img

প্রথমবার সুপারহিরো হতে চলেছেন আমির খান!

প্রকাশিত :  ১২:৪০, ১৫ সেপ্টেম্বর ২০২৬

প্রথমবার সুপারহিরো হতে চলেছেন আমির খান!

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানকে এবার সুপারহিরো চরিত্রে দেখা যেতে পারে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে। জানা গেছে, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ও পরিচালক আর বাল্কির পরিকল্পিত বড় বাজেটের একটি সুপারহিরো সিনেমায় অভিনয়ের জন্য আমির খানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সিনেমাটির প্রস্তাবে অভিনেতাও আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বর্তমানে এর চিত্রনাট্য তৈরির কাজ চলছে। আমির খানের সহযোগিতাতে নাকি চিত্রনাট্য নিয়ে কাজ করছেন নির্মাতারা।

আনুষ্ঠানিকভাবে চুক্তি না হলেও আগামী কয়েক মাস গল্প, চিত্রনাট্য ও প্রধান চরিত্রগুলো আরও পরিণত করার কাজে ব্যয় করা হবে। বড় পরিসরে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা থাকায় প্রোডাকশন ডিজাইন ও ছবিটির সামগ্রিক রূপ নিয়েও বিস্তারিত পরিকল্পনা করা হচ্ছে।

আমির খান শেষ পর্যন্ত সিনেমাতে অভিনয় করলে এটি হবে সাজিদ নাদিয়াদওয়ালা ও আর বাল্কির সঙ্গে তার প্রথম কাজ। সাজিদের সঙ্গে আমিরের দীর্ঘদিনের বন্ধুত্ব থাকলেও এখনো একসঙ্গে কোনো সিনেমাতে কাজ করেননি তারা।

আর বাল্কি ‘চিনি কম’, ‘পা’, ‘শমিতাভ’, ‘কি অ্যান্ড কা’, ‘প্যাডম্যান’, ‘চুপ’, ‘লাস্ট স্টোরিজ ২’ ও ‘ঘুমর’-এর মতো ছবি পরিচালনা করেছেন। তার পরিচালিত বেশ কয়েকটি সিনেমা অমিতাভ বচ্চন অভিনয় করেছেন। তবে বলিউডের তিন খান—শাহরুখ খান, সালমান খান ও আমির খানের কারও সঙ্গেই এখনো কাজ করা হয়নি তার।

২০১৭ সালের এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছিলেন আর বাল্কি। তখন তিনি বলেছিলেন, খানদের নিয়ে সিনেমা বানাতে গেলে অনেক সময় লেগে যেতে পারে।

তার ভাষ্য, ‘এখন যদি আমি তাদের সঙ্গে একটি চলচ্চিত্র তৈরির কথা ভাবি, তাহলে শুরু করতে করতে আমার বয়স অনেক বেড়ে যাবে... আমি বরং বাস্তববাদী থাকতেই পছন্দ করব।’

এদিকে আমির খানের হাতে রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প। আশুতোষ গোয়ারিকরের ‘লালকার’ সিনেমায় তাকে দেখা যাওয়ার কথা। ১৯৫২ সালের ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে নির্মিত এই পিরিয়ড স্পোর্টস ড্রামায় লালা অমরনাথের চরিত্রে অভিনয় করবেন বলে আশা করা হচ্ছে। ২০২৬ সালের নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এরপর রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলেও কাজ শুরু করতে পারেন আমির। ২০০৯ সালে মুক্তি পাওয়া মূল ছবিটিতে আমিরের সঙ্গে অভিনয় করেছিলেন আর মাধবন, শরমন জোশি, কারিনা কাপুর ও বোমান ইরানি। সূত্র: হিন্দুস্থান টাইমস


img

শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত, বয়সের ব্যবধান ৫০

প্রকাশিত :  ০৬:৩৭, ০৫ নভেম্বর ২০২৬

দক্ষিণ ভারতীয় সুপারস্টার রজনীকান্তের আগামী সিনেমা ‘ধর্মন’ এ থাকছে নতুন চমক। এ সিনেমায় রজনীকান্তের সঙ্গে জুটি বাঁধবেন অভিনেত্রী শ্রীলীলা। প্রায় ৫০ বছর বয়সের ব্যবধানের এ জুটি নিয়ে দর্শকের কৌতূহল তৈরি হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণী সিনেমা ‘ধর্মন’ পরিচালনা করছেন অশ্বথ মারিমুথু। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন রজনীকান্ত ও পরিচালক। 

একইভাবে রজনীকান্তের সঙ্গেও পর্দা ভাগাভাগি করার সুযোগ পাচ্ছেন শ্রীলীলা। অভিনেত্রীকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। সেখানে সিনেমাটিতে তার উপস্থিতির আভাস দেওয়া হয়েছে।

রজনীকান্ত ও শ্রীলীলা ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সিমরন, নয়নতারা, যোগী বাবু ও রাশি খান্না। সিনেমাটির প্রথম প্রচার ঝলক প্রকাশের পর থেকেই রজনীকান্তের চরিত্র নিয়ে দর্শকের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল। 

প্রাথমিকভাবে পাওয়া ইঙ্গিত অনুযায়ী, ছবিতে একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যেতে পারে অভিনেতাকে। তবে চরিত্রটির পরিচয় দিতে গিয়ে নির্মাতারা ‘কেট্টা পৈয়ন’ শব্দবন্ধ ব্যবহার করেছেন। এর অর্থ ‘খারাপ মানুষ’। ফলে চরিত্রটিতে নেতিবাচক বৈশিষ্ট্য থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দক্ষিণী চলচ্চিত্রে শ্রীলীলার ব্যস্ততা দিন দিন বাড়ছে। চলতি বছরের শুরুতে ‘পরাশক্তি’ সিনেমার মাধ্যমে তামিল ছবিতে অভিষেক হয় তার। এরপর একাধিক বড় বাজেটের সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। ধনুষ ও মমুটী অভিনীত আসন্ন ‘ওম’ সিনেমায় ধনুষের স্ত্রীর চরিত্র রোজা হিসেবে দেখা যাবে তাকে। এ ছাড়া অজিত কুমারের ‘ডেয়ারডেভিল’ সিনেমাতেও যুক্ত হয়েছেন শ্রীলীলা।

‘ধর্মন’-এর সংগীত পরিচালনা করছেন অনিরুদ্ধ রবিচন্দর। এর আগে ‘পেটা’, ‘দরবার’, ‘জেলার’, ‘ভেট্টৈয়ন’ ও ‘কুলি’ সিনেমায় রজনীকান্তের সঙ্গে কাজ করেছেন তিনি। ফলে এই জুটির নতুন কাজ নিয়েও সংগীতপ্রেমীদের আগ্রহ রয়েছে। তবে এখনো সিনেমাটির মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘ধর্মন’।

বিনোদন এর আরও খবর