img

স্টুডেন্ট ভিসা নীতিতে বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র, বিপাকে শিক্ষার্থীরা

প্রকাশিত :  ১০:২৬, ১৭ জুলাই ২০২৬

স্টুডেন্ট ভিসা নীতিতে বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র, বিপাকে শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি শিক্ষার্থী, বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং বিদেশি সাংবাদিকদের ভিসার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে। এর মাধ্যমে কয়েক দশক ধরে চালু থাকা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ পদ্ধতির অবসান ঘটতে যাচ্ছে।

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক বিভাগ (ডিএইচএস) এ-সংক্রান্ত নতুন বিধিমালা জারি করেছে।

নতুন নিয়মে আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সাধারণভাবে সর্বোচ্চ চার বছরের জন্য যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পাবেন। অন্যদিকে, বিদেশি সাংবাদিকদের এক দফায় সর্বোচ্চ ২৪০ দিন অবস্থানের সুযোগ দেওয়া হবে। তবে চীনা সাংবাদিকদের ক্ষেত্রে এই সময়সীমা হবে সর্বোচ্চ ৯০ দিন।

নির্ধারিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে থাকতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে। অন্যথায়, দেশ ছেড়ে গিয়ে নতুন করে ভিসার আবেদন করে পুনরায় প্রবেশ করতে হবে।

ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর নতুন এই বিধিমালা কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে এর আগে কংগ্রেসে পর্যালোচনার প্রক্রিয়া সম্পন্ন হবে।

বিশ্লেষকদের আশঙ্কা, নতুন এই নীতির প্রভাব আগামী আগস্ট ও সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমে পড়তে পারে।

ডিএইচএসের দাবি, গত বছরে রেকর্ডসংখ্যক শিক্ষার্থী স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। বিপুল সংখ্যক বিদেশি শিক্ষার্থীর কারণে তাদের কার্যকরভাবে পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়েছে বলেই এই পরিবর্তন আনা হচ্ছে।

তবে অভিবাসন আইনজীবী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, নতুন নিয়মে যুক্তরাষ্ট্রে পড়াশোনা, গবেষণা ও শিক্ষকতার সুযোগ আরও ব্যয়বহুল এবং জটিল হয়ে উঠতে পারে। এর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রের আকর্ষণও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।


শিক্ষা এর আরও খবর

img

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ক্লাস ২৩ সেপ্টেম্বর

প্রকাশিত :  ০৫:৪৮, ০২ সেপ্টেম্বর ২০২৬

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন শেষে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নীতিমালা অনুযায়ী, কোনো ভর্তি পরীক্ষা ছাড়াই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে সম্পূর্ণ অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তি নেওয়া হবে।

শিক্ষার্থীদের একাদশে ভর্তির নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ করে আবেদন করতে হবে। প্রাথমিক আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

ভর্তি কার্যক্রমের সূচি অনুযায়ী, ২ থেকে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের ফলে ফল পরিবর্তিত শিক্ষার্থীদের জন্য ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদনের সুযোগ থাকবে। একই সময়ে পছন্দক্রম পরিবর্তনও করা যাবে।

প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের জন্য ১৯ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে নতুন শিক্ষাবর্ষের ক্লাস।

এর আগে গত ২৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে। নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির মোট আসনের ৭ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। বাকি ৯৩ শতাংশ আসন সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে।

শিক্ষা এর আরও খবর