img

আইএমএফের সঙ্গে জটিলতা সমাধানের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী

প্রকাশিত :  ০৯:০৭, ১২ অক্টোবর ২০২৬

আইএমএফের সঙ্গে জটিলতা সমাধানের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে যে জটিলতা আছে, তা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, ‘আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারও তাই চাচ্ছে।’

সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

পুঁজিবাজার নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘রাজস্ব আহরণ আগের তুলনায় বেড়েছে। অবস্থার উন্নতি হচ্ছে। পুঁজিবাজারে বিনিয়োগ থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তারা ফিরে আসছেন।’

অর্থমন্ত্রী আরও বলেন, সরকারের ঘোষিত নির্বাচনি ইশতেহারের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে বিশ্বব্যাংকের সঙ্গে চলমান উদ্যোগগুলোর সামঞ্জস্যের বিষয়টি গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা রয়েছে।

বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। এ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। সামগ্রিকভাবে বাংলাদেশ সঠিক পথেই এগোচ্ছে।

তিনি আরও জানান, আইএফসি ও বিশ্বব্যাংকের প্রতিনিধিদল ঢাকায় আসবে; বেসরকারি খাতের সহায়ক অর্থায়ন নিয়ে হবে আলোচনা।

প্রসঙ্গত, ব্যাংককে সোমবার সকাল থেকে শুরু হয়েছে আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলন। ‘ফাইন্যান্সের অলিম্পিক’ খ্যাত এ আয়োজনে যোগ দিয়েছেন ১৯০টি দেশের অর্থমন্ত্রী ও গভর্নররা। সম্মেলনে আইএমএফের সঙ্গে প্রায় সাড়ে চারশ কোটি ডলারের নতুন তিন বছর মেয়াদি ঋণ চুক্তি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি বাজেট সহায়তা, জ্বালানি নিরাপত্তা, খাদ্য ও সার আমদানি, সামাজিক সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বব্যাংকের অর্থায়নের বিষয়ে আলোচনা হবে। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চলবে বৈঠকটি।


অর্থনীতি এর আরও খবর

img

বিশেষ সুবিধা পেল বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠান

প্রকাশিত :  ১৮:৫৭, ১২ অক্টোবর ২০২৬

বাংলাদেশ ব্যাংক ঋণখেলাপি বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠানকে নতুন করে বিশেষ সুবিধা দিয়েছে । সোনালী ব্যাংকে শাইনপুকুর সিরামিকসের ১০৫ কোটি টাকার চলতি মূলধন সীমা আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত নবায়ন করতে বলা হয়েছে। আর ন্যাশনাল ব্যাংকে বেক্সিমকো এলপিজির অনুকূলে এলসি খোলার অনুমোদন দেওয়া হয়েছে। আজ সোমবার এ বিষয়ে আলাদা দু’টি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাইনপুকুর সিরামিকস্ লিমিটেডের ঋণ খেলাপি হওয়ার পরও সোনালী ব্যাংকে প্রতিষ্ঠানটির চলতি মূলধন সীমা ১০৫ কোটি টাকা নবায়নের ক্ষেত্রে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংক কোম্পানি আইনের ২৭কক(৩) ধারা কার্যকর হবে না। রাষ্ট্রীয় স্বার্থে ব্যাংক কোম্পানি আইনের ১২১ ধারার ক্ষমতা বলে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত ১৭ আগস্ট অপর এক নির্দেশনার মাধ্যমে শতভাগ মার্জিনে শাইনপুকুর সিরামিকসের ঋণপত্র খোলার অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

সোমবারের অপর এক প্রজ্ঞাপনে শতভাগ মার্জিনের বিপরীতে ন্যাশনাল ব্যাংকে বেক্সিমকো এলপিজির এলসি খোলার অনুমোদন দেওয়া হয়েছে। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ পাবে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ব্যাংক উভয় প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে দু’টি শর্ত দিয়েছে। প্রথমত, এই সুবিধার বিপরীতে সরকারের কোনো দায় সৃষ্টি হবে না। আর সকল আয় একটি নির্দিষ্ট হিসাবে জমা রাখতে হবে। সেখান থেকে আনুপাতিক হারে পাওনা পরিশোধ হবে।

কোনো ঋণখেলাপি প্রতিষ্ঠানকে ব্যাংকিং সুবিধা দেওয়ার ওপর ব্যাংক কোম্পানি আইনের ২৭কক(৩) ধারায় নিষেধাজ্ঞা রয়েছে। সরকারের সাথে পরামর্শ করে এই ধারা থেকে অব্যাহতি দিল বাংলাদেশ ব্যাংক। বেক্সিমকো ছাড়াও সম্প্রতি আরও কয়েকটি ঋণখেলাপি প্রতিষ্ঠানকে একই রকম সুবিধা দেওয়া হয়েছে।


অর্থনীতি এর আরও খবর