img

বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক

প্রকাশিত :  ০৭:৪০, ০৫ অক্টোবর ২০২৬

বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক বিজেপিতে যোগ দিয়েছেন। সোমবার সকালে বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্যসভার মনোনয়ন জমা দিতে বিধানসভায় যান পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী। এর এক দিন আগে তাকে রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি।

রোববার বিজেপির পক্ষ থেকে জানানো হয়, পশ্চিমবঙ্গের রাজ্যসভা আসনের উপনির্বাচনে দলটির প্রার্থী হচ্ছেন কোয়েল মল্লিক। 

এর আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন কোয়েল। গত ১৬ জুলাই রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেন তিনি। তার ছেড়ে দেওয়া আসনেই আগামী ১৬ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কোয়েলের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে তার পদত্যাগের পর থেকেই আলোচনা চলছিল। ১৬ জুলাই পদত্যাগের পর তিনি দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন। এরপরই তার বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়।

এর আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইককে রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী করেছিল বিজেপি। এবার কোয়েল মল্লিকের ক্ষেত্রেও একই ঘটনা ঘটল।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার প্রার্থী হিসেবে কোয়েল মল্লিকের নাম ঘোষণা করেছিল। মার্চে নির্বাচনের পর ৬ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন তিনি। তবে কোনো অধিবেশনে অংশ নেওয়ার আগেই ১৬ জুলাই সাংসদ পদ থেকে পদত্যাগ করেন।

এবার নিজের ছেড়ে দেওয়া সেই আসনের উপনির্বাচনেই বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক। সোমবার বিজেপিতে যোগ দেওয়ার পর তিনি রাজ্যসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে বিধানসভায় যান।


img

দাম্পত্য জীবন নিয়ে ছড়ানো গুঞ্জনকে ‘আপত্তিকর’ বললেন আলিয়া

প্রকাশিত :  ১৩:৫২, ১৯ নভেম্বর ২০২৬

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট রণবীর কাপুরের সঙ্গে দাম্পত্য সম্পর্ক নিয়ে ছড়ানো গুঞ্জনকে ‘আপত্তিকর’ বলে মন্তব্য করেছেন । তাঁদের বিয়েকে ‘অসম’ হিসেবে তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে যে আলোচনা চলছে, তা নাকচ করে দিয়েছেন অভিনেত্রী। তার মতে, তাঁদের সম্পর্কের বাস্তবতা না বুঝেই এমন ধারণা ছড়ানো হচ্ছে।

দীর্ঘদিন প্রেমের পর ২০২২ সালে বিয়ে করেন আলিয়া ও রণবীর। তাদের একটি মেয়ে রয়েছে, নাম রাহা। তবে বিভিন্ন সময় দুজনের কিছু মন্তব্যের ভিত্তিতে তাদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও নানা আলোচনা হয়েছে। সম্প্রতি টাইম সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন আলিয়া।

অভিনেত্রী বলেন, ‘আমি সব সময় নারীদের নিজেদের চিন্তা ও অনুভূতি সম্পর্কে সচেতন থাকার কথা বলি। অথচ আমাকে এমন একজন হিসেবে তুলে ধরা হচ্ছে, যিনি একটি কাল্পনিক পরিস্থিতির মধ্য দিয়ে কষ্ট সহ্য করছেন। বিষয়টি আমার কাছে আপত্তিকর।’

রণবীরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বারবার এমন গুঞ্জন ছড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে আলিয়া বলেন, তাদের সম্পর্ক হয়তো বিয়ে নিয়ে প্রচলিত কিছু ধারণার সঙ্গে মেলে না। তাঁর ভাষায়, ‘যেকোনো সম্পর্কের ভিত্তি হলো—কোনো চেষ্টা ছাড়াই নিজেকে বোঝা যাচ্ছে বলে অনুভব করা এবং কিছু না বলেও নিজের কথা শোনা হচ্ছে বলে মনে হওয়া। রণবীর আমার কাছে তেমনই, আর এটাই আমাদের সম্পর্কের বাস্তবতা।’

সম্প্রতি প্রথমবারের মতো প্রকাশিত ‘টাইম ১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায় জায়গা পেয়েছেন আলিয়া। ব্যবসা, বিনোদন, বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ নেতৃত্ব দেবেন—এমন ব্যক্তিদের স্বীকৃতি দিতে তালিকাটি প্রকাশ করেছে টাইম। সাক্ষাৎকারে মাতৃত্বের পর নিজের কাজের অগ্রাধিকার বদলে যাওয়ার কথাও জানিয়েছেন অভিনেত্রী।

আলিয়া বলেন, বিয়ে ও মা হওয়ার পর সিনেমা নির্বাচনের ক্ষেত্রে এখন সংখ্যার চেয়ে কাজের মানকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। অর্থাৎ, বেশি সিনেমায় অভিনয়ের চেয়ে ভালো কাজ বেছে নেওয়াই তাঁর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

চলচ্চিত্রশিল্পে কাজের সময়সীমা আরও ন্যায্য ও কর্মীবান্ধব করার পক্ষে আগেও কথা বলেছেন আলিয়া। তাঁর মতে, নির্দিষ্ট ও যুক্তিসংগত কর্মঘণ্টা থাকলে কাজের দক্ষতা বাড়ে। প্রযোজক হিসেবেও নিজের প্রভাব কাজে লাগিয়ে এ ক্ষেত্রে পরিবর্তন আনতে চান তিনি।

আলিয়া বলেন, ‘কাজের সময়সীমা কখনোই খেয়ালখুশিমতো নির্ধারণ করা উচিত নয়। ন্যায্য কর্মঘণ্টা কাজকে আরও দক্ষ করে তোলে। নিজের কাজের সীমা নির্ধারণ করলে চাকরি হারাতে হতে পারে—এমন ভয় কারও থাকা উচিত নয়।’

সর্বশেষ ‘আলফা’ সিনেমায় একজন গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। সামনে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় দেখা যাবে তাঁকে। এতে তাঁর সঙ্গে রয়েছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। এ ছাড়া ‘তুম্বাড ২’ সিনেমাতেও অভিনয়ের কথা রয়েছে তাঁর। সূত্র: এনডিটিভি

বিনোদন এর আরও খবর