img

বসতভিটা না থাকায় প্রাথমিকে শিক্ষক নিয়োগে বাদ পড়লেন ইবি শিক্ষার্থী

প্রকাশিত :  ০৬:৫৬, ০২ অক্টোবর ২০২৬

বসতভিটা না থাকায় প্রাথমিকে শিক্ষক নিয়োগে বাদ পড়লেন ইবি শিক্ষার্থী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মিশন আচার্য। তবে স্থায়ী ঠিকানায় নিজের নামে কোনো বসতভিটা না থাকায় শেষ পর্যন্ত তাঁকে নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

মিশন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ঝিনাইদহ সদর উপজেলার কলাবাগান এলাকায় মায়ের কাছে বড় হয়েছেন তিনি। 

তিনি জানান, তার বাবা বহু বছর আগে পরিবার ছেড়ে চলে যান। এরপর থেকে মায়ের সঙ্গে ঝিনাইদহে ভাড়া বাসায় বসবাস করে আসছেন তিনি। কলাবাগান এলাকাতেই তাঁর জন্ম এবং সেখানেই বেড়ে উঠেছেন।

তিনি জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৮২ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। এর মধ্যে ১৮০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। দুজন নিয়োগপত্র পাননি। তাদের একজনের বিরুদ্ধে মামলা রয়েছে এবং অপরজন তিনি।

উপজেলা পর্যায়ে ১৭তম স্থান অর্জন করেন বলেও উল্লেখ করেন তিনি।

মিশন আচার্যের দাবি, সরকারি চাকরির ক্ষেত্রে জমিজমা-সংক্রান্ত কাগজপত্র প্রয়োজন হতে পারে—এমন ধারণা থেকে তার খালু গ্রামে তার নামে দুই শতক জমি লিখে দেন। পুলিশ তদন্তের সময় তিনি ওই জমির দলিলও জমা দেন। তবে সেখানে তার কোনো বসতবাড়ি নেই এবং তিনি কখনো ওই জমিতে বসবাস করেননি। 

তিনি আরও জানান, পুলিশের কাছে প্রথমে ভূমিহীন সনদ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তাকে জমির দলিল জমা দিলেই হবে বলে জানানো হয়। সে অনুযায়ী তিনি দলিল জমা দেন। পরে স্থায়ী ঠিকানায় বসতভিটা না থাকায় তাকে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।সরকারি চাকরির ক্ষেত্রে জমিজমা-সংক্রান্ত কাগজপত্র প্রয়োজন হতে পারে-এমন ধারণা থেকে তার খালু তাদের গ্রামের এলাকায় তার নামে দুই শতক জমি লিখে দেন। ওই জমির দলিলও তিনি পুলিশ তদন্তের সময় জমা দিয়েছেন। তবে সেখানে তার কোনো বসতবাড়ি নেই এবং তিনি কখনো সেখানে বসবাস করেননি বলে জানান।

মিশন বলেন, আমার মা বাসাবাড়িতে কাজ করে আমাকে বড় করেছেন এবং আমাদের আর্থিক অবস্থা খুবই শোচনীয়। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। সরকারের কাছে চাকরিটি ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানাই। 

তিনি প্রশ্ন রেখে বলেন, আমার কি দোষ? ভাড়া বাসায় জন্মেছি, এটাই কি আমার দোষ? রাষ্ট্র আমার ভোট নিচ্ছে, আমাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, কিন্তু চাকরি দিচ্ছে না। মনে হচ্ছে, রাষ্ট্রের কাছে আমার মেধা ও পরিশ্রমের চেয়ে জমিজমার মূল্য বেশি।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. নোমান হোসেন গণমাধ্যমকে বলেন, ‘মিশন আচার্যের নিয়োগের বিষয়ে স্থায়ী ঠিকানা নিয়ে একটি জটিলতা দেখা দিয়েছে। প্রাথমিক শিক্ষা অফিস থেকে ইতিমধ্যে বিষয়টি লিখিতভাবে শিক্ষা অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। আশা করছি, বিষয়টি সমাধান হবে।’


 

img

অফিসে ঢুকে ‘এখনো ব্যবসা বন্ধ করিস নাই কেন’—বলেই এলোপাতাড়ি গুলি

প্রকাশিত :  ১৮:১৩, ১৫ নভেম্বর ২০২৬

রাজধানীর রামপুরায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন।

আজ রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রামপুরার ওয়াপদা রোডে তাকওয়া মসজিদের পাশে স্পিড টাচ নেটওয়ার্ক টেকনোলজি নামের ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান হাবিবুর রহমান (২৭) ও সাজু আহমেদ (২৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুই সপ্তাহ আগে প্রতিষ্ঠানটির মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ায় এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করছেন প্রতিষ্ঠানটির শাখা ব্যবস্থাপক।

প্রতিষ্ঠানটির রামপুরা শাখার ব্যবস্থাপক মাজহারুল ইসলাম জানান, ঘটনার সময় হাবিবুর ও সাজুসহ কয়েকজন কার্যালয়ে বসে কাজ করছিলেন। এ সময় চারজন দুর্বৃত্ত সেখানে আসে। তাদের মধ্যে তিনজন অফিসের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। অপরজন বাইরে অবস্থান করছিল। এতে প্রতিষ্ঠানের দুই কর্মচারী গুলিবিদ্ধ হন। হামলার এক থেকে দুই মিনিটের মধ্যে দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটায়। 

তিনি আরও জানান, প্রায় দুই সপ্তাহ আগে স্থানীয় কয়েকজন চাঁদাবাজ ও তাদের সহযোগীরা ফোন করে প্রতিষ্ঠানটির মালিক শরিফুল ইসলামের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তবে দাবিকৃত টাকা দেওয়া হয়নি। এর জের ধরে এ হামলা হয়েছে বলে তার ধারণা। 

আহত সাজু আহমেদ জানান, দুর্বৃত্তদের মধ্যে তিনজন অফিসে ঢুকে তাদের উদ্দেশে বলতে থাকে, ‘তোদের এখানে ব্যবসা করতে নিষেধ করেছি, এখনো বন্ধ করিস নাই কেন?’ এ কথা বলেই তারা গুলি ছুড়তে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, আহতদের মধ্যে সাজুর ডান পায়ে এবং হাবিবুরের বাম হাতে গুলি লেগেছে। তাদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি রামপুরা থানাকে অবহিত করা হয়েছে। 

তবে এ ঘটনায় জড়িতদের পরিচয় ও গ্রেফতারের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ এর আরও খবর