img

ডেঙ্গুতে এক দিনে ৯ জনের মৃত্যু

প্রকাশিত :  ১৫:০৬, ০৫ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে এক দিনে ৯ জনের মৃত্যু
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৯০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ৪০১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৩ জন, খুলনা বিভাগে ২০৬ জন, ময়মনসিংহ বিভাগে ৯৮ জন, রাজশাহী বিভাগে ১০৫ জন, রংপুর বিভাগে ৬৬ জন এবং সিলেট বিভাগে নয়জন রয়েছেন।

চলতি বছরের ৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৮ হাজার ৩৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এ পর্যন্ত ৮৩ হাজার ৩৩৫ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। 

গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৯৮৮ জন। চলতি বছরে এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মোট ২৭১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট এক লাখ দুই হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ওই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয় ৪১৩ জনের।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ওই বছরে ডেঙ্গুতে মৃত্যু হয় ৫৭৫ জনের।

বাংলাদেশ এর আরও খবর

img

শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

প্রকাশিত :  ১৬:৩১, ০৫ অক্টোবর ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। এ সময়ে এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে সোমবার (৫ অক্টোবর) রাতে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানসমূহ সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

তবে ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে পূর্বের সময়সূচি কার্যকর হবে। অর্থাৎ সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকান খোলা থাকবে।

বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশে শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এবার দুর্গাপূজা উপলক্ষে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হলো।

বাংলাদেশ এর আরও খবর