img

একাদশে ভর্তিতে বড় পরিবর্তন, থাকছে না মাইগ্রেশন

প্রকাশিত :  ০৯:৪২, ১৯ আগষ্ট ২০২৬

একাদশে ভর্তিতে বড় পরিবর্তন, থাকছে না মাইগ্রেশন

চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা বোর্ডগুলো আগের নিয়মেই ভর্তি নীতিমালা তৈরি করে কার্যক্রম শুরুর অনুমোদন চাইলেও তাতে সম্মতি দেয়নি মন্ত্রণালয়। কয়েকটি বিষয়ে পরিবর্তন এনে নতুন করে ভর্তি নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সিদ্ধান্ত অনুযায়ী, এবার তিন ধাপের পরিবর্তে এক ধাপেই আবেদন নেওয়া হবে। থাকবে না মাইগ্রেশন বা কলেজ পরিবর্তনের সুযোগ। পাশাপাশি নভেম্বরে নয়, সেপ্টেম্বরের মধ্যেই ভর্তিপ্রক্রিয়া শেষ করে একই মাসের শেষ সপ্তাহে ক্লাস শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

গত ১৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা কমিটির বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন নিয়মে ভর্তি আবেদন যেভাবে

বিগত বছরগুলোতে এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা তিন ধাপে অনলাইনে একাদশে ভর্তি জন্য আবেদনের সুযোগ পেতো। তবে এ বছর প্রথম পর্যায়ে একবারই সুযোগ পাবে। যেহেতু আবেদনের সুযোগ একবারই, সেহেতু আগের মতো মাইগ্রেশনের সুযোগও আর থাকছে না।

তবে খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আরেকবার সুযোগ পাবে। সেই সঙ্গে কেউ বাদ পড়ে থাকলে বা কোনো কারণে নিশ্চায়ন না করলে বা কলেজ না পেলে সেও আবার আবেদনের সুযোগ পাবে।

ভর্তি শেষ হবে দ্রুত, সেপ্টেম্বরে ক্লাস শুরুর নির্দেশ

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রাথমিক প্রস্তাবে ১৫ সেপ্টেম্বর ভর্তি আবেদন শুরুর কথা ছিল। তাতে ১০ নভেম্বর পর্যন্ত ভর্তি এবং ১২ নভেম্বর ক্লাস শুরুর প্রস্তাব ছিল।

কিন্তু বৈঠকে এ প্রস্তাবে সায় দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। এখন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ, অর্থাৎ শুরুর দিকেই অনলাইন আবেদন শুরু হবে। আর একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। যারা পুনর্নিরীক্ষার পর আবার আবেদন করে কলেজ পরিবর্তন করবে, তাদের ক্লাস আগামী ১ অক্টোবরের মধ্যেই শুরু হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা নিয়ে কাজ চলছে। আশা করছি, আগামী বৃহস্পতিবারের মধ্যে এটি চূড়ান্ত হবে। এরপর তা নীতিমালা আকারে জারি করবে শিক্ষা মন্ত্রণালয়।

নীতিমালায় পরিবর্তনের কথা স্বীকার করে তিনি বলেন, অ্যাকাডেমিক কার্যক্রমে ডিসিপ্লিন ফিরিয়ে আনা খুবই জরুরি। এজন্য ভর্তি কার্যক্রম ও ক্লাস এগিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে। সেগুলো মাথায় রেখে আমরা নীতিমালা করছি। প্রস্তাব আকারে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এসব ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

জানা যায়, অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ভর্তিপ্রক্রিয়া শেষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা ১ জুলাই থেকে। কিন্তু গত কয়েক বছর নানা কারণে তা হয়ে ওঠেনি। গত বছর এসএসসির ফল প্রকাশ হয় ওই বছরের ১০ জুলাই। ভর্তিপ্রক্রিয়া শেষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হয় ১৫ সেপ্টেম্বর। কিন্তু এ বছর এসএসসির ফল প্রকাশ হয়েছে ১০ আগস্ট। এরপরও যে কোনোভাবে গত বছরের কাছাকাছি সময়ে ক্লাস শুরু করতে চায় মন্ত্রণালয়।


শিক্ষা এর আরও খবর

img

ঢাবি, বুয়েট, জাবি ও রাবির ভর্তি পরীক্ষা নিয়ে আদালতের আদেশ

প্রকাশিত :  ০৮:০৫, ১৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:২৪, ১৮ নভেম্বর ২০২৬

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজন স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারবে না।

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নির্দেশের আওতায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো।

বুধবার (১৮ নভেম্বর) এ-সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে রুল জারি করেছেন আদালত।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য বিপুলসংখ্যক আবেদন জমা পড়ে। সাত দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি বিষয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করেন। আবেদনকারীদের অনেকের ফল পরিবর্তনের প্রত্যাশা থাকায় ভর্তি পরীক্ষার আগে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

শিক্ষা বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের কথা রয়েছে। এ লক্ষ্যে ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত পরীক্ষকদের মাধ্যমে উত্তরপত্র পুনর্মূল্যায়নের কাজ চলার কথা। এরপর ২০ নভেম্বরের মধ্যে পরীক্ষকদের তথ্য পাঠানোর পরিকল্পনা রয়েছে। ২১ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত নম্বর পরিবর্তন হওয়া উত্তরপত্র যাচাই করে চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হবে।

এদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি আগেই ঘোষণা করা হয়েছিল। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর শুরু হয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল।

এ ছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ১৬ জানুয়ারি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১০ থেকে ২১ জানুয়ারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৮, ৯ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বাংলাদেশ বন্ড

হাইকোর্টের নির্দেশের ফলে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে এসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজন করা যাবে না। ফলে বিশ্ববিদ্যালয়গুলোর পূর্বঘোষিত ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।

শিক্ষা এর আরও খবর