img

অর্থনীতি কিছুটা চাপে থাকলেও সঠিক পথেই রয়েছে: অর্থমন্ত্রী

প্রকাশিত :  ১৫:২৩, ১১ নভেম্বর ২০২৬

অর্থনীতি কিছুটা চাপে থাকলেও সঠিক পথেই রয়েছে: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতি কিছুটা চাপে থাকলেও তা সঠিক পথেই রয়েছে এবং ধীরে ধীরে ইতিবাচক ধারায় ফিরছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান আলোচনা ও কর্মসূচি আগামী জানুয়ারির মধ্যেই চূড়ান্ত রূপ পাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ইউনেস্কো ও জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

রাজস্ব আদায়ের চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী জানান, বর্তমানে আয়কর ও কাস্টমস উভয় খাতেই প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তবে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় কিছুটা পিছিয়ে রয়েছে। এক মাসের পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো হাতে আসেনি। পূর্ণাঙ্গ চিত্র পাওয়া গেলে ভ্যাট আদায়েও ঊর্ধ্বমুখী গতি দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, প্রথম প্রান্তিকের পর পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে রাজস্ব পরিস্থিতি ইতিবাচক হবে। এর ফলে সরকার নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা সফলভাবে পূরণ করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

একদিকে রাজস্ব আয় পিছিয়ে পড়া, অন্যদিকে পে-স্কেলের কারণে সরকারি ব্যয় বেড়ে যাওয়ায় সরকার কোনো চ্যালেঞ্জের মুখে পড়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রথম প্রান্তিকে হিসাব কিছুটা পিছিয়ে থাকা স্বাভাবিক। সবকিছু চুলচেরা হিসাব-নিকাশ করেই পরিচালনা করা হচ্ছে। জনগণের করের প্রতিটি টাকার সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে।

তিনি বলেন, প্রতিটি সরকারি ব্যয়ের ক্ষেত্রে বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। হিসাবের বাইরে বা অপ্রয়োজনীয় কোনো ব্যয় করা হচ্ছে না।

আইএমএফের ঋণ ও কর্মসূচি চূড়ান্ত হওয়ার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এখানে ঋণ পাওয়াটাই মূল বিষয় নয়; এটি একটি পূর্ণাঙ্গ প্যাকেজ কর্মসূচি। এর আওতায় আইএমএফ, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় সংস্থার পাশাপাশি বন্ড ইস্যুর মাধ্যমেও অর্থায়নের কার্যক্রম পরিচালিত হয়।

তিনি জানান, আইএমএফের সঙ্গে ওয়ার্কিং গ্রুপের আলোচনা নিয়মিত চলছে। আগামী জানুয়ারির মধ্যে এ কর্মসূচির চূড়ান্ত রূপরেখা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ও পৃথকীকরণ নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি ইতোমধ্যে নীতিগতভাবে চূড়ান্ত হয়েছে। দ্রুতই এটি আইনি রূপ পেতে যাচ্ছে।

অর্থনীতি এর আরও খবর

img

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

প্রকাশিত :  ০৪:২৪, ১২ নভেম্বর ২০২৬

জ্বালানি তেলের দামে বিশ্ববাজারে বড় পতন হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় অগ্রগতির সম্ভাবনায় এ দরপতন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দুই প্রধান বেঞ্চমার্কের দামই ১ শতাংশের বেশি কমেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন বাংলাদেশ সময় ৭টা ৪১ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে যায়। এতে তেলের দাম ৯১ দশমিক ৬২ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ০৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে দাঁড়ায় ৮৫ দশমিক ৪৯ ডলারে।

এর আগে মঙ্গলবার দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল তেলের দাম। তবে বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়েছিল।

বিশ্লেষকদের মতে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা এবং ইরান যুদ্ধের আরও বিস্তার না ঘটার প্রত্যাশা তেলের বাজারে দরপতনের অন্যতম কারণ।

নিসান সিকিউরিটিজ ইনভেস্টমেন্টের প্রধান কৌশলবিদ হিরোয়ুকি কিকুকাওয়া বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় পর্দার আড়ালে আলোচনা চলছে বলে বাজারে প্রত্যাশা তৈরি হয়েছে। পাশাপাশি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ বৈঠকের আগে ইরান যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কাও কমেছে।

বুধবার আবুধাবিতে দুই দিনের শান্তি আলোচনা শেষে রাশিয়া ও ইউক্রেন বড় ধরনের বন্দিবিনিময়ে সম্মত হয়েছে। তবে ভূখণ্ডসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে দুই পক্ষের মতপার্থক্য এখনো রয়েছে। এদিকে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি জানিয়েছেন, সমৃদ্ধ ইউরেনিয়ামের সামান্য অংশও দেশটির বাইরে যেতে দেওয়া হবে না।

তবে হরমুজ প্রণালিতে অনিশ্চয়তা থাকায় তেলের বাজারে বড় ধরনের দরপতনের সুযোগ সীমিত বলে মনে করছেন বিশ্লেষকেরা। অন্যদিকে সৌদি আরবের উৎপাদন বৃদ্ধির কারণে অক্টোবরে ওপেক প্লাসের অপরিশোধিত তেল উৎপাদন বেড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত গত সপ্তাহে ৯০ লাখ ব্যারেল বেড়েছে বলে জানিয়েছে বাজারসংশ্লিষ্ট সূত্র।