img

তারেক রহমানের ফেরা নিয়ে সরকার এখনো কিছু জানে না: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত :  ০৯:০৩, ০২ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের ফেরা নিয়ে সরকার এখনো কিছু জানে না: পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এখনো পরিবার বা দলের পক্ষ থেকে সরকারকে কোনো আনুষ্ঠানিক বার্তা দেওয়া হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। এ অবস্থায় তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। সেই পরিপ্রেক্ষিতে সরকারের অবস্থান তুলে ধরলেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি। ‘চাইলেই তা দেওয়া হবে’ উল্লেখ করে তিনি জানান, লন্ডনে থাকা বিএনপি নেতার ঢাকায় আসার বিষয়ে সরকারকে এখনো কিছু জানানো হয়নি।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিবার বা দল সিদ্ধান্ত নিলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এর আগে ৩০ নভেম্বর তৌহিদ হোসেন বলেছিলেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে এক দিনের মধ্যেই তাকে ‘ওয়ান টাইম পাস’ দেওয়া সম্ভব। তার ভাষায়, ‘আজ যদি বলেন আসবেন, আগামীকাল পাস দেওয়া যাবে, পরশুদিনই উনি প্লেনে উঠতে পারবেন।’

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দি ছিলেন তারেক রহমান। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তির পর ওই বছরের ১১ সেপ্টেম্বর পরিবারসহ লন্ডনের উদ্দেশে দেশ ছাড়েন তিনি এবং তখন থেকে সেখানেই অবস্থান করছেন।


img

জার্মানি থেকে খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

প্রকাশিত :  ১৩:০১, ০৫ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে। আজ বিকেল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কাতার সরকার একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে দিচ্ছে, সেটা জার্মানি থেকে ঢাকায় আসবে। আগামীকাল শনিবার বিকেলে এটি শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।’

এর আগে কাতারের আমিরের পক্ষ থেকে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিলো। তবে শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির কারণে তা সম্ভব না হয়নি। তাই কাতার বিকল্প ব্যবস্থা হিসেবে এখন জার্মানভিত্তিক প্রাইভেট ভাড়া করে পাঠাচ্ছে।

এয়ার অ্যাম্বুলেন্সটি খালেদা জিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে বলে জানিয়েছেন ঢাকায় কাতারে দূতাবাসের মিডিয়া কর্মকর্তা।

গত ২৩ নভেম্বর থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তার ফুসফুসে সংক্রমণে অবস্থার অবনতি হলে গত ২৭ নভেম্বর থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎকরা তাকে বিশেষ ব্যবস্থায় নিবিড়ভাবে চিকিৎসা দিচ্ছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন। 

৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।


জাতীয় এর আরও খবর