img

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে বুধবার চুক্তি সই

প্রকাশিত :  ১৭:০১, ০৬ অক্টোবর ২০২৬

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে বুধবার চুক্তি সই
ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে আনুষ্ঠানিক চুক্তি করতে যাচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামীকাল বুধবার (৬ অক্টোবর) ঢাকার একটি তারকা হোটেলে ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ারবাসের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হবে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর বাড়াতে উদ্যোগী হয়। এরই অংশ হিসেবে দুই দফায় যুক্তরাষ্ট্রের নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান।

এরমধ্যেই এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার জন্য সরকারের বিভিন্ন পর্যায়ে দৌড়ঝাঁপ শুরু করে ইউরোপীয় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা। সরকারের পক্ষ থেকে এয়ারবাস কেনার আলোচনার কথা বলা হলেও শেষ পর্যন্ত সেই আলোচনার আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে কালকের চুক্তির মাধ্যমে।
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে বুধবার চুক্তি সই
সরকারের সিদ্ধান্ত কীভাবে গরিবের পেটে লাথি মারে, ডিমের দাম তার সাক্ষী: নাহিদ

এই চুক্তির মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি মিশ্র এয়ারলাইন্স হওয়ার দিকে হাঁটা শুরু করলো। অর্থাৎ এতদিন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি বোয়িংয়ের উড়োজাহাজেই বিভিন্ন রুটে আন্তর্জাতিক ফ্লাইট চালিয়ে আসছিল। তবে এবার বহরে এয়ারবাসও যুক্ত করতে যাচ্ছে। যদিও বিশ্বের বড় এয়ারলাইন্সগুলো বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের উড়োজাহাজ দিয়ে তাদের বহর সাজিয়ে আসছিল। দেশের বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরেও বোয়িংয়ের সঙ্গে একাধিক এয়ারবাস রয়েছে।
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে বুধবার চুক্তি সই
নতুন পে-স্কেলের মধ্যেই বেতন বাড়ল প্রাইমারির প্রধান শিক্ষকদের

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শিরোনামে এক অনুষ্ঠানে এয়ারবাসের সঙ্গে চুক্তি সই হবে। এই চুক্তিকে বিমানের বহর সম্প্রসারণ এবং বাংলাদেশের এভিয়েশনের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও উল্লেখ করা হয় তাতে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ইয়োর্গেন ওয়েস্টারমেয়ার উপস্থিত থাকবেন।

বিমানের বিজ্ঞপ্তিতে এয়ারবাস থেকে কী ধরনের উড়োজাহাজ কেনার চুক্তি হচ্ছে, তা উল্লেখ করা না হলেও গত ২৯ সেপ্টেম্বর এক প্রেস ব্রিফিংয়ে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছিলেন, ১০টি এয়ারবাসের মধ্যে চারটি ওয়াইডবডি (সুপ্রশস্ত) এ ৩৫০-৯০০ এবং ছয়টি ন্যারো বডির এ ৩২১ নিও উড়োজাহাজ কেনা হচ্ছে।

এদিকে সোমবার সচিবালয়ে বিমানমন্ত্রীর সঙ্গে ঢাকায় জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোৎজের নেতৃত্বে জার্মানির তথা ইউরোপের অন্যতম প্রধান ও শীর্ষস্থানীয় বিমানসংস্থা লুফথানসার একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।

ওই অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উন্নয়নে ১০টি এয়ারবাস কেনার চুক্তি স্বাক্ষরের জন্য কাজ করছি। তবে এয়ারবাসের ডেলিভারির সময়কাল এগিয়ে আনা জরুরি। ওই সময় তিনি ২০৩০ সালের আগেই এয়ারবাসের ডেলিভারি শুরু হওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার অগ্রযাত্রায় জার্মানির বিমানসংস্থা লুফথানসার সঙ্গে কাজ করতে সরকারের আগ্রহের কথাও জানান বিমানমন্ত্রী।

প্রতিনিধি দলকে তিনি বলেন, লুফথানসা বিশ্বে প্রখ্যাত এভিয়েশন প্রতিষ্ঠান। তাই দেশের এভিয়েশন হাবের অগ্রযাত্রায় মেইনটেইনেন্স রিপেয়ার অ্যান্ড ওভারহোল স্থাপনের বিষয়ে লুফথানসার বিনিয়োগের সুযোগ রয়েছে। তাছাড়া দেশেই দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রতিষ্ঠানটি বিমানের সঙ্গে কাজ করতে পারে।

সাক্ষাৎ অনুষ্ঠানে দুই দেশের মধ্যে বিমান চলাচল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

অর্থনীতি এর আরও খবর

img

প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস, জরুরি সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের

প্রকাশিত :  ০৮:০৯, ০৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৯:০৭, ০৬ অক্টোবর ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধীরগতি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির হিসাবে, ২০২৬ ও ২০২৭ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে থাকতে পারে। তবে ২০২৮ অর্থবছরে তা বেড়ে ৩ দশমিক ৯ শতাংশে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) প্রকাশিত বিশ্বব্যাংকের অক্টোবর ২০২৬-এর বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে অর্থনীতির এ চিত্র তুলে ধরা হয়েছে। ‘মেক সাবসিডিজ অ্যান্ড সোশ্যাল প্রটেকশন ওয়ার্ক বেটার ফর দ্য পুওর’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৭ অর্থবছরের প্রবৃদ্ধির পূর্বাভাস আগের হিসাবের তুলনায় ১ দশমিক ২ শতাংশীয় পয়েন্ট কমানো হয়েছে। একইভাবে ২০২৬ অর্থবছরের পূর্বাভাসও শূন্য দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট কমিয়েছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের মতে, ২০২৩ সাল থেকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধীরগতি দেখা যাচ্ছে। জ্বালানি ও আর্থিক খাতের দুর্বলতা, অভ্যন্তরীণ রাজস্ব আহরণে ঘাটতি এবং বৈশ্বিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে চাপ তৈরি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিনিয়োগ কার্যক্রম দুর্বল হয়েছে, রপ্তানির গতি কমেছে এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। একই সঙ্গে ব্যবসার খরচও বেড়েছে।

বিশ্বব্যাংক জানিয়েছে, আর্থিক খাতের দুর্বলতা ঋণপ্রবাহ ও বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে। সীমিত রাজস্ব সক্ষমতার কারণে সরকারি বিনিয়োগও বাধাগ্রস্ত হচ্ছে। তবে শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের উন্নতির কারণে দেশের বৈদেশিক খাত কিছুটা স্থিতিশীল রয়েছে।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জ্যঁ পেসমে বলেন, অর্থনৈতিক মন্দা এড়াতে এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে ফিরতে ব্যাংকিং খাত, অভ্যন্তরীণ রাজস্ব আহরণ ও জ্বালানি খাতে দ্রুত ও বড় ধরনের সংস্কার প্রয়োজন।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরে বাংলাদেশে দারিদ্র্য ও বৈষম্য বেড়েছে। আগের বছরের তুলনায় প্রায় ২১ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যের মধ্যে পড়েছে। একই সময়ে কর্মসংস্থান সৃষ্টি থমকে গেছে এবং নারীরা কর্মসংস্থান হারিয়েছেন।

এদিকে ব্যাংকিং খাতের দুর্বলতাও বেড়েছে। ২০২৫ সালের ডিসেম্বরের ৩০ দশমিক ৬ শতাংশ থেকে ২০২৬ সালের জুনে খেলাপি ঋণের হার বেড়ে ৩৩ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। জিডিপির তুলনায় রাজস্ব আহরণ ৮ দশমিক ৩ শতাংশে রয়েছে, যা বিশ্বের অন্যতম সর্বনিম্ন। ২০২৬ অর্থবছরে রাজস্ব ঘাটতি বেড়ে জিডিপির ৩ দশমিক ৯ শতাংশ হয়েছে, যা আগের অর্থবছরে ছিল ৩ দশমিক ৫ শতাংশ।

বিশ্বব্যাংক বলেছে, সামাজিক সুরক্ষা কর্মসূচি, জ্বালানি ও কৃষি ভর্তুকি দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করছে। তবে সবচেয়ে দরিদ্র পরিবারগুলোর প্রায় অর্ধেকই এখনো কোনো সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় নেই।

অন্যদিকে চলতি বছরে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। ২০২৭ সালে তা কমে ৬ দশমিক ৭ শতাংশে দাঁড়াতে পারে। সংস্থাটি বলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার এ অঞ্চলের অর্থনীতিতে নতুন প্রবৃদ্ধির সুযোগ তৈরি করতে পারে।