img

ওসমানীনগরে দুর্ঘটনা: নিহতদের পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ থেকে ৩ লাখ

প্রকাশিত :  ০৯:৫৩, ০৮ আগষ্ট ২০২৬

 ওসমানীনগরে দুর্ঘটনা: নিহতদের পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ থেকে ৩ লাখ

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা, পঙ্গুত্ব বরণকারীদের ৩ লাখ টাকা এবং চিকিৎসাধীন আহতদের ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।

সরকারের এ উদ্যোগে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা আর্থিক সহায়তা পাবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে হতাহতদের এই আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এই দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীনদের দেখতে শনিবার সকালে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এসময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

হতাহতদের আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা আরিফুল হক চৌধুরী বলেন, বিআরটিএর মাধ্যমে নির্ধারিত একটি ফরম হাসপাতালের পরিচালকের কাছে দেওয়া হয়েছে। ওই ফরম যথাযথভাবে পূরণ করে জমা দেওয়ার পর সংশ্লিষ্টরা সরকারি অনুদানের টাকা পাবেন।

এদিকে ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা কমাতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালানো বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। বিশেষ করে সকালে মহাসড়ক ফাঁকা থাকায় চালকদের বেপরোয়া গতি ও অহেতুক প্রতিযোগিতার বিষয়ে নজরদারি বাড়ানোর কথা জানান তিনি।

শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হন। মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটিঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়, পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। নিহতরা সবাই ছিলেন ইউনিক পরিবহনের যাত্রী। এ ছাড়া দুই বাসের অন্তত ২৪ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে ১৪ জন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সিলেটের খবর এর আরও খবর

img

চুনারুঘাটে জমি নিয়ে বিবাদে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত :  ১০:২৪, ০৮ আগষ্ট ২০২৬

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে জমিজমা নিয়ে বিরোধের জেরে সোহাগ মিয়া (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাঁটিয়াজুড়ি ইউনিয়নের সুন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে সোহাগের পরিবারের সঙ্গে তার চাচা খলিল মিয়ার দীর্ঘদিনের বিরোধ ও মামলা চলছিল। শুক্রবার (৭ আগস্ট) রাতে সুন্দরপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে খলিল মিয়া ও তার সহযোগীরা সোহাগের পথরোধ করেন। এ সময় রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। সোহাগের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় সোহাগকে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর থানা-পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোহাগের শরীরে ও মাথায় অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

সিলেটের খবর এর আরও খবর