img

মানবিকে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী ফেল, বিজ্ঞানে পাস ৮০.৬৪ শতাংশ

প্রকাশিত :  ০৭:০৮, ১০ আগষ্ট ২০২৬

মানবিকে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী ফেল, বিজ্ঞানে পাস ৮০.৬৪ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মানবিক বিভাগের অর্ধেকেরও কম শিক্ষার্থী পাস করেছে। সোমবার প্রকাশিত পরীক্ষার ফল থেকে এ তথ্য জানা গেছে।

ফলাফলে মানবিক বিভাগের শিক্ষার্থীদের পাসের হার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অন্যান্য বিভাগের তুলনায় এ বিভাগে পাসের হার উল্লেখযোগ্যভাবে কম বলে সংশ্লিষ্ট ফলাফলে দেখা গেছে।

ফল বিশ্লেষণে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে ৮০ দশমিক ৬৪ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় ৬৪ দশমিক ২৯ শতাংশ পাসের হারের বিপরীতে মানবিক বিভাগে পাসের হার ৪৮ দশমিক ৭৪ শতাংশ।

মানবিক বিভাগের ৬ লাখ ১৭ হাজার ৮৮৫ পরীক্ষার্থীর মধ্যে ৩ লাখ ১ হাজার ১৭৪ জন পাস করেছে।

বিজ্ঞান বিভাগে ৫ লাখ ৬৬ হাজার ৯৫৮ পরীক্ষার্থীর মধ্যে ৪ লাখ ৫৭ হাজার ১৮৮ জন পাস করেছে। আর ব্যবসায় শিক্ষায় ২ লাখ ১৯ হাজার ৬৯৬ শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ৪১ হাজার ২৪৮ জন পাস করেছে।

নয়টি বোর্ডের মধ্যে মানবিকে সর্বোচ্চ পাসের হার রেকর্ড করেছে ঢাকা বোর্ড (৫৫ দশমিক ৬২ শতাংশ), আর সর্বনিম্ন পাসের হার দিনাজপুরে (৩৮ দশমিক ৭৫ শতাংশ)।

বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ ৮৬ দশমিক ৯০ শতাংশ পাসের হার যশোর বোর্ড। এর পরেই রয়েছে ঢাকা বোর্ড (৮৫.৯০ শতাংশ)।

সামগ্রিকভাবে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৯৯ হাজার ৬১০ জন পাস করেছে।


img

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ কবে থেকে, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত :  ০৮:১৯, ১০ আগষ্ট ২০২৬

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরদিন থেকেই ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। আগামী ১১ আগস্ট থেকে শুরু হয়ে এ আবেদন চলবে ১৭ আগস্ট পর্যন্ত। অনলাইনে নিজ নিজ শিক্ষা বোর্ডের মাধ্যমে শিক্ষার্থীরা ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন।

গত শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

এ জন্য https://rescrutiny.eduboardresults.gov.bd -এ গিয়ে নির্ধারিত স্থানে রোল, রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে। অতঃপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল ফোন নম্বর দিতে হবে।

পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ হলে এ নম্বরে এসএমএস পাঠানো হবে। পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয় ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য বিষয়গুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।

প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের আবেদন করতে হবে। পরবর্তী স্ক্রিনে প্রদেয় ফিয়ের পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ, সোনালী সেবা-এর মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপগুলো ওপরে দেওয়া পোর্টালের ‘হেয়’ বাটনে ক্লিক করে দেখে নেওয়া যাবে। ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। ফি দিয়ে একবার আবেদন জমা দেওয়ার পরে আরো বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে। তবে এ ক্ষেত্রে নতুনভাবে মোবাইল ফোন নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

এ ছাড়া ফি পরিশোধের আগেই যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয়, সে ক্ষেত্রে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো (যেগুলোর জন্য এখনো ফি দেওয়া হয়নি) প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে।

তবে একবার ফি জমা দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না। ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না। 

শিক্ষা এর আরও খবর