img

তথ্য বিক্রির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

প্রকাশিত :  ০৭:২১, ১৩ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:২৪, ১৩ আগষ্ট ২০২৬

তথ্য বিক্রির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ট্রুথ সোশ্যালে পোস্ট প্রকাশের আগেই তা দেখার এবং বিক্রির বিতর্কিত উদ্যোগ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় আগাম পোস্ট দেখার ও তা বিক্রির উদ্যোগকে কেন্দ্র করে আপত্তি জানানো হয়েছে। একই সঙ্গে এ ধরনের কার্যক্রম বন্ধে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নিউ ইয়র্কের ম্যানহাটন ডিস্ট্রিক্ট আদালতে দ্য ইন্টারসেপ্ট মিডিয়া এবং ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন যৌথভাবে এই দেওয়ানি মামলাটি দায়ের করে।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, সরকারি নীতি, সামরিক পদক্ষেপ বা অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ট্রাম্পের সামাজিক মাধ্যমে দেওয়া পোস্ট আর্থিক বাজারে প্রভাব ফেলে। 

মাসে প্রায় ১ লাখ ডলারের বিনিময়ে ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারের অফিশিয়াল তথ্য বিক্রির এই প্রক্রিয়াকে ‘অসাধারণ, দুর্নীতিগ্রস্ত ও অসাংবিধানিক’ হিসেবে উল্লেখ করেছে বাদী পক্ষ। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সুবিধা দেওয়া যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম ও পঞ্চম সংশোধনীর লঙ্ঘন বলেও মামলায় দাবি করা হয়।

ট্রুথ সোশ্যালের মূল প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া গত জুলাইয়ে ‘ট্রুথ এপিআই’ নামের নতুন এই পরিষেবা চালু করে। এই প্ল্যাটফর্মে ট্রাম্প ছাড়াও হোয়াইট হাউস, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল, হোয়াইট হাউস প্রেস সচিব ক্যারোলিন লেভিট, পরিবহন সচিব শন ডাফি এবং স্বাস্থ্য সচিব রবার্ট কেনেডির মতো শীর্ষ ১০টি অ্যাকাউন্টের পোস্ট গ্রাহকরা অন্যদের আগে পাওয়ার সুযোগ পান।

ট্রাম্প মিডিয়ার সিইও কেভিন ম্যাকগার্ন জানান, ট্রুথ এপিআই গ্রাহকদের মিলিসেকেন্ডের ব্যবধানে প্রকাশ্য তথ্য পৌঁছে দেয়। ইতিপূর্বে সংস্থাটি প্রতি মাসে ৬০ হাজার থেকে ১ লাখ ডলার মূল্যের ১০টিরও বেশি চুক্তি সম্পন্ন করেছে। 

ট্রাম্পের পাশাপাশি মামলাটিতে তার নির্বাহী সহকারী ন্যাটালি হার্প, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্ক্যাভিনো, প্রেসিডেন্ট কার্যালয় ও হোয়াইট হাউস অফিসকে আসামি করা হয়েছে।

সূত্র: সিএনবিসি

আন্তর্জাতিক এর আরও খবর

img

গাজায় গণহত্যার মধ্যেও ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্যের পক্ষে রাহুল

প্রকাশিত :  ০৮:২৯, ২১ নভেম্বর ২০২৬

গাজায়  দখলদার ইসরায়েলের যুদ্ধ ও গণহত্যার অভিযোগে বিশ্বজুড়ে নিন্দা-সমালোচনা চললেও দেশটির সঙ্গে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, ইসরায়েলের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক শক্তিশালী রাখা উচিত। ভারতের প্রতিরক্ষা বাহিনীর জন্য প্রয়োজনীয় অস্ত্র কোথা থেকে কেনা হবে, সে সিদ্ধান্তও নয়াদিল্লির নিজস্ব স্বার্থ বিবেচনায় নেওয়া উচিত। খবর মিডল ইস্ট আইয়ের।

যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট পেপের সঙ্গে এক আলোচনায় এসব কথা বলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের অবস্থান নিয়ে আলোচনার সময় তিনি বলেন, ‘ইসরায়েলের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা তাদের কাছ থেকে অস্ত্র কিনি। ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার বিষয়টি আমি পুরোপুরি সমর্থন করি।’

ভারতের সামরিক বাহিনীর জন্য যেসব অস্ত্র সবচেয়ে উপযোগী, সেগুলো কেনার স্বাধীনতা নয়াদিল্লির থাকা উচিত বলে যুক্তি দেন তিনি। অন্য কোনো দেশের অগ্রাধিকার অনুযায়ী ভারতের পররাষ্ট্রনীতি পরিচালিত হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন।

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের সংক্ষিপ্ত সমালোচনা করলেও ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো হামলারও নিন্দা জানান রাহুল। তিনি বলেন, বেসামরিক মানুষ হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রাহুল আরও বলেন, ‘কিন্তু আমরা অনেক বড় একটি দেশ। আমাদের জনসংখ্যা ১৫০ কোটি। আমাদের পররাষ্ট্রনীতি অন্যদের স্বার্থের ভিত্তিতে নয়, বরং আমাদের জন্য যা ভালো, তার ভিত্তিতেই নির্ধারিত হওয়া উচিত।’

তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে থাকা রাহুল পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওই আলোচনার ভিডিও প্রকাশ করেন। সেখানে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

রাহুলের বক্তব্যের দিনই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সঙ্গে ২১ কোটি ১০ লাখ ডলারের একটি চুক্তির কথা জানায়। ভারতীয় নৌবাহিনীর জাহাজে থাকা বারাক আকাশ প্রতিরক্ষাব্যবস্থার উন্নয়নে এ চুক্তি করা হয়েছে।

গত ১৮ নভেম্বর সই হওয়া চুক্তিতে অস্ত্রব্যবস্থার হার্ডওয়্যার ও সফটওয়্যার উন্নয়ন এবং অচল হয়ে পড়া যন্ত্রাংশ ব্যবস্থাপনার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

১৯৯২ সালের জানুয়ারিতে কংগ্রেস নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের সরকারের সময় ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ভারত।

তবে দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছিল এরও আগে। রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৮০-এর দশকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে উন্নয়নের উদ্যোগ নেন।

১৯৮৫ সালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী শিমন পেরেসের সঙ্গে বৈঠক করেন রাজীব গান্ধী। দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠার আগে এটি ছিল শীর্ষ পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ প্রকাশ্য যোগাযোগ।

অন্যদিকে, রাহুলের দাদি ইন্দিরা গান্ধীর শাসনামলে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা ‘র’-এর সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের যোগাযোগ ও সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে।

সূত্র : মিডল ইস্ট আই

আন্তর্জাতিক এর আরও খবর