সাতক্ষীরায় BLISS হাসপাতালে অগ্নিকাণ্ড: উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণে সহায়তায় বিজিবি
ঢাকা, ০৪ আগস্ট ২০২৬: অদ্য (০৪ আগস্ট) দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা মোড় সংলগ্ন চৌরঙ্গীর মোড়, পলাশপোল এলাকায় অবস্থিত BLISS হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান-এর নেতৃত্বে বিজিবির ০২ প্লাটুন সদস্য প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জামসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে হাসপাতাল ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
এদিকে, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের পর হাসপাতালে অবস্থানরত সকল রোগীকে বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষায় এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে থাকে। ভবিষ্যতেও বিজিবির এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। -প্রেস বিজ্ঞপ্তি



















