img

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে তানজিন তিশা, দুমড়েমুচড়ে গেল গাড়ি

প্রকাশিত :  ০৭:০৮, ১১ অক্টোবর ২০২৬

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে তানজিন তিশা, দুমড়েমুচড়ে গেল গাড়ি

মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। একটি ডাম্প ট্রাকের চাপায় তাঁকে বহনকারী গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেলেও শেষ পর্যন্ত মানিকগঞ্জের ওই যাত্রা বাতিল করে ঢাকায় ফিরে আসতে বাধ্য হয়েছেন এই অভিনেত্রী।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন তানজিন তিশা নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে তিনি লিখেছেন, মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সঙ্গে, ইনশাআল্লাহ।

জানা গেছে, মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে অবস্থিত ‘রয়েল ফ্যাশন’ নামের একটি পোশাকের দোকানের উদ্বোধনে অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তানজিন তিশার। তাকে স্বাগত জানাতে আয়োজকদের ছিল নানা প্রস্তুতি, আর ভক্তদের মাঝেও ছড়িয়েছিল ব্যাপক আগ্রহ। তবে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার কারণে শেষ পর্যন্ত ওই অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

দুর্ঘটনার রাতের বিবরণ দিয়ে তানজিন তিশা জানান, ‘গত রাতটি আমি ভুলতে পারব না। আমি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একটি ডাম্প ট্রাক আমার গাড়িটি দুমড়েমুচড়ে দিয়েছে। আমার এই গাড়ি খুব প্রিয়। কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছি। সুতরাং এই ক্ষতি মেনে নেওয়া আমার জন্য সহজ নয়। তারপরও আলহামদুলিল্লাহ!’

নিজের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে তিশা আরও বলেন, ‘আমি শরীরে কিছু আঘাত পেয়েছি। কিন্তু এখন ঠিক আছি। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া। যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন, তাদের সবাইকে ধন্যবাদ।’

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও অনুরাগীরা তানজিন তিশাকে নিয়ে উদ্বেগ জানাচ্ছেন এবং তার খোঁজখবর নিচ্ছেন।

অভিনয় দিয়ে ছোট পর্দায় বৈচিত্র্যময় চরিত্রে কাজ করে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি নেটদুনিয়াতেও সরব উপস্থিতি রয়েছে এই তারকার।


img

মঞ্চে নেচে নেচে গান গাওয়ার সময় জনপ্রিয় গায়িকার মুখে ড্রোনের ধাক্কা, অতঃপর …

প্রকাশিত :  ১৩:১৬, ২৭ নভেম্বর ২০২৬

জনপ্রিয় র‍্যাপার-গায়িকা রেবল মঞ্চে নেচে নেচে গান গাইছিলেন । ঠিক সে সময় ড্রোন এসে তার মুখে ধাক্কা মারে। এ ঘটনায় হতচকিত হয়ে পড়েন এ গায়িকা। এরপরেই কোনো কথা না বলে মঞ্চ ছেড়ে চলে যান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া একটি ভিডিও এবং এনডিটিভির প্রতিবেদন অনুসারে জানা যায়, জনপ্রিয় গায়িকা র‍্যাপার-গায়িকা রেবল মঞ্চে লাফিয়ে ও নেচে ‘রান ডাউন দ্য সিটি’ গানটি গাইছিলেন। ঠিক সেই মুহূর্তে একটি ড্রোন হঠাৎ এসে তার মুখে সজোরে আঘাত করে মাটিতে পড়ে যায়।

হঠাৎ এই আঘাতে র‍্যাপার ভীষণ চমকে যান রেবল। তিনি কিছুক্ষণ মঞ্চে চুপচাপ দাঁড়িয়ে থাকেন এবং এরপর মঞ্চ ছেড়ে চলে যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনাটি নিয়ে রেবল তার কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

কে এই রেবল?

রেবলের প্রকৃত নাম দায়াফি লামারে। মেঘালয়ে জন্ম নেওয়া এই শিল্পী ছোটোবেলা থেকেই সংগীতের প্রতি আকৃষ্ট ছিলেন এবং নিজেই গানের কথা লিখে র‍্যাপ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন।

২০১৯ সালে তাঁর প্রথম একক গান ‘ব্যাড’ প্রকাশিত হয়। এরপর তিনি ‘রিজনস’, ‘প্রেয়িং ম্যান্টিস’ এবং ‘ম্যানিফেস্ট’-এর মতো জনপ্রিয় গানে কণ্ঠ দেন।

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমার গানের মাধ্যমে বলিউডে তার বড় সাফল্য আসে। সিনেমাটির ‘রান ডাউন দ্য সিটি: মনিকা’, ‘নাল নাচনা’ এবং ‘মুভ - ইয়ে ইশক ইশক’ গানে তিনি কণ্ঠ দিয়েছেন। পাশাপাশি সুরকার শাশ্বত সচদেবের সঙ্গে যৌথভাবে গানগুলোর কথাও লিখেছেন তিনি।

বেঙ্গালুরুতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও পরবর্তীতে র‍্যাপিংকেই পেশা হিসেবে বেছে নেন রেবল। বিখ্যাত র‍্যাপার এমিনেমকে তিনি তাঁর অন্যতম বড় অনুপ্রেরণা মনে করেন।

সাম্প্রতিক কাজ

গত ১২ নভেম্বর রেবলের নতুন ইপি অ্যালবাম ‘25IN26’ মুক্তি পেয়েছে। অ্যালবামটি প্রকাশের পর ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি জানান, তার প্রিয় মানুষদের সঙ্গে নিয়েই তিনি এটি তৈরি করেছেন।

ওই পোস্টে রেবল লেখেন, আমি আমার প্রিয় মানুষদের নিয়ে এটি তৈরি করেছি, যারা সংগীতের মাধ্যমে আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। আমার তৈরি এই সংগীত এবং এর প্রভাব ছাড়া পৃথিবীকে দেওয়ার মতো আমার তেমন কিছু নেই। আমি এই মাধ্যমের ভেতর দিয়েই নিজের উপস্থিতিকে অমর করে রাখতে চাই।