img

যুক্তরাষ্ট্রে বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

প্রকাশিত :  ০৭:৪১, ১৬ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে।

স্থানীয় প্রচারমাধ্যম ‘এনবিসি লস অ্যাঞ্জেলেস’ নিশ্চিত করেছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি তাদের নিজস্ব সম্প্রচার কেন্দ্র এনবিসি৪-এর ‘নিউজকপ্টার৪’। স্থানীয় সময় মঙ্গলবার শহরতলির চ্যাটসওয়ার্থ এলাকায় একটি মারাত্মক বাস দুর্ঘটনার সরাসরি সংবাদ সংগ্রহ করতে গিয়েছিল হেলিকপ্টারটি। 

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের (এলএএফডি) একজন মুখপাত্র জানিয়েছেন, লারলাইন এভিনিউ এবং নর্ডহফ স্ট্রিটের কাছে দুটি বাণিজ্যিক ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থানে হেলিকপ্টারটি আছড়ে পড়ে। দুর্ঘটনাস্থল থেকে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার বর্তমান অবস্থা এখনো জানা যায়নি।

বিধ্বস্ত হওয়ার পরপরই দুটি শিপিং কনটেইনার এবং একাধিক যানবাহনে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এক আবেগঘন লাইভ সম্প্রচারে এনবিসি৪-এর জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপিকা কলিন উইলিয়ামস মর্মান্তিক এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা জানতাম এটি একটি নিউজ হেলিকপ্টার ছিল এবং আমাদের দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

আমরা মাত্র দুঃসংবাদটি পেয়েছি।’ 

এদিকে এ ঘটনায় শোক প্রকাশ করেছে লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ (এলএপিডি) এবং মেয়র ক্যারেন বাস। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম এক বার্তায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এবং এনবিসি৪ কর্তৃপক্ষের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ইতোমধ্যে তাদের আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

এর আগে দিনের শুরুতে চ্যাটসওয়ার্থে একটি সিটি বাসের সঙ্গে এসইউভির সংঘর্ষে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসির মার্কিন সহযোগী প্রতিষ্ঠান সিবিএস নিউজ।

আন্তর্জাতিক এর আরও খবর

img

বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয় যেসব দেশে

প্রকাশিত :  ০৬:০৬, ২০ নভেম্বর ২০২৬

মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বিশ্বে আশঙ্কাজনক হারে বেড়েছে। ২০২৫ সালে অন্তত ১৭টি দেশে ২ হাজার ৭০৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ১৯৮১ সালের পর এক বছরে এত বেশি মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য আর পায়নি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংস্থাটির ২০২৬ সালের মে মাসে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে, মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যায় শীর্ষে রয়েছে চীন। দেশটিতে প্রতিবছর হাজার হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও প্রকৃত সংখ্যা প্রকাশ করে না সরকার। ফলে চীনের সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি।

অ্যামনেস্টির হিসাব অনুযায়ী, ২০২৫ সালে ইরানে অন্তত ২ হাজার ১৫৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আগের বছরের তুলনায় দেশটিতে এই সংখ্যা দ্বিগুণেরও বেশি। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব। দেশটিতে অন্তত ৩৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা দেশটির ইতিহাসে এক বছরে সর্বোচ্চ।

তালিকার পরের অবস্থানগুলোতে রয়েছে ইয়েমেন, যুক্তরাষ্ট্র ও মিশর। ইয়েমেনে অন্তত ৫১ জন, যুক্তরাষ্ট্রে ৪৭ জন এবং মিসরে ২৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এ ছাড়া সোমালিয়া, কুয়েত ও সিঙ্গাপুরে ১৭ জন করে এবং আফগানিস্তানে ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য পেয়েছে অ্যামনেস্টি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বে অন্তত ১ হাজার ৫১৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। এক বছরের ব্যবধানে এই সংখ্যা ৭৮ শতাংশ বেড়েছে। তবে চীন, উত্তর কোরিয়া ও ভিয়েতনামের মতো দেশে তথ্য গোপন রাখার কারণে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

মৃত্যুদণ্ড কার্যকরের প্রায় অর্ধেকই হয়েছে মাদকসংক্রান্ত অপরাধে। ইরান, সৌদি আরব, চীন, কুয়েত ও সিঙ্গাপুরে এ ধরনের অপরাধে মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে, বিশ্বের অনেক দেশ মৃত্যুদণ্ড বাতিল করেছে বা এর প্রয়োগ বন্ধ রেখেছে। অ্যামনেস্টির হিসাবে, ২০২৫ সালের শেষ নাগাদ ১১৩টি দেশ আইনগতভাবে সব অপরাধের জন্য মৃত্যুদণ্ড বাতিল করেছে। আরও কয়েকটি দেশ আইন বা বাস্তবে এর প্রয়োগ বন্ধ রেখেছে।

সূত্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

আন্তর্জাতিক এর আরও খবর