img

হয়রানির প্রতিবাদে সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

প্রকাশিত :  ১০:৩০, ১২ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:৪২, ১২ অক্টোবর ২০২৬

হয়রানির প্রতিবাদে সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

হয়রানির প্রতিবাদে সারাদেশে দুই দিন সব গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ীরা। আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) দেশব্যাপী সিলিন্ডার বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান। সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, টানা দুই দিন সারা দেশে এলপি গ্যাসের দোকান বন্ধ থাকবে।

সেলিম খান বলেন, গ্যাস সিলিন্ডারের দাম ও সাপ্লাই নিয়ে বারবার হয়রানির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। এসবের প্রতিবাদে আগামী বৃহস্পতি ও শুক্রবার সব দোকান বন্ধ থাকবে। এলপি গ্যাস ব্যবসায়ীদের যেসব দাবি দাওয়া আছে, সেগুলো মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিম অভিযোগ করেন, শুধু ৫টি কোম্পানির হাতে এলপি সিলিন্ডার গ্যাসের বিপণন জিম্মি। তাদের হাত ধরে স্বৈরাচারী কায়দায় এলপি গ্যাসের মূল্য বৃদ্ধির হচ্ছে বলে ক্ষোভ জানান তিনি।

এর আগে, গত ৪ অক্টোবর দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে এক হাজার ৮৩৭ টাকা করা হয়। তবে সব সময়ের মতো সরকার নির্ধারিত এই দামে কোথাও মিলছে না গ্যাস। ২ হাজার থেকে ২২০০ কিংবা ২৪০০ টাকা দিলে মিলিয়ন পাওয়া যায় ১২ কেজির সিলিন্ডার। 



অর্থনীতি এর আরও খবর

img

বিশেষ সুবিধা পেল বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠান

প্রকাশিত :  ১৮:৫৭, ১২ অক্টোবর ২০২৬

বাংলাদেশ ব্যাংক ঋণখেলাপি বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠানকে নতুন করে বিশেষ সুবিধা দিয়েছে । সোনালী ব্যাংকে শাইনপুকুর সিরামিকসের ১০৫ কোটি টাকার চলতি মূলধন সীমা আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত নবায়ন করতে বলা হয়েছে। আর ন্যাশনাল ব্যাংকে বেক্সিমকো এলপিজির অনুকূলে এলসি খোলার অনুমোদন দেওয়া হয়েছে। আজ সোমবার এ বিষয়ে আলাদা দু’টি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাইনপুকুর সিরামিকস্ লিমিটেডের ঋণ খেলাপি হওয়ার পরও সোনালী ব্যাংকে প্রতিষ্ঠানটির চলতি মূলধন সীমা ১০৫ কোটি টাকা নবায়নের ক্ষেত্রে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংক কোম্পানি আইনের ২৭কক(৩) ধারা কার্যকর হবে না। রাষ্ট্রীয় স্বার্থে ব্যাংক কোম্পানি আইনের ১২১ ধারার ক্ষমতা বলে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত ১৭ আগস্ট অপর এক নির্দেশনার মাধ্যমে শতভাগ মার্জিনে শাইনপুকুর সিরামিকসের ঋণপত্র খোলার অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

সোমবারের অপর এক প্রজ্ঞাপনে শতভাগ মার্জিনের বিপরীতে ন্যাশনাল ব্যাংকে বেক্সিমকো এলপিজির এলসি খোলার অনুমোদন দেওয়া হয়েছে। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ পাবে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ব্যাংক উভয় প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে দু’টি শর্ত দিয়েছে। প্রথমত, এই সুবিধার বিপরীতে সরকারের কোনো দায় সৃষ্টি হবে না। আর সকল আয় একটি নির্দিষ্ট হিসাবে জমা রাখতে হবে। সেখান থেকে আনুপাতিক হারে পাওনা পরিশোধ হবে।

কোনো ঋণখেলাপি প্রতিষ্ঠানকে ব্যাংকিং সুবিধা দেওয়ার ওপর ব্যাংক কোম্পানি আইনের ২৭কক(৩) ধারায় নিষেধাজ্ঞা রয়েছে। সরকারের সাথে পরামর্শ করে এই ধারা থেকে অব্যাহতি দিল বাংলাদেশ ব্যাংক। বেক্সিমকো ছাড়াও সম্প্রতি আরও কয়েকটি ঋণখেলাপি প্রতিষ্ঠানকে একই রকম সুবিধা দেওয়া হয়েছে।


অর্থনীতি এর আরও খবর