img

বিদেশি সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে ৪০ শতাংশ

প্রকাশিত :  ০৮:৪৩, ২৭ অক্টোবর ২০২৬

বিদেশি সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে ৪০ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের জন্য বিদেশি ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি প্রায় ৪০ শতাংশ বেড়েছে। তবে নতুন অর্থায়নের প্রতিশ্রুতি বাড়লেও একই সময়ে বিদেশি সহায়তার অর্থছাড় কমেছে। ফলে প্রতিশ্রুত অর্থায়ন বৃদ্ধি এবং বাস্তবে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেছে।

একই সঙ্গে বেড়েছে বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধের চাপ।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম প্রান্তিকে উন্নয়ন সহযোগীরা ১২৭ কোটি ৩০ লাখ ৩০ হাজার ডলারের ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৯১ কোটি ৬ লাখ ৭০ হাজার ডলার। সেই হিসাবে প্রতিশ্রুতি বেড়েছে ৩৯ দশমিক ৮ শতাংশ।

নতুন প্রতিশ্রুতির মধ্যে ঋণ ১১৪ কোটি ৭৫ লাখ ৮০ হাজার ডলার এবং অনুদান ১২ কোটি ৫৪ লাখ ৫০ হাজার ডলার।

অন্যদিকে, এ সময়ে বিদেশি সহায়তার অর্থছাড় হয়েছে ৬৬ কোটি ২৩ লাখ ১০ হাজার ডলার। গত অর্থবছরের একই সময়ে ছাড় হয়েছিল ১১৪ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে অর্থছাড় কমেছে উল্লেখযোগ্য পরিমাণে।

এদিকে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ বাংলাদেশকে পরিশোধ করতে হয়েছে ১৩৫ কোটি ১২ লাখ ৩০ হাজার ডলার। গত অর্থবছরের একই সময়ে এ ব্যয় ছিল ১২৭ কোটি ৯৯ লাখ ৫০ হাজার ডলার। সে হিসাবে ঋণ পরিশোধ বেড়েছে ৫ দশমিক ৬ শতাংশ।

 ইআরডির হিসাব অনুযায়ী, এ সময়ে ঋণের আসল বাবদ ৮৫ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার এবং সুদ বাবদ ৪৯ কোটি ২৩ লাখ ১০ হাজার ডলার পরিশোধ করা হয়েছে।

এদিকে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণে প্রায় ১০০ কোটি ডলারের অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইএসডিবি)।

এ অর্থায়ন বাস্তবায়িত হলে জ্বালানি পরিশোধন সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে সহায়ক হবে।

বিদেশি সহায়তার প্রতিশ্রুতি বাড়লেও তা বাস্তবে পেতে সময়মতো অর্থছাড় এবং প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

অর্থনীতি এর আরও খবর

img

আজ (২৮ অক্টোবর) ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

প্রকাশিত :  ০৮:৪৩, ২৮ অক্টোবর ২০২৬

আজ ২৮ অক্টোবর বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট প্রায় ১৮ কোটি ৫১ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে, যেখানে মোট ৪৫টি লেনদেনে ৪৩ লাখ ৯১ হাজার ৯৬৫টি শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই‘র তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যমুনা ব্যাংকের, যার পরিমাণ ৫ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি, যার লেনদেনের পরিমাণ ৪ কোটি ৭৭ লাখ ১০ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস্‌, যার ২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ১ কোটি ৫ লাখ ৬০ হাজার টাকা, রেনাটা পিএলসি ৭৮ লাখ ৯৬ হাজার টাকা।

অর্থনীতি এর আরও খবর