জকসু ‍নির্বাচন

img

ভিপি পদে নাটকীয় মোড়, রাকিবকে টপকে শীর্ষে রিয়াজুল

প্রকাশিত :  ১২:৪৪, ০৭ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৪৯, ০৭ জানুয়ারী ২০২৬

ভিপি পদে নাটকীয় মোড়, রাকিবকে টপকে শীর্ষে রিয়াজুল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের এখন পর্যন্ত ২৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ফের ভিপি, জিএস ও এজিএস পদে এগিয়ে এসেছে ছাত্রশিবির ‘সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।

এর আগে ২০টি কেন্দ্রের ভোট গণনার ফলাফল পর্যন্ত ছাত্রদলের ভিপি প্রার্থী একেএম রাকিব এগিয়ে ছিলেন। নতুন তিনটি কেন্দ্রের ভোটের ফলাফলে এই নাটকীয় পরিবর্তন এসেছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় সর্বশেষ গণিত, ইসলামিক স্টাডিজ ও আইইআরের (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) ফলাফল ঘোষণা করা হয়।

মোট ২৩ কেন্দ্রে ভিপি পদে ছাত্রশিবিরের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ২৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন ২৬৯১ ভোট। প্রতিদ্বন্দ্বী উভয় প্রার্থীর মধ্যে ১২৮ ভোটের ব্যববধান রয়েছে।

এ ছাড়া জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ মোট ২৯৮২ ভোট ও ছাত্রদল প্যানেল থেকে খাদিজাতুল কুবরা মোট ১২৩৯ ভোট পেয়েছেন। তাছাড়া এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা মোট ২৬৪৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল ২৩২০ ভোট পেয়েছেন।

এদিকে, শীর্ষ তিন পদসহ অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার ও সংস্কৃতি সম্পাদক পদ দুটিতে এখনো ছাত্রদল এগিয়ে আছে। এ ছাড়া নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে আছেন।


শিক্ষা এর আরও খবর

img

ছাত্রীর আত্মহত্যা: ঢাবি শিক্ষক সুদীপকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

প্রকাশিত :  ০৯:৫৯, ২৮ এপ্রিল ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তীকে বিভাগের সব ধরনের একাডেমিক দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিভাগের শিক্ষার্থী মুনিরা মেহজাবিনের আত্মহত্যা এবং এ ঘটনায় ড. সুদীপের গ্রেপ্তারকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল সোমবার (২৭ এপ্রিল) বিভাগটির চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমার সই করা  এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভাগের ২০২৪ সালের এমএ ২য় সেমিস্টারের মেধাবী শিক্ষার্থী মুনিরা মেহজাবিন অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের সবাইকে শোকে স্তব্ধ করে দিয়ে চলে গেছেন। ওই ঘটনার পর বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে। মামলা হওয়ায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে ২৬ এপ্রিল তারিখ বিশেষ একাডেমিক কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় যে, আইন প্রক্রিয়া নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিভাগের সব ধরনের একাডেমিক কার্যক্রম, ক্লাস এবং সব পরীক্ষা কমিটি থেকে ড. সুদীপ চক্রবর্তীকে অব্যাহতি দেওয়া হলো।

এর আগে গত রোববার ভোরে উত্তর বাড্ডার একটি বাসা থেকে ঢাবি ছাত্রী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বাড্ডা থানায় মামলা করেন। মামলার পর ওই দিনই বিকেলে রাজধানীর উদয় ম্যানসন এলাকা থেকে সুদীপ চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ।

মিমোর পরিবার সূত্রে জানা গেছে, মিমো সচরাচর দরজা খোলা রেখে ঘুমাতেন। তবে ঘটনার দিন ফজরের আজানের পর দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ধাক্কাধাক্কি করেন। তবে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত লাশ দেখতে পান। তার সহপাঠীরা জানিয়েছেন, রোববার সকাল ৯টার দিকে তারা খবর পেয়ে বাড্ডা এলাকায় তার বাসভবনে আসেন। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে সুদীপ চক্রবর্তী ও আরেক ছাত্রীর নাম থাকায় তাদের হেফাজতে নেয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে লেখা ছিল— ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে। ... (সহপাঠী) আর সুদীপ স্যার ভালো থাকো, স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেয়া...।’