img

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

প্রকাশিত :  ১৮:৩০, ০৩ নভেম্বর ২০২৬

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

দেশের যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নয়নে দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির এ কথা জানান।

তিনি জানান, বৈঠকে জানানো হয়, দ্বিতীয় পদ্মা সেতু ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে। আগামী বছরের সেপ্টেম্বরে সমীক্ষা শেষ হওয়ার পর সেতু দুটির অবস্থান, নকশা ও প্রকল্প ব্যয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে দ্বিতীয় পদ্মা সেতুর ক্ষেত্রে ওয়াই-আকৃতির সংযোগ ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া দ্বিতীয় যমুনা সেতুর ক্ষেত্রে রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নকে গুরুত্ব দেওয়ার বিষয়টি উঠে আসে।

দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি মোংলা সমুদ্রবন্দর এবং বেনাপোল ও দর্শনা স্থলবন্দরের সঙ্গে বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে।

এছাড়া বৈঠকে পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়ে আলোচনা হয়। শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি, নদীর প্রবাহ ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ব্যারেজের মাধ্যমে সড়ক যোগাযোগ স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও বৈঠকে প্রকল্পগুলোর অর্থায়ন, জমি অধিগ্রহণ, পুনর্বাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়ও উঠে আসে বলেও জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. একেএম শাহাবুদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহা. এনামূল হক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (যুগ্মসচিব) মো. ভিখারুদ্দৌলা চৌধুরী, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. আবুল হোসেন এবং পদ্মা ব্যারেজের প্রকল্প পরিচালক মাহমুদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

অর্থনীতি এর আরও খবর

img

দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা

প্রকাশিত :  ০৯:১৯, ১৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশের সরকারি ঋণ মাত্র দুই বছরে বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা। ২০২২ সালের ৩০ জুন সরকারি ঋণের পরিমাণ ছিল ১৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা।
২০২৪ সালের ৩০ জুন তা বেড়ে দাঁড়ায় ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকায়।

অন্যদিকে আগামী কয়েক বছরে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ আরো বাড়বে। ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হবে ৪৫০ কোটি ডলার। ২০২৯-৩০ অর্থবছরে তা বেড়ে প্রায় ৫৫০ কোটি ডলারে পৌঁছাতে পারে।

রবিবার (১৫ নভেম্বর) কক্সবাজারে প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের উপলক্ষে দেওয়া প্রেস ব্রিফিং নোটে এসব তথ্য তুলে ধরা হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের জন্য তৈরি করা ওই নোটে দেশের ঋণ পরিস্থিতি, ঋণ ব্যবস্থাপনার সংস্কার এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

নোট অনুযায়ী, ২০২৪ সালের জুন শেষে বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ দাঁড়ায় ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩৬ শতাংশ। একই সময়ে সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ ছিল প্রায় ১০৪ বিলিয়ন ডলার।
২০০৯ সালে এই ঋণের পরিমাণ ছিল প্রায় ২৩ দশমিক ৫ বিলিয়ন ডলার।

ঋণের পাশাপাশি সরকারের সুদ পরিশোধের ব্যয়ও বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরে সরকারের সুদ পরিশোধের পরিমাণ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। ২০২১-২২ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে বৈদেশিক ঋণের সুদ পরিশোধ বেড়েছে সাড়ে তিন গুণ। ওই অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ মিলিয়ে পরিশোধের পরিমাণ দাঁড়ায় ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার।

প্রেস ব্রিফিং নোটে ২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেওয়ার সময়কার অর্থনৈতিক পরিস্থিতির বর্ণনা দিয়ে বলা হয়, তখন বাজেট ঘাটতি মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। ২০২২ সালের জুনে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণ ছিল ৭৩০ কোটি টাকা। ২০২৪ সালের জুনে তা বেড়ে দাঁড়ায় ৫৬ হাজার ৭৫০ কোটি টাকায়। একই সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২০২৪ সালের জুলাই শেষে ২০ দশমিক ৫ বিলিয়ন ডলারে নেমে আসে।

তবে বর্তমান সরকারের সময়ে ঋণ ব্যবস্থাপনায় কিছু অগ্রগতির দাবি করা হয়েছে নোটে। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের অর্থায়ন ২০২৪ সালের জুনের ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা থেকে কমে ২০২৬ সালের জুনে ৪৮২ কোটি টাকায় নেমেছে। একই সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

এ ছাড়া সরকারের ঋণ নেয়ার ব্যয়ও কমেছে বলে উল্লেখ করা হয়েছে। ৯১ দিনের ট্রেজারি বিলের সুদের হার ২০২৫ সালের জুনে প্রায় ১২ শতাংশ থাকলেও ২০২৬ সালের জুনে তা ১০ শতাংশের নিচে নেমে আসে। বর্তমানে এ হার ৮ থেকে ৯ শতাংশের মধ্যে রয়েছে বলে নোটে বলা হয়েছে।

ঋণ ব্যবস্থাপনার ভবিষ্যৎ পরিকল্পনায় রাজস্ব আয় বাড়ানোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হিসেবে চিহ্নিত করা হয়েছে। করের আওতা সম্প্রসারণ, অযৌক্তিক কর অব্যাহতি কমানো এবং ভ্যাট ও আয়কর ব্যবস্থার ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

পাশাপাশি ব্যাংকিং খাত পুনর্গঠন, সরকারি ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণ এবং আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার পরিকল্পনার কথা বলা হয়েছে। নোটে আরও বলা হয়েছে, ব্যয়বহুল স্বল্পমেয়াদি ঋণের পরিবর্তে কম সুদের দীর্ঘমেয়াদি ঋণকে অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি ভালোভাবে যাচাই করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম প্রকল্পে ঋণের অর্থ ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেয়া হয়েছে।

দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ঋণের উৎস সম্প্রসারণে ইউরোবন্ড, সুকুক, গ্রিন বন্ড ও ব্লু বন্ডের মতো নতুন অর্থায়ন উপকরণ ব্যবহারের পরিকল্পনাও তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে উপযুক্ত সময়ে অর্থ সংগ্রহের কথা বলা হয়েছে।

অর্থনীতি এর আরও খবর