img

খুলনায় শ্রমিক দল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

প্রকাশিত :  ১৭:৪৬, ০৪ মার্চ ২০২৬

খুলনায় শ্রমিক দল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

খুলনার ডাকবাংলো মোড়ে বাটার দোকানের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে মাসুম বিল্লাহ নামে এক শ্রমিক দল নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে ও নৈহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামালের ছোট ভাই। 

তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক। হত্যাকাণ্ডে জড়িত অশোক ঘোষ নামে এক সন্ত্রাসীকে বিদেশি পিস্তলসহ পুলিশ আটক করেছে। 

হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চত করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত ৯টার দিকে নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ে মাসুম বিল্লাহ অবস্থানকালে ৫-৬ জন দুর্বৃত্ত তার ওপর গুলি চালায়। গলায় গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার ডান পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে স্থানীয় জনতা ও পুলিশ অশোক ঘোষ নামে একজন বিদেশি পিস্তলসহ আটক করতে সক্ষম হয়। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

এদিকে, আশঙ্কাজনক অবস্থায় মাসুম বিল্লাহকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ চেকপোস্ট বসানো হয়েছে।

পুলিশ জানায়, আটক অশোক ঘোষ পুলিশের তালিকাভুক্ত গ্রেনেড বাবু গ্রুপের সদস্য। কি কারণে মাসুম বিল্লাহকে হত্যা করা হয়েছে তা উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

উল্লেখ্য, নিহত মাসুম বিল্লাহর বড়ভাই রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শীর্ষ সন্ত্রাসী মোস্তফা কামাল ওরফে মিনা কামাল ২০২০ সালের ৩০ জুলাই র‍‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন।


 

বাংলাদেশ এর আরও খবর

img

শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের পলাতক ডাটা এন্ট্রি অপারেটরকে আটক করেছে বিজিবি

প্রকাশিত :  ০৭:৫১, ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৩:৫৯, ২১ সেপ্টেম্বর ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের পলাতক ডাটা এন্ট্রি অপারেটর সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪)-কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন গুটিবাড়ী বিওপির একটি টহলদল মোংলামবস্তি চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর নিকট শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুশান্ত চন্দ্র বিশ্বাসকে আটক করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সুশান্ত চন্দ্র বিশ্বাস ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে কর্মরত এবং বর্তমানে জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে জানা যায়, তিনি প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং তার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছিল।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি আরও জানান, গত বৃহস্পতিবার তিনি শ্রীমঙ্গলে এসে একটি হোটেলে অবস্থান করেন। পরবর্তীতে একজন দালালের সহায়তায় সুবিধাজনক সময়ে সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। আটকের সময় তার কাছ থেকে ০২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তার নামে ০২টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ০৬টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল, নগদ ১২,১৮৫ টাকা এবং ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে।
অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে আটক সুশান্ত চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
 -প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ এর আরও খবর