img

ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

প্রকাশিত :  ০৯:৪৬, ১১ জুলাই ২০২৬

ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের (ঢামেক) ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকালে বেলুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেন তিনি। এ সময় ক্যাম্পাসে দুটি নতুন ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং স্বাস্থ্যখাতের আধুনিকায়ন নিয়ে আয়োজিত বিশেষ আলোচনা সভায়ও অংশ নেন।

আজ শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছালে সেখানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান। উল্লেখ্য, ডা. জুবাইদা রহমান এই চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানেরই সাবেক শিক্ষার্থী। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি প্রধানমন্ত্রীকে সেলফি তুলতেও দেখা যায়।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের \'২০ হোস্টেল প্রকল্প\'-এর অধীনে ঢামেক ক্যাম্পাসে নির্মাণ হতে যাওয়া দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি শহীদ ডা. মিলন অডিটোরিয়াম সংলগ্ন লনে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন ঢাকা মেডিকেল কলেজে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক এক উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এই আলোচনা সভায় অংশ নেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ অনুষ্ঠান থেকে দেশের সামগ্রিক স্বাস্থ্যখাতের উন্নয়ন ও সেবার মান বাড়াতে সরকারপ্রধানের একাধিক নতুন প্রকল্পের ঘোষণা দেওয়ার কথা রয়েছে।


জাতীয় এর আরও খবর

img

শ্রম অসন্তোষ দেখা দিলেই কারখানা অনির্দিষ্টকাল বন্ধ রাখার সিদ্ধান্ত মালিকপক্ষের

প্রকাশিত :  ১৮:৩৭, ১৪ নভেম্বর ২০২৬

শ্রম আইনের ১৩/১ ধারায় কোনও কারখানায় শ্রম অসন্তোষ দেখা দিলেই কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামীকাল রোববার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

শনিবার রাজধানীর উত্তরায় তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন–বিজিএমইএ কার্যালয়ে দুপুরে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অসন্তোষের শিকার আশুলিয়া, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকার মালিকেরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

বৈঠক শেষে তৈরি পোশাকের নিট ক্যাটাগরির পণ্য উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তদের সংগঠন ও বিজিএমইএর যৌথ ব্রিফিংয়ে মালিকদের এ্ই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসানসহ সংগঠন দুটির নেতারা ব্রিফিংয়ে অংশ নেন।

১৩/১ ধারায় কারখানা বন্ধ হওয়ার মানে হচ্ছে, ‘কাজ নেই তো মজুরি নেই’। এই ধারায় যতদিন কারখানা বন্ধ থাকবে ততদিনের মজুরি পাবেন না শ্রমিকরা। আজ শনিবার এই ধারায় মোট ৫৫টি কারখানা বন্ধ আছে। শ্রম অসন্তোষে গতকাল মোট ১৪৭টি কারখানার কাজ বন্ধ রাখতে বাধ্য হন কর্তৃপক্ষ। অর্থাৎ বাকি ৯২টি কারখানায় শ্রমঅসন্তোষের জেরে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এসব কারখানায় ছুটি দেওয়ার ক্ষেত্রে ১৩/১ ধারা উল্লেখ করা হয়নি। অর্থাৎ এসব কারখানার শ্রমিকরা বন্ধের দিনেও মজুরি পাবেন।

ব্রিফিংয়ে বিজিএমইএ সভাপতি বলেন, বিজিএমইএ ও বিকেএমইএ সংগঠন হিসেবে কোনও কারখানা বন্ধ কিংবা খোলা রাখার সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার রাখে না। দুপুরের বৈঠকে মালিকরাই ১৩/১ ধারায় কারখানা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তিনি বলেন, পরিস্থিতি পর্যালোচনয় তারা দেখেছেন, বেশিরভাগ শ্রমিকই কাজে যোগ দিতে চায়। তবে একটি মহল শিল্পে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টায় লিপ্ত। তাদের উসকানিতে কিছু শ্রমিকও কারখানায় বিশৃঙ্খলা করছেন। তিনি আইন শৃঙ্খলাবাহিনী, মালিক ও শ্রমিক– সবপক্ষের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান।

এক প্রশ্নের জবাবে মাহমদু হাসান খান বলেন, একদিকে কারখানায় অসন্তোষ অন্যদিকে মজুরি নির্ধারণে নূন্যতম মজুরি বোর্ডের বৈঠক করা অযৌক্তিক। তবে আগামী সোমবার অনুষ্ঠেয় মজুরি বোর্ডের বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধি মজুরি নূন্যতম মজুরির প্রস্তাব দেবেন। 

গতকাল শুক্রবার শ্রমিক সংগঠনগুলোর এক যৌথ সংবাদ সম্মেলনে আইনের সংশ্লিষ্ট ১৩/১ ধারায় কারখানা বন্ধ রাখতে মালিদের প্রতি অনুরোধ করেছেন শ্রমিক নেতারা। এই ব্যাপারে শ্রমিক, মালিক ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা। রাজনৈতিক ও ব্যবসায়িক উৎকানিতে পা না দিয়ে কাজে ফিরতে শ্রমিকদের পরামর্শ দিয়েছেন তারা।

জাতীয় এর আরও খবর