img

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

প্রকাশিত :  ০৯:২৮, ২২ আগষ্ট ২০২৬

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালি ‘এই মুহূর্তে আমেরিকার ভূখণ্ড’  বলে দাবি করেছেন। ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অবরোধের মধ্যেই শুক্রবার (২১ আগস্ট) দক্ষিণ ক্যারোলাইনায় এক সমাবেশে তিনি এ দাবি করেন। খবর দ্য গার্ডিয়ানের 

ট্রাম্প বলেন, ‘আমরা এমনকি জানিও না আমরা জিতেছি কি না। কারণ এই মুহূর্তে আমি হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড হিসেবেই দেখি।’

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রসঙ্গ টেনে পরে তিনি রসিকতার ছলে আরও বলেন, ‘শুক্রবার রাত। আমাদের হাতে অনেক সময় আছে। আমাকে কি ইরানে আরও একটু বোমা ফেলতে হবে?’

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার পর্যন্ত মার্কিন বাহিনী ৬৮টি বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালির অবরোধ মেনে চলতে বাধ্য করেছে। 

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির আলোচনা এখনো সফল হয়নি। সংঘাত প্রায় ছয় মাসে  গড়ানোর মুখে ওয়াশিংটন ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর চেষ্টা করছে।

এর আগেও ট্রাম্প হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করার হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রণালিটি  নিয়ন্ত্রণ করছে এবং তার ইচ্ছা হলে কোনো জাহাজ সেখানে চলাচল করতে পারে।

সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এই প্রণালিকে একটি ভূখণ্ড ঘোষণা করার ধারণাটি পছন্দ করি।’

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি মানচিত্রও প্রকাশ করেন, যেখানে হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করা হয়।

তবে ইরান ট্রাম্পের এই বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি ট্রাম্পের এ দাবিকে  ‘ভ্রান্ত কল্পনা’ বলে উড়িয়ে দিয়েছেন।

আন্তর্জাতিক এর আরও খবর

img

ভারতের ছয় নাবিককে ধরে নিয়ে গেল সোমালি জলদস্যুরা

প্রকাশিত :  ০৯:৩১, ২২ আগষ্ট ২০২৬

ছয় ভারতীয় নাবিক সোমালিয়ার উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি হয়েছেন। ক্যামেরুনের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ দখল করে জলদস্যুরা উপকূলের দিকে নিয়ে গেছে বলে জানা গেছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে সোমালিয়ার পুন্টল্যান্ডের ইয়েল জেলার মারাইয়া উপকূল থেকে প্রায় সাড়ে ৩ নটিক্যাল মাইল দূরে জাহাজটি ছিনতাই করা হয়।

সোমালিয়ার কর্মকর্তার দাবি, আটজন জলদস্যু জাহাজটি দখল করে পুন্টল্যান্ডের দাঙ্গোরয়ো জেলার গারমালের কাছাকাছি উপকূলের দিকে নিয়ে যায়। নিরাপত্তাজনিত কারণে ওই কর্মকর্তা প্রকাশ্যে নিজের পরিচয় জানাননি।

জানা গেছে, জাহাজটিতে মোগাদিশুর একটি তুর্কি সামরিক প্রশিক্ষণকেন্দ্রের জন্য পাঠানো অস্ত্রের পাশাপাশি বিভিন্ন যোগাযোগ ও স্যাটেলাইট সরঞ্জাম ছিল।

কর্তৃপক্ষের ধারণা, জাহাজটি দখল করা জলদস্যুরা এর আগেও বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকতে পারে। গত ২৬ এপ্রিল সোয়ার্ড নামের আরেকটি বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনাতেও তাদের সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে।

জাহাজটির মালিক একটি শিপিং প্রতিষ্ঠান বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ভারত বা তুরস্কের কোনো সরকারি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।

সূত্র: এনডিটিভি

আন্তর্জাতিক এর আরও খবর