img

একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ৫,৪৮২ টাকা

প্রকাশিত :  ০৫:০৬, ০৫ নভেম্বর ২০২৬

একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ৫,৪৮২ টাকা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে । এবার ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ সকাল ১০টা থেকেই নতুন এ দর কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের মূল্যতালিকা (ভ্যাটসহ):

ক্যারেট/ক্যাটাগরি নতুন মূল্য (প্রতি ভরি)

২২ ক্যারেট ২,২৯,৬৬৪ টাকা

২১ ক্যারেট ২,১৯,৩৪২ টাকা

১৮ ক্যারেট ১,৮৮,৩৭৪ টাকা

সনাতন পদ্ধতি ১,৫৩,৮৪৮ টাকা

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে। অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট আগেই যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা করে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া অলঙ্কার পরিবর্তনের ক্ষেত্রে ১২ শতাংশ এবং ফেরত দেওয়ার ক্ষেত্রে ১৮ শতাংশ অর্থ বাদ দিতে হবে।

এর আগে গতকাল বুধবার (৪ নভেম্বর) সকালে ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বৃদ্ধি করেছিল বাজুস। একদিনের ব্যবধানে আজ ফের বড় অঙ্কের এই মূল্যবৃদ্ধি ঘটল। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ১৩৩ বার সমন্বয় করা হলো; যার মধ্যে ৬৫ বার বেড়েছে, ৬৭ বার কমেছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

স্বর্ণের দামে বড় লাফ দিলেও বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে।

অর্থনীতি এর আরও খবর

img

দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা

প্রকাশিত :  ০৯:১৯, ১৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশের সরকারি ঋণ মাত্র দুই বছরে বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা। ২০২২ সালের ৩০ জুন সরকারি ঋণের পরিমাণ ছিল ১৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা।
২০২৪ সালের ৩০ জুন তা বেড়ে দাঁড়ায় ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকায়।

অন্যদিকে আগামী কয়েক বছরে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ আরো বাড়বে। ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হবে ৪৫০ কোটি ডলার। ২০২৯-৩০ অর্থবছরে তা বেড়ে প্রায় ৫৫০ কোটি ডলারে পৌঁছাতে পারে।

রবিবার (১৫ নভেম্বর) কক্সবাজারে প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের উপলক্ষে দেওয়া প্রেস ব্রিফিং নোটে এসব তথ্য তুলে ধরা হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের জন্য তৈরি করা ওই নোটে দেশের ঋণ পরিস্থিতি, ঋণ ব্যবস্থাপনার সংস্কার এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

নোট অনুযায়ী, ২০২৪ সালের জুন শেষে বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ দাঁড়ায় ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩৬ শতাংশ। একই সময়ে সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ ছিল প্রায় ১০৪ বিলিয়ন ডলার।
২০০৯ সালে এই ঋণের পরিমাণ ছিল প্রায় ২৩ দশমিক ৫ বিলিয়ন ডলার।

ঋণের পাশাপাশি সরকারের সুদ পরিশোধের ব্যয়ও বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরে সরকারের সুদ পরিশোধের পরিমাণ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। ২০২১-২২ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে বৈদেশিক ঋণের সুদ পরিশোধ বেড়েছে সাড়ে তিন গুণ। ওই অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ মিলিয়ে পরিশোধের পরিমাণ দাঁড়ায় ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার।

প্রেস ব্রিফিং নোটে ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার সময়কার অর্থনৈতিক পরিস্থিতির বর্ণনা দিয়ে বলা হয়, তখন বাজেট ঘাটতি মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। ২০২২ সালের জুনে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণ ছিল ৭৩০ কোটি টাকা। ২০২৪ সালের জুনে তা বেড়ে দাঁড়ায় ৫৬ হাজার ৭৫০ কোটি টাকায়। একই সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২০২৪ সালের জুলাই শেষে ২০ দশমিক ৫ বিলিয়ন ডলারে নেমে আসে।

তবে বর্তমান সরকারের সময়ে ঋণ ব্যবস্থাপনায় কিছু অগ্রগতির দাবি করা হয়েছে নোটে। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের অর্থায়ন ২০২৪ সালের জুনের ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা থেকে কমে ২০২৬ সালের জুনে ৪৮২ কোটি টাকায় নেমেছে। একই সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

এ ছাড়া সরকারের ঋণ নেয়ার ব্যয়ও কমেছে বলে উল্লেখ করা হয়েছে। ৯১ দিনের ট্রেজারি বিলের সুদের হার ২০২৫ সালের জুনে প্রায় ১২ শতাংশ থাকলেও ২০২৬ সালের জুনে তা ১০ শতাংশের নিচে নেমে আসে। বর্তমানে এ হার ৮ থেকে ৯ শতাংশের মধ্যে রয়েছে বলে নোটে বলা হয়েছে।

ঋণ ব্যবস্থাপনার ভবিষ্যৎ পরিকল্পনায় রাজস্ব আয় বাড়ানোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হিসেবে চিহ্নিত করা হয়েছে। করের আওতা সম্প্রসারণ, অযৌক্তিক কর অব্যাহতি কমানো এবং ভ্যাট ও আয়কর ব্যবস্থার ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

পাশাপাশি ব্যাংকিং খাত পুনর্গঠন, সরকারি ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণ এবং আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার পরিকল্পনার কথা বলা হয়েছে। নোটে আরও বলা হয়েছে, ব্যয়বহুল স্বল্পমেয়াদি ঋণের পরিবর্তে কম সুদের দীর্ঘমেয়াদি ঋণকে অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি ভালোভাবে যাচাই করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম প্রকল্পে ঋণের অর্থ ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেয়া হয়েছে।

দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ঋণের উৎস সম্প্রসারণে ইউরোবন্ড, সুকুক, গ্রিন বন্ড ও ব্লু বন্ডের মতো নতুন অর্থায়ন উপকরণ ব্যবহারের পরিকল্পনাও তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে উপযুক্ত সময়ে অর্থ সংগ্রহের কথা বলা হয়েছে।

অর্থনীতি এর আরও খবর