img

লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

প্রকাশিত :  ০৫:৪৫, ২৩ এপ্রিল ২০২৬

লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

নতুন করে ইসরায়েলি বিমান হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে এক নারী সাংবাদিকসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় দেশটিতে চলমান নাজুক যুদ্ধবিরতি নতুন করে হুমকির মুখে পড়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ।

সংস্থাটি জানায়, বুধবার (২২ এপ্রিল) লেবাননের আত-তিরি গ্রামে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে গাড়িতে থাকা দুই ব্যক্তি নিহত হন। ইসরায়েলের দাবি, ওই গাড়ি হিজবুল্লাহর একটি সামরিক স্থাপনা থেকে বের হয়েছিল।

ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন স্থানীয় সংবাদমাধ্যম আল আখবার-এর দুই সাংবাদিক আমাল খলিল ও জয়নব ফারাজ। ড্রোন হামলার পর একটি ভবনে আশ্রয় নিলেও সেখানে ফের বিমান হামলা চালানো হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর আমাল খলিলের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত জয়নব ফারাজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, সাংবাদিকদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে এবং উদ্ধারকাজ ব্যাহত করতে আশপাশের সড়কেও হামলা চালানো হয়। দেশটির তথ্যমন্ত্রী পল মরকোস এ ঘটনাকে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত বলে মন্তব্য করেছেন। তবে ইসরায়েলি সেনাবাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে।

একই দিনে দক্ষিণ লেবাননের ইয়োহমোর আল-শাকিফ এলাকায় পৃথক আরেক হামলায় আরও দুইজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। পাল্টা প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে। ইসরায়েল দাবি করেছে, তারা একটি শত্রু ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে, সংঘাতের মধ্যে ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের বৈঠকের প্রস্তুতি চলছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন ইউনিফিলের ওপর সাম্প্রতিক হামলায় আহত ফরাসি সেনা করপোরাল আনিসেত গিরার্দিন মারা গেছেন। এ ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ হিজবুল্লাহকে দায়ী করলেও সংগঠনটি অভিযোগটি অস্বীকার করেছে।

সূত্র: আল-জাজিরা


 


আন্তর্জাতিক এর আরও খবর

হামলায় সহায়তা

img

উপসাগরীয় ৫ দেশের বিরুদ্ধে জাতিসংঘে ইরানের প্রতিবাদ

প্রকাশিত :  ১০:৫৬, ২৩ এপ্রিল ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় সহায়তার অভিযোগ এনে উপসাগরীয় পাঁচ দেশের বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ইরান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবাদপত্রে ইরান অভিযোগ করেছে, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব তাদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহার করে ইরানের ওপর মার্কিন হামলা চালাতে সহায়তা করেছে।

ইরানের জাতিসংঘস্থ রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো চিঠিতে এ অভিযোগ তুলে ধরেন। তিনি উপসাগরীয় দেশগুলোকে ‘সুপ্রতিবেশী সম্পর্কের নীতি’ মেনে চলার আহ্বান জানান এবং তাদের ভূখণ্ড বা আকাশসীমা যেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যবহার না হয়, তা নিশ্চিত করার দাবি জানান।

চিঠিতে অভিযোগ করা হামলাগুলোর সময়, ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্যও উল্লেখ করা হয়েছে বলে জানানো হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর সামরিক অভিযান শুরু করে। এতে শতাধিক মানুষ নিহত হয়, যার মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তারাও ছিলেন।

এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা ইরাক, জর্ডানসহ বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্য করে করা হয়।

সূত্র : শাফাক নিউজ


আন্তর্জাতিক এর আরও খবর