img

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

প্রকাশিত :  ০৫:৫৫, ০২ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৫২, ০২ অক্টোবর ২০২৬

সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

‘অননুমোদিত’ ওয়্যারহাউসে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের চারটি ওয়্যারহাউস সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেডে’ যৌথ অভিযানে ওয়্যারহাউসগুলো সিলগালা করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এনবিআর জানায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এ অভিযান পরিচালনা করে।

এনবিআর বিজ্ঞপ্তিতে আরো জানায়, প্রাথমিকভাবে ‘গুরুতর অসংগতি’ পাওয়ায় ‘অধিকতর যাচাইয়ের জন্য’ ওয়্যারহাউসগুলো সিলগালা করা হয়েছে।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পের বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর চালানো হয়।

ওই হামলায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়। হামলার পর ফেইসবুক লাইভে এসে বিভিন্ন অভিযোগ করেন সালমান মুক্তাদির। 

পরে নিউ গিনি প্রপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়ার করা মামলায় জমি দখল ও পূর্বশত্রুতার জেরে হামলা চালানোর কথা বলা হয়। মামলায় আসামি করা হয় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনকে।

অজ্ঞাতনামা আসামির সংখ্যা ১৫০ থেকে ২০০।

মামলায় এখন পর্যন্ত গোলাম মহিউদ্দিন চৌধুরী ও কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ ৭ জনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

এদিকে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করে বিএফআইইউ। গত বুধবারের মধ্যে তার ব্যাংক হিসাব ও লেনদেনের সব বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিএফআইউতে জমা দিতে বলা হয়।


বাংলাদেশ এর আরও খবর

img

মিটিং হয়, দিন যায়, রাত আসে—কোনো সমাধান হয় না: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত :  ১৮:০৪, ০২ অক্টোবর ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ও সরকারের সংশ্লিষ্টদের বক্তব্যে পরস্পরবিরোধী অবস্থান দেখা যাচ্ছে। তিনি বলেন, নির্বাচন কমিশন দ্রুত নির্বাচন আয়োজনের কথা বললেও সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী এ বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করছেন। বারবার বৈঠক হলেও নির্বাচন নিয়ে কোনো সমাধান হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিযোগ, নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত একটি দপ্তরেই আটকে আছে। এ ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরকে দায়ী করে সমালোচনা করেন।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট সি ওয়ার্ল্ডের হলরুমে উপজেলা এনসিপি আয়োজিত মতবিনিময় ও যোগদান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারতের দালাল আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ)। আর একটা হলো মানুষের পকেট কেটে নেওয়া চাঁদাবাজ বিএনপি বাংলাদেশটাকে নষ্ট করে দিয়েছে। এই নষ্টদের থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। যদি এই নষ্টরা তাদের কার্যক্রম চালিয়ে যায় তাহলে আগামীকাল তারেক রহমানের সন্তান জাইমা রহমানও বিপদে পড়বে। কারণ, জাইমা রহমানও আগামীর ভবিষ্যৎ। আমাদের সমবয়সী প্রজন্ম।

তিনি বলেন, আমরা বলতে চাই, আমরা অনেক কষ্ট-সাধনা করে এই বৈপ্লবিক পরিস্থিতি থেকে একটি গণতান্ত্রিক পরিস্থিতির দিকে যাত্রা করেছি। আমরা চেয়েছিলাম বাংলাদেশে সংস্কার হবে। আপনারা বলেছিলেন, আগে নির্বাচন দেন, তাহলে বাংলাদেশে সংস্কার হয়ে যাবে। যদি নির্বাচন দেন, তাহলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। যদি নির্বাচন দেন, বাংলাদেশে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। নির্বাচন হয়ে গেল, চাঁদাবাজি বেড়েই চলছে। নির্বাচন হয়ে গেল, দুর্নীতি বেড়েই চলছে। নির্বাচন হয়ে গেল, সন্ত্রাসী বেড়েই চলছে। এখন আমরা প্রশ্ন রাখতে চাই, এগুলো কারা করে?

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি এ এম মুন্না চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সিফাত হোসেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এ ছাড়া বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফ, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমা, চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক একরামুল হক, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মীর মোহাম্মদ শোয়াইব প্রমুখ।


বাংলাদেশ এর আরও খবর