img

দাম্পত্য জীবন নিয়ে ছড়ানো গুঞ্জনকে ‘আপত্তিকর’ বললেন আলিয়া

প্রকাশিত :  ১৩:৫২, ১৯ নভেম্বর ২০২৬

দাম্পত্য জীবন নিয়ে ছড়ানো গুঞ্জনকে ‘আপত্তিকর’ বললেন আলিয়া

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট রণবীর কাপুরের সঙ্গে দাম্পত্য সম্পর্ক নিয়ে ছড়ানো গুঞ্জনকে ‘আপত্তিকর’ বলে মন্তব্য করেছেন । তাঁদের বিয়েকে ‘অসম’ হিসেবে তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে যে আলোচনা চলছে, তা নাকচ করে দিয়েছেন অভিনেত্রী। তার মতে, তাঁদের সম্পর্কের বাস্তবতা না বুঝেই এমন ধারণা ছড়ানো হচ্ছে।

দীর্ঘদিন প্রেমের পর ২০২২ সালে বিয়ে করেন আলিয়া ও রণবীর। তাদের একটি মেয়ে রয়েছে, নাম রাহা। তবে বিভিন্ন সময় দুজনের কিছু মন্তব্যের ভিত্তিতে তাদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও নানা আলোচনা হয়েছে। সম্প্রতি টাইম সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন আলিয়া।

অভিনেত্রী বলেন, ‘আমি সব সময় নারীদের নিজেদের চিন্তা ও অনুভূতি সম্পর্কে সচেতন থাকার কথা বলি। অথচ আমাকে এমন একজন হিসেবে তুলে ধরা হচ্ছে, যিনি একটি কাল্পনিক পরিস্থিতির মধ্য দিয়ে কষ্ট সহ্য করছেন। বিষয়টি আমার কাছে আপত্তিকর।’

রণবীরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বারবার এমন গুঞ্জন ছড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে আলিয়া বলেন, তাদের সম্পর্ক হয়তো বিয়ে নিয়ে প্রচলিত কিছু ধারণার সঙ্গে মেলে না। তাঁর ভাষায়, ‘যেকোনো সম্পর্কের ভিত্তি হলো—কোনো চেষ্টা ছাড়াই নিজেকে বোঝা যাচ্ছে বলে অনুভব করা এবং কিছু না বলেও নিজের কথা শোনা হচ্ছে বলে মনে হওয়া। রণবীর আমার কাছে তেমনই, আর এটাই আমাদের সম্পর্কের বাস্তবতা।’

সম্প্রতি প্রথমবারের মতো প্রকাশিত ‘টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায় জায়গা পেয়েছেন আলিয়া। ব্যবসা, বিনোদন, বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ নেতৃত্ব দেবেন—এমন ব্যক্তিদের স্বীকৃতি দিতে তালিকাটি প্রকাশ করেছে টাইম। সাক্ষাৎকারে মাতৃত্বের পর নিজের কাজের অগ্রাধিকার বদলে যাওয়ার কথাও জানিয়েছেন অভিনেত্রী।

আলিয়া বলেন, বিয়ে ও মা হওয়ার পর সিনেমা নির্বাচনের ক্ষেত্রে এখন সংখ্যার চেয়ে কাজের মানকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। অর্থাৎ, বেশি সিনেমায় অভিনয়ের চেয়ে ভালো কাজ বেছে নেওয়াই তাঁর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

চলচ্চিত্রশিল্পে কাজের সময়সীমা আরও ন্যায্য ও কর্মীবান্ধব করার পক্ষে আগেও কথা বলেছেন আলিয়া। তাঁর মতে, নির্দিষ্ট ও যুক্তিসংগত কর্মঘণ্টা থাকলে কাজের দক্ষতা বাড়ে। প্রযোজক হিসেবেও নিজের প্রভাব কাজে লাগিয়ে এ ক্ষেত্রে পরিবর্তন আনতে চান তিনি।

আলিয়া বলেন, ‘কাজের সময়সীমা কখনোই খেয়ালখুশিমতো নির্ধারণ করা উচিত নয়। ন্যায্য কর্মঘণ্টা কাজকে আরও দক্ষ করে তোলে। নিজের কাজের সীমা নির্ধারণ করলে চাকরি হারাতে হতে পারে—এমন ভয় কারও থাকা উচিত নয়।’

সর্বশেষ ‘আলফা’ সিনেমায় একজন গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। সামনে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় দেখা যাবে তাঁকে। এতে তাঁর সঙ্গে রয়েছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। এ ছাড়া ‘তুম্বাড ২’ সিনেমাতেও অভিনয়ের কথা রয়েছে তাঁর। সূত্র: এনডিটিভি

img

মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

প্রকাশিত :  ১১:৩৭, ১৯ নভেম্বর ২০২৬

রাজধানীর উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ২টার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্টের সরকারি আবাসিক কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপপুলিশ কমিশনার ইলিয়াস কবির।

তিনি জানান, জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে কিছু অভিযোগ পাওয়া গেছে। সেগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তা এখনো নিশ্চিত করেননি তিনি।

আটকের আগে একাধিকবার ফেসবুক লাইভে আসেন জ্যোতিকা জ্যোতি। এ সময় তার বাসার দরজার সামনে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। লাইভে তিনি দাবি করেন, পুলিশ কেন তার বাসায় এসেছে বা তাকে কেন আটক করা হচ্ছে, সে বিষয়ে কিছুই জানেন না।

লাইভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে কয়েকজনকে দরজা খুলতে বলতে শোনা যায়। তবে জ্যোতিকা দরজা না খুলে তাদের কাছে গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না, তা জানতে চান। জবাবে বাইরে থাকা ব্যক্তিরা জানান, তাদের কাছে কোনো পরোয়ানা নেই। একপর্যায়ে তাদের একজনকে বলতে শোনা যায়, ‘কীসের ওয়ারেন্ট, ফ্যাসিস্ট কোথাকার।’

এরপর দ্বিতীয় দফায় ফেসবুক লাইভে আসেন এই অভিনেত্রী। এ সময় সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী আমাদের ব্ল্যাকলিস্টেড করে গিয়েছেন। আমাদেরকে কোনো কাজে নেওয়া হয় না। এখন আমাকে পুলিশ গ্রেপ্তার করতে আসছে।’ এ কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

কাঁদতে কাঁদতে জ্যোতিকা আরও বলেন, ‘আমাকে বিনা ওয়ারেন্টে পুলিশ ধরতে এসেছে। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই।’ পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাকে ফোন করলে থানা কিংবা ডিবি কার্যালয়ে নিজেই যেতাম। তবে আমার হাতে হাতকড়া পরাবেন না। আমি আপনাদের সঙ্গে যাচ্ছি।’

লাইভের শেষ দিকে তিনি বলেন, ‘আমি ভয় পাচ্ছি না। বাবা-মা, তোমরা ভয় পেও না।’

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রুপটির কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির নেতিবাচক মন্তব্য উঠে আসে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন গ্রুপের সদস্যরা। জ্যোতিকা জ্যোতির নামও ওই গ্রুপের সদস্যদের তালিকায় ছিল।

পরে ফেসবুক লাইভে এসে গ্রুপে যুক্ত থাকার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন এই অভিনেত্রী। তিনি দাবি করেন, গ্রুপটির উদ্দেশ্য দেশের বা মানুষের ক্ষতি করা ছিল না। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে সেখানে বিভিন্ন তথ্য ও হালনাগাদ খবর দিতেন তিনি।

এ ঘটনার জেরে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অফিস করতে গিয়ে সহকর্মীদের বাধার মুখে পড়েন জ্যোতিকা জ্যোতি। তখন তিনি একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করছিলেন। ‘আলো আসবেই’ গ্রুপে যুক্ত থাকা এবং আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থানের অভিযোগ তুলে সহকর্মীদের একাংশ তার বিরোধিতা করেন। পরে তিনি অফিস ত্যাগ করেন। একই বছরের ১ অক্টোবর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

এ ছাড়া ২০২৬ সালের জুলাইয়ে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় একটি সংগঠন। ওই তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল।

বিনোদন এর আরও খবর