img

৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ০৬:২২, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৩৭, ১৭ এপ্রিল ২০২৬

৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের প্রথম ফ্লাইটটি আজ রাত সাড়ে ১২টার দিকে ৪১৯ যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে।

এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে শেষ প্রস্তুতি চলছে।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক জানিয়েছেন, আজ মোট ১৪টি ফ্লাইট যাবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬টি, তিনটি সাউদিয়া ও তিনটি ফ্লাইনাস এয়ারলাইনস। 

তিনি জানান, ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী এ বছর হজ পালনে যাবেন। তাদের মধ্যে সরকারি মাধ্যমে যাবেন ৪ হাজার ৫৬৫ জন এবং হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন।

জানা যায়, এরই মধ্যে ১৭১ জনের মেডিক্যাল টিম সৌদি আরবে পৌঁছেছে।

এদিকে সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত হজচুক্তি অনুসারে মোট হজযাত্রীর শতকরা ৫০ ভাগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহণ করবে। বাকি ৫০ ভাগের মধ্যে সৌদি আরবের সাউদিয়া শতকরা ৩৫ ভাগ ও ফ্লাইনাস ১৫ ভাগ হজযাত্রী পরিবহণ করবে। 

২১ মে প্রি-হজ ফ্লাইট শেষ হবে। প্রি-হজ ফ্লাইট ২০৭টি যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সাউদিয়ার ৭৫ টি ও ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে। 

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে হতে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং সেটি ১ জুলাই শেষ হবে।


 


img

হজ শেষে দেশে ফিরলেন ৬ হাজারের বেশি হাজি

প্রকাশিত :  ০৭:০১, ৩১ মে ২০২৬

বাংলাদেশি হাজিরা পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইটে দেশে ফিরতে শুরু করেছেন। হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রথম দিনে ১৫টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ জন হাজি।

গতকাল শনিবার (৩০ মে) এসব হাজি দেশে পৌঁছান। হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ছিলেন ৪১৬ জন।

এদিকে, রোববার (৩১ মে) দ্বিতীয় দিনে আরও ১৪টি ফ্লাইটে পাঁচ হাজারের বেশি হাজির দেশে ফেরার কথা রয়েছে।

দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজিরা হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, চলতি বছর হজ পালনের সময় উল্লেখযোগ্য কোনো ভোগান্তির মুখোমুখি হতে হয়নি।

হাজিরা জানান, বাংলাদেশ ও সৌদি আরবে থাকা-খাওয়া, যাতায়াত এবং অন্যান্য সেবাসহ সার্বিক ব্যবস্থাপনা ছিল সুশৃঙ্খল ও সন্তোষজনক।

ধর্ম এর আরও খবর