চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ
চট্টগ্রাম নগরের চকবাজারে একটি ইন্টারনেট সেবাদানকারী (আইএসপি) প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে মুখোশধারী একদল সশস্ত্র ব্যক্তি। প্রতিষ্ঠানটির অভিযোগ, প্রায় দুই কোটি টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আজ সোমবার সকালে চন্দনপুরা এক্সেস রোড এলাকায় অবস্থিত ডিজিটাল ডটনেট-এর কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় ৪০ জন মুখোশধারী (মাস্ক পরিহিত) ব্যক্তি সংঘবদ্ধভাবে প্রতিষ্ঠানটির কার্যালয়ে ঢুকে পড়ে। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা অফিসের বিভিন্ন কক্ষে ভাঙচুর চালিয়ে কম্পিউটার, নেটওয়ার্ক সরঞ্জাম, আসবাবপত্রসহ মূল্যবান যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত করে। এ সময় কর্মীদের ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।
প্রতিষ্ঠানটির দাবি, দীর্ঘদিন ধরে প্রায় দুই কোটি টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। সেই দাবি পূরণ না করায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির দায়িত্বশীল কেউ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি। জানা গেছে, ঘটনার বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খবর পেয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাবিবুর রহমান এবং চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার পর ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, নগরের বাণিজ্যিক এলাকায় এমন প্রকাশ্য হামলার ঘটনায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
ওসি নুর হোসেন মামুন বলেন, ‘হামলার ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।’



















