০২৫ পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদে বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত দেশব্যাপী দোয়া দিবসের কর্মসূচির অংশ হিসেবে যুক্তরাজ্য শাখার উদ্যোগে ‘জুলাই-আগস্ট বিপ্লবের এক বছর পূর্তি’ উপলক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আলহাজ মাওলানা আতাউর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন: মাওলানা নাজিম উদ্দিন – সহ-সভাপতি, যুক্তরাজ্য শাখা,হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন – প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা আজিজুর রহমান – সমাজকল্যাণ সম্পাদক, হাফিজ মাওলানা নোমান হামিদী – নির্বাহী সদস্য, মাওলানা মুহিউদ্দীন খান লন্ডন মহানগর সহ সভাপতি, হাফিজ শরিফ উদ্দিন বায়তুলমাল সম্পাদক, লন্ডন মহানগর শাখা, আলহাজ আহমদ আলী – নির্বাহী সদস্য।

দোয়া মাহফিলে সোহাগ হত্যার বিচারসহ চলমান ন্যায়ভিত্তিক ইসলামী আন্দোলনের সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটসে তিন অসাধু বাড়িওয়ালা নিষিদ্ধ

প্রকাশিত :  ১৭:২২, ১২ জুন ২০২৬

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সফল আইনি পদক্ষেপের ফলে তিনজন অসাধু বাড়িওয়ালাকে প্রাইভেট রেন্টিং সেক্টর থেকে নিষিদ্ধ করা হয়েছে। প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানী আর এন্ড জি লিমেটেড এবং প্রতিষ্ঠানটির পরিচালক রাফায়েল মেন্ডেস টরেস ও এভান্দ্রো দোস সান্তোস গোমেসের বিরুদ্ধে তিন বছরের নিষেধাজ্ঞা জারি করেছে ফার্স্ট-টিয়ার ট্রাইব্যুনাল। পপলার এলাকায় একটি লাইসেন্সবিহীন ও খারাপভাবে পরিচালিত প্রপার্টির সঙ্গে জড়িত গুরুতর আইন লঙ্ঘনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মামলাটি ই-ফোরটিন এলাকার কেম্পস ড্রাইভের একটি ফ্ল্যাটকে ঘিরে, যা জানুয়ারি ২০২২ থেকে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ‘হাউস অব মাল্টিপল অকুপেশন’  বা (এইচএমও) হিসেবে পরিচালিত হচ্ছিল। তদন্তে উঠে আসে, দুই বেডরুমের ফ্ল্যাটটিকে পরিবর্তন করে পাঁচটি কক্ষে রূপান্তর করা হয়, যার ফলে ওভারক্রাউডিং ও অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। ফ্ল্যাটটিতে একসঙ্গে সর্বোচ্চ ছয়জন ভাড়াটিয়া বসবাস করছিলেন।

তদন্তে উঠে এসেছে ফ্ল্যাটটিতে ইঁদুর, তেলাপোকা ও বেডবাগের উপস্থিতি, ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ ও অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ, ফায়ার ডোর ও অগ্নিনির্বাপক যন্ত্রের অভাব, ভাড়াটিয়াদের ডিপোজিট সুরক্ষিত না রাখা এবং কোনো লিখিত চুক্তি ছিলোনা। একজন ভাড়াটিয়া জানান, সমস্যা সমাধানের পরিবর্তে বাড়িওয়ালারা ভাড়া বাড়িয়ে দেন।

এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আগেও একই ধরনের অপরাধে দণ্ড দেওয়া হয়েছিল। ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়, বাড়িওয়ালারা তাদের আইনি দায়িত্ব সম্পর্কে “বিপজ্জনক অজ্ঞতা” প্রদর্শন করেছেন এবং পরিস্থিতির উন্নতিতে কার্যকর পদক্ষেপ নেননি। একই সঙ্গে  ভাড়াটিয়া ও কাউন্সিলকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করা হয়।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “এই রায় একটি স্পষ্ট বার্তা দেয় যে, ভাড়াটিয়াদের ঝুঁকিতে ফেলে দেয় এমন অসাধু বাড়িওয়ালাদের আমরা সহ্য করব না। নিরাপদ ও সঠিকভাবে পরিচালিত ঘরবাড়ির অধিকার রয়েছে বারার প্রত্যেক বাসিন্দার।”

এই নিষেধাজ্ঞার ফলে অভিযুক্তরা তিন বছর ধরে ইংল্যান্ডে কোনো বাসা ভাড়া দেওয়া, রেন্টাল প্রপার্টি পরিচালনা বা লেটিং এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন না। এটি কার্যকর হবে আগামী ২১ আগস্ট ২০২৬ থেকে। এ ধরনের নিষেধাজ্ঞা স্থানীয় কর্তৃপক্ষের অন্যতম কঠোর ব্যবস্থা হিসেবে বিবেচিত হয় এবং এটি লঙ্ঘন করলে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।

ঘরবাড়ির পরিবেশ বা বাড়িওয়ালাকে নিয়ে কোনো অভিযোগ থাকলে [email protected]এ যোগাযোগ করতে বলেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। 

কমিউনিটি এর আরও খবর