img

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফার কাছে ইরানের অভিযোগ

প্রকাশিত :  ১৪:৩৭, ১৯ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফার কাছে ইরানের অভিযোগ

নিজ দেশে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বিশ্বকাপে অংশ নিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত এই আসরে অংশ নিতে গিয়ে নানা ধরনের জটিলতার মুখে পড়েছে দেশটির জাতীয় ফুটবল দল।

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামার আগে নতুন এক সমস্যার সম্মুখীন হয়েছে তারা। যুক্তরাষ্ট্রে প্রবেশ ও অবস্থানসংক্রান্ত বিধিনিষেধকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে যাচ্ছে ইরান ফুটবল ফেডারেশন। ফেডারেশনের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্রীড়া সংবাদমাধ্যম ডেইলি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের দুই দিন আগে আয়োজক দেশে পৌঁছে অনুশীলন ও প্রস্তুতি সম্পন্ন করতে চেয়েছিল ইরান। ম্যাচ শেষে কিছু সময় বিশ্রাম নিয়ে পরে দেশ ছাড়ার পরিকল্পনাও ছিল তাদের।

তবে মার্কিন কর্তৃপক্ষ ইরানের এই আবেদন নাকচ করে দিয়েছে। এর ফলে ম্যাচের মাত্র এক দিন আগে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারবে দলটি এবং খেলা শেষ হওয়ার পরপরই তাদের শহর ত্যাগ করতে হবে।

তেহরানের কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের আরোপ করা এসব শর্ত দলের ওপর বাড়তি চাপ তৈরি করছে এবং বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার নীতির সঙ্গে সাংঘর্ষিক।

তাদের মতে, এই বিধিনিষেধের কারণে দলের কোচিং স্টাফ ও কারিগরি দলের পরিকল্পিত প্রস্তুতি ও কৌশল বাস্তবায়নে গুরুতর বিঘ্ন ঘটছে।

ইরান ফুটবল ফেডারেশন এখন ফিফার প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। দেশটির কর্মকর্তারা আশা করছেন, বিষয়টি পুনর্বিবেচনা করে সিদ্ধান্তে পরিবর্তন আনা হবে।


খেলাধূলা এর আরও খবর

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

বিশ্বকাপে ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

প্রকাশিত :  ০৮:১৩, ১৯ জুন ২০২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুর আগেই আলোচনায় এসেছিল হাঙর রিতিনিয়া। ব্রাজিলের রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামের এই হাঙরটি বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে সেলেসাওদের জয়ের ভবিষ্যদ্বাণী করে ব্যর্থ হয়েছিল।

গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামে বিশেষ এক আয়োজনের মাধ্যমে বিশ্বকাপের ব্রাজিল ও হাইতির মধ্যকার লড়াইয়ের সম্ভাব্য ফলাফল অনুমান করা হয়। এ সময় হাঙর রিতিনিয়ার সামনে দুই দলের প্রতীকসংবলিত বিকল্প রাখা হলে সেটি ব্রাজিলের প্রতীক বেছে নেয়।

বিশ্বকাপে ব্রাজিল তাদের অভিযান শুরু করেছিল মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। এবার তাদের সামনে টুর্নামেন্টের অন্যতম পুঁচকে দল হাইতি, যারা নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ ব্যবধানে হেরেছে।

ফুটবল টুর্নামেন্টে প্রাণীদের মাধ্যমে ভবিষ্যদ্বাণীর বিষয়টি নতুন নয়। ২০১০ বিশ্বকাপে জার্মানির বিখ্যাত অক্টোপাস ‘পল’ একাধিক ম্যাচের সঠিক ফলাফল অনুমান করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিল। সেই স্মৃতি ফিরিয়ে আনতেই এবার রিও অ্যাকুয়ারিয়ামে হাঙর রিতিনিয়াকে নিয়ে এই আয়োজন করা হয়।

তবে রিতিনহার এইবারের ভবিষ্যদ্বাণী শেষ পর্যন্ত কতটা সত্যি হবে, তার উত্তর মিলবে মাঠের লড়াইয়ে।