img

মিলছে বকেয়া টাকা: ২২ হাজার বিমা গ্রাহকের জন্য স্বস্তির খবর

প্রকাশিত :  ০৬:৩৯, ০৯ নভেম্বর ২০২৬

মিলছে বকেয়া টাকা: ২২ হাজার বিমা গ্রাহকের জন্য স্বস্তির খবর

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) দীর্ঘদিন ধরে আটকে থাকা বিমা দাবি নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে । সংস্থাটির প্রত্যক্ষ মধ্যস্থতায় চার ধাপে মোট ২২ হাজার ৩০ জন গ্রাহককে ৮৪ কোটি টাকারও বেশি বিমা দাবি পরিশোধের প্রক্রিয়া চলছে।

এরই ধারাবাহিকতায় ৪টি ধাপে মোট ৮৪.০৬ কোটি টাকা পরিশোধের চূড়ান্ত লক্ষ্য পূরণ হতে যাচ্ছে। আগামীকাল (০৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ ধাপে পাঁচটি জীবন বিমা কোম্পানির ৫ হাজার ৯৭২ জন গ্রাহকের হাতে তুলে দেওয়া হবে ২০.১৫ কোটি টাকা।

চতুর্থ ধাপে সবচেয়ে বড় অঙ্কের বিমা দাবি পরিশোধ করবে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। প্রতিষ্ঠানটি তাদের ১,০৭৪ জন গ্রাহককে মোট ৮.৩৭ কোটি টাকা প্রদান করবে। এছাড়া হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স ৩ হাজার ১৬৩ জন গ্রাহককে ৫.০৪ কোটি টাকা, পদ্মা ইসলামী লাইফ ১ হাজার ৩৫০ জন গ্রাহককে ৫ কোটি টাকা, প্রগ্রেসিভ লাইফ ৩৪৪ জন গ্রাহককে ১.৬৭ কোটি টাকা এবং বায়রা লাইফ ইন্স্যুরেন্স ৪১ জন গ্রাহককে ৭ লাখ টাকা পরিশোধ করবে।

এর আগে সম্পন্ন হওয়া তিনটি ধাপে ১৬ হাজার ৫৮ জন গ্রাহকের মাঝে ইতোমধ্যে ৬৩.৯১ কোটি টাকা বিতরণ করা হয়েছে। প্রথম ধাপে ২ হাজার ৫৪৯ জন গ্রাহক পেয়েছিলেন ১৪.৫১ কোটি টাকা, দ্বিতীয় ধাপে ৫ হাজার ৮৬৮ জন গ্রাহক পেয়েছিলেন ২৩.০৪ কোটি টাকা এবং তৃতীয় ধাপে ৭ হাজার ৬৪১ জন বিমা গ্রাহককে দেওয়া হয়েছিল ২৬.৩৭ কোটি টাকা।

২০২৬ সালের জুনে আইডিআরএ-র চেয়ারম্যান হিসেবে মীর নাদিয়া নিভিন দায়িত্ব নেওয়ার পর দীর্ঘদিনের বকেয়া ও বৈধ বিমা দাবি নিষ্পত্তিতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়। চেয়ারম্যানের তথ্য অনুযায়ী, দেশের ৮২টি বিমা কোম্পানির কাছে গ্রাহকদের প্রায় ৭ হাজার কোটি টাকার বিমা দাবি অনাদায়ী অবস্থায় ছিল। এর মধ্যে আর্থিক সংকটে পড়া সাতটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কাছেই গ্রাহকদের পাওনা প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা।

এই বিশাল বকেয়া মেটাতে বিমা কোম্পানিগুলোর জমি ও সম্পদ বিক্রি, সরকারি সিকিউরিটিজ ভাঙানো এবং ব্যাংকে রক্ষিত স্থায়ী আমানত (এফডিআর) উদ্ধারের মাধ্যমে ফান্ড গঠনের কাজ করছে আইডিআরএ। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পুরোনো বিমা দাবিগুলোকেই এখানে প্রধান অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

গ্রাহকদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা এবং বছরের পর বছর ধরে অনাদায়ী পাওনা পরিশোধের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমা নিয়ন্ত্রক সংস্থাটি। সেই সাথে পুরো খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে কাজ চলছে।

বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিমা দাবি পরিশোধে বিলম্ব, অনাদায়ী দায় বৃদ্ধি এবং ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে গ্রাহকদের মধ্যে তীব্র অসন্তোষ ছিল। এমন প্রেক্ষাপটে আইডিআরএ-র এই ধাপে ধাপে টাকা পরিশোধের উদ্যোগ গ্রাহকের সুরক্ষায় এবং বিমা খাতের প্রতি হারানো আস্থা ফেরাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

img

অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনীতির গণতন্ত্র কাজ করে না

প্রকাশিত :  ০৮:০৯, ০৮ নভেম্বর ২০২৬

বিগত সরকারের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করাকে সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কোনো সরকারের অতীত কর্মকাণ্ড নিয়ে আলোচনায় যেতে চান না, কারণ এটি ‘ওয়েস্ট অব টাইম’।

আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, অর্থনীতি গণতান্ত্রিক না হলে দেশের উন্নতি কম হয়।

অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনীতিকে গণতান্ত্রিক করতে পারলে রাজনীতির গণতন্ত্রের একটা পর্যায়ে আমরা যেতে পারব। কিন্তু অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনীতি গণতন্ত্র কোনো দিন কাজ করে না।

সঠিক তথ্য না থাকলে স্বচ্ছতা আনা সম্ভব নয় বলে মন্তব্য করেন মন্ত্রী। বলেন, ‘আমরা তথ্যের স্বচ্ছতা আনার চেষ্টা করছি, আর এ লক্ষ্যে আমরা পরিসংখ্যান ব্যুরোকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি।’

কোনো সরকার দেশের তথ্য নিয়ে প্রতারণা করলে তা নিজের সঙ্গে নিজে প্রতারণা করার শামিল বলেও মনে করেন অর্থমন্ত্রী।

সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, ‘সরকার কোনো ধরনের তথ্য বিকৃত করতে চায় না।

পরিসংখ্যান তৈরিতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। মানুষ যেন নির্ভরযোগ্য তথ্য পেতে পারে, সে লক্ষ্যেই কাজ করছে সরকার।’

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে অযোগ্য ব্যক্তিরা সুবিধা পেয়েছেন, আর যোগ্য ব্যক্তিরা ছিলেন সুবিধার বাইরে। এতে বাংলাদেশের সীমিত সম্পদের বড় একটি অংশ অপচয় হয়েছে।’

নির্ভরযোগ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন ও সহজলভ্য পরিসংখ্যান নিশ্চিত করতে সরকার সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে বলেও জানান তিনি।

অর্থনীতি এর আরও খবর