img

নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪

প্রকাশিত :  ০৬:০৮, ২০ অক্টোবর ২০২৬

নাটোরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ের থানার সহকারী পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ পর্যন্ত ১৩ জন মারা গেছেন। তাদের মধ্যে ট্রাকচালক আলমগীর হোসেন রয়েছেন। অন্যদের নাম–পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং হতাহতদের উদ্ধার করেন।
নাটোর ফায়ার সার্ভিস ও বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, বরিশালের বরগুনা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের যাত্রীবাহী একটি বাস ভোরে বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনাগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ৩০ জন।

আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে

আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয়, নাটোর ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তিদের মধ্যে এক শিশুর মৃত্যু হয় নাটোর সদর হাসপাতালে। অন্য হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্র এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জাতীয় এর আরও খবর

img

আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত :  ০৮:১৪, ২০ অক্টোবর ২০২৬

সংবিধানে ধর্মীয় বৈষম্য নিষিদ্ধ এবং প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে। সংবিধানে যা আছে, আমরা তা বাস্তবায়ন করেছি এবং ভবিষ্যতেও করব।’

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এবারের দুর্গাপূজায় সর্বোচ্চ ছুটি, নিরাপত্তা ও আনন্দ-সম্প্রীতি নিশ্চিত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্য না করার পাশাপাশি ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। বিএনপি সরকার এসব অধিকার নিশ্চিত করছে।

সংবিধানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে। তাহলে সংবিধান থেকে কিছু বলি, অনুচ্ছেদ ২৮-এ ধর্মের ভিত্তিতে বৈষম্য না করার কথা বলা হয়েছে, অনুচ্ছেদ ৪১-এ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের স্বাধীনতা নিশ্চিতের কথা বলা হয়েছে। বিএনপি সরকার এই সবকিছু নিশ্চিত করছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যারা হিন্দু ধর্মাবলম্বীদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছেন, সেই আওয়ামী লীগই হিন্দুদের জমি দখল করে রেখেছে।’

বাংলাদেশের সংবিধানের ২৮ অনুচ্ছেদে ধর্মসহ নির্দিষ্ট কিছু পরিচয়ের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে, ৪১ অনুচ্ছেদে আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে প্রত্যেক নাগরিকের ধর্ম পালন, প্রচার ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার স্বীকৃত হয়েছে।

ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত করার প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সংবিধানের এসব অধিকার বাস্তবায়নে কাজ করছে।

জাতীয় এর আরও খবর