img

ট্রাইব্যুনালে নেওয়া হলো রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে

প্রকাশিত :  ০৫:০৪, ১৭ নভেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৭:৩৪, ১৭ নভেম্বর ২০২৫

ট্রাইব্যুনালে নেওয়া হলো রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের জন্য সাবেক আইজিপি চৌধুরী মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে তাকে হাজির করা হয়। 

এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করবেন বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এই মামলার প্রধান আসামি হলেন— ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক এই মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তাদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক এবং তারা বর্তমানে ভারতে অবস্থান করছেন।

গত ২৩ অক্টোবর প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনি যুক্তিতর্ক শেষ হলে ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা অপেক্ষমাণ রাখেন।

সেদিন ট্রাইব্যুনাল বলেছিলেন, ‘১৩ নভেম্বর রায় ঘোষণার তারিখ ঘোষণা করা হবে। তবে সেটা (রায় ঘোষণা) হবে খুব তাড়াতাড়ি।’ সেই ধারাবাহিকতায় গত ১৩ নভেম্বর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আজ ১৭ নভেম্বর (সোমবার) রায়ের দিন ধার্য করেন।

রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়ার পাশাপাশি ট্রাইব্যুনালের কাছে তাদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ চাওয়া হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে।

অন্যদিকে দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন তাদের বেকসুর খালাস চেয়েছেন। 

এদিকে, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় বাড়ানো হয়েছে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা। পুলিশ-র‌্যাব, এপিবিএন-বিজিবির পাশাপাশি নিয়োজিত রয়েছে সেনাবাহিনী। তৎপর গোয়েন্দা সংস্থার সদস্যরাও। নিরাপত্তার স্বার্থে রোববার সন্ধ্যার পর থেকেই দোয়েল চত্বর হয়ে শিক্ষাভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সীমিত করা হয়েছে জনসাধারণের চলাচলও।


জাতীয় এর আরও খবর

img

মৌলভীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ

প্রকাশিত :  ০৭:৪৩, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাস্থ ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ার পর চালক নিখোঁজ রয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিখোঁজ চালক প্রিতম এরিক (২৫) কে উদ্ধারে ডুবুরি দল কাজ চালিয়ে যাচ্ছে। প্রিতম উপজেলার দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার টমাস এরিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাত্রী নামিয়ে ফেরার পথে দক্ষিণ কুমড়াকাপন এলাকায় ধলাই নদীর তীরে ব্যাটারি চালিত অটো টমটম ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় অটোরিক্সাটি নদীতে পড়ে গেলে চালকও পানিতে তলিয়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা চালালেও স্রোতের টানে তিনি তলিয়ে যান।

খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে তাঁরা নদী থেকে দুর্ঘটনাকবলিত অটোরিক্সাটি উদ্ধার করেন। তবে নিখোঁজ চালকের সন্ধান না পাওয়ায় সিলেট থেকে একটি বিশেষ ডুবুরি দল এনে তল্লাশি চালানো হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল সাড়ে ৫টায় চালকের সন্ধান পাওয়া যায়নি।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট লিডার ফারুক আহমদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করা হয়। অটোরিক্সাটি উদ্ধার করা সম্ভব হলেও চালককে উদ্ধারে ডুবুরি দলের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। নিখোঁজ ব্যক্তির সন্ধানে ফায়াস সার্ভিসের সঙ্গে সমন্বয় রেখে পুলিশ কাজ করছে।

জাতীয় এর আরও খবর