img

তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

প্রকাশিত :  ১০:০০, ২৩ নভেম্বর ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। 

আজ সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির এই আবেদন করা হয়।

আবেদনে বলা হয়, মামলার ধার্য দিনে বিবাদী মামলার বিষয়ে অবগত থাকার পরেও আদালতে হাজির হননি। বিবাদীর এই আচরণে আদালত অবমাননা হয়েছে।

বিবাদী মামলার পরে বাদীর বিরুদ্ধে ফেইসবুকে বিভিন্ন কটূক্তি চলমান রেখেছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা একান্ত আবশ্যক।

বাদী পক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বলেন, ‘আজ বিবাদীর আদালতে হাজির হওয়ার দিন ছিল। এই মামলায় বিবাদীপক্ষ আদালত থেকে নোটিশ রিসিভ করেছেন। কিন্তু বিবাদী আজ আদালতে আসেননি। এজন্য আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করি।

আজ বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকার কারণে আগামী ১৪ ডিসেম্বর শুনানির পরবর্তী দিন নির্ধারণ করেছেন।’

আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী এদিন আদালতে উপস্থিত হন।


সানায়া চৌধুরী গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন। সেখানে অভিযোগ করা হয়, একটি অনুষ্ঠানে পরার জন্য সানায়ার কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নিয়ে তা ফেরত দেননি তিশা।

ওই মামলার তদন্ত শেষে পিবিআই গত ২৫ মে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। সেখানে বলা হয়, তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের ‘সত্যতা পাওয়া যায়নি’।

ওই প্রতিবেদন নিয়ে আপত্তি জানিয়ে আদালতে নারাজি আবেদন করেন সানায়া। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম ২৫ অক্টোবর তা মঞ্জুর করে সিআইডি পুলিশকে নতুন করে মামলাটি তদন্তের নির্দেশ দেন।

তার পরদিনই ২৬ অক্টোবর তিশার বিরুদ্ধে হুমকির অভিযোগ এনে নতুন এই মামলা করলেন সানায়। তার অভিযোগ, আগের মামলা করার পর বিভিন্ন সময়ে তিশা তাকে মামলা প্রত্যাহার করতে ‘হুমকি’ দেন। এমনকি তার পল্লবীর বাসায় লোক পাঠিয়েও ‘হুমকি’ দেওয়া হয়।

সানায়া বলছেন, তিশার ‘হুমকিতে’ তিনি ‘চরম নিরাপত্তাহীনতায়’ ভুগছেন। এ বিষয়ে থানায় মামলা করতে গেলেও পুলিশ তা নেয়নি। সে কারণে তিনি আদালতে মামলা করেছেন।

img

মা হলেন অভিনেত্রী মৌসুমী, জানালেন সন্তানের নাম

প্রকাশিত :  ০৬:২৮, ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৩৭, ২২ নভেম্বর ২০২৬

মাতৃত্বের স্বাদ পেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন ওহী বিন ওয়াদুদ। নতুন অতিথিকে ঘিরে এখন তার পুরো পৃথিবী। অভিনয়ের ব্যস্ততা ছাপিয়ে আপাতত মা ও সন্তানের নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেয়াতেই কাটছে অভিনেত্রীর সময়।

এ বিষয়ে একটি গণমাধ্যমকে মৌসুমী হামিদ বলেন, ‘মা হয়েছি। কিন্তু আমাদের ব্যক্তিগত কিছু কারণে তারিখটা বলতে চাই না।’ 

মা হওয়ার অনুভূতি জানিয়ে অভিনেত্রী বলেন, ‘জীবনের এই সময়ের জন্য বহু প্রতীক্ষা করেছি। সন্তানকে প্রথম দেখা, স্পর্শ করা—এই অনুভূতি বোঝানো কঠিন। এখন শুধু এটাই মনে হচ্ছে, দারুণ সময় কাটছে। ছেলের সঙ্গে আমি নিজেকে মানিয়ে নিচ্ছি।’


সন্তানের আগমনে বদলে গেছে মৌসুমীর প্রতিদিনের রুটিনও। এখন ছেলের ঘুম ও খাওয়ার সময়ের সঙ্গে মিলিয়েই চলছে তার দিন। কখনো কখনো নিজের জন্য ঘুমানোর সময়টুকুও পাচ্ছেন না। অভিনেত্রী বলেন, এমনও হয়, দুই ঘণ্টাও ঘুমানোর সময় পাই না। সন্তানের জন্মের পর প্রথম দুই দিন ঠিকমতো ছেলেকে দেখতে পারেননি মৌসুমী। পরে যখন ভালোভাবে দেখার সুযোগ হলো, তখন ছেলের চেহারায় নিজের ছাপ খুঁজে পান তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, প্রথম দিন বুঝতে পারছিলাম, নড়াচড়া করছে। হাত-পা নাড়াচ্ছে। পরে যখন ভালো করে দেখলাম, তখন দেখি ছেলে আমার মতো হয়েছে। 

ছেলের সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। মা হওয়ার এই সময়ে স্বামী, শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছেন মৌসুমী। তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। 


এর আগে, গত জুলাইয়ে মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন এই অভিনেত্রী। তখনই স্বামী আবদুল ওয়াদুদকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। 

তাদের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা উল্লেখ করে মৌসুমী জানান, তারা ১৪ বছরের পুরোনো বন্ধু। দুজনের চিন্তাভাবনায় মিল থাকায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া মৌসুমী হামিদ এক যুগের বেশি সময় ধরে নাটকে অভিনয় করছেন। ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টেও কাজ করেছেন তিনি। 

সন্তানকে সময় দেওয়াকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। নিয়মিত অভিনয়ের প্রস্তাব পেলেও সেগুলো আপাতত গ্রহণ করছেন না। এ বিষয়ে অভিনেত্রী বলেন, অনেকেই নিয়মিত অভিনয় করার প্রস্তাব দেন। কিন্তু এখন আমি সন্তানকে নিয়ে থাকতে চাই। আপাতত অভিনয় করতে পারব। আরও কয়েক মাস বিরতি নিয়ে অভিনয় শুরু করবো।

বিনোদন এর আরও খবর