img

পাঁচ দিনে আড়াই লাখ কোটি টাকার সম্পদ খোয়ালেন জেনসেন হুয়াং

প্রকাশিত :  ০৬:০৭, ১৪ নভেম্বর ২০২৬

পাঁচ দিনে আড়াই লাখ কোটি টাকার সম্পদ খোয়ালেন জেনসেন হুয়াং

এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্ক ও একের পর এক অভিযোগের জেরে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। গত পাঁচ দিনে তাঁর সম্পদ কমেছে ২০ দশমিক ৩ বিলিয়ন ডলার বা ২ হাজার ৩০ কোটি ডলার। ফলে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ৮ নম্বর থেকে ১৩ নম্বরে নেমে গেছেন তিনি।

গত পাঁচ দিনে হুয়াং জেনসেনের সম্পদ হারানোর পরিমান বর্তমান বাজার দরে বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই লাখ কোটি টাকা। এই অর্থ বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) যত টাকা খরচ করা হয় তার চেয়ে অনেক বেশি। অর্থাৎ সারা বছর উন্নয়ন প্রকল্পে বাংলাদেশ সরকার যত টাকা খরচ করে, গত পাঁচ দিনে হুয়াংয়ের সম্পদ কমেছে তার চেয়ে অনেক বেশি। গত অর্থবছরে সরকার এডিপিতে ব্যয় করেছে ১ লাখ ৪১ হাজার কোটি।

ফোর্বসের সর্বশেষ রিয়েল টাইম বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী, ১৩ নভেম্বর হুয়াংয়ের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৪১ দশমিক ৯ বিলিয়ন বা ১৪ হাজার ১৯০ কোটি ডলার। এক দিনেই তাঁর সম্পদ কমেছে ২৮০ কোটি ডলার বা ১ দশমিক ৯৭ শতাংশ। ধনীদের মধ্যে কার সম্পদ কত বাড়ল বা কমল সেই তালিকায় দেখা যাচ্ছে, সম্পদ হারানোর তালিকায় গতকাল তিনি তৃতীয় অবস্থানে ছিলেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের শেষ কর্মদিবস। শনি ও রোববার শেয়ারবাজার বন্ধ থাকে।

সপ্তাহের শুরুতে সোমবার বাজার খোলার আগে জেনসেন হুয়াংয়ের সম্পদের পরিমাণ ছিল ১৬২ দশমিক ২ বিলিয়ন বা ১৬ হাজার ২২০ কোটি ডলার। সেই হিসাবে পাঁচ দিনে তাঁর সম্পদ কমেছে প্রায় ১২ দশমিক ৫ শতাংশ।

হুয়াংয়ের সম্পদ কমে যাওয়ার মূল কারণ এনভিডিয়ার শেয়ারের দরপতন। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক সামনে আসার পর কোম্পানিটির শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক নারীর সঙ্গে হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশের পর জটিল পরিস্থিতি সৃষ্টি হয়। পরবর্তীকালে এনভিডিয়ার আরও দুই নারী কর্মকর্তার সঙ্গে তাঁর সম্পর্কের অভিযোগ সামনে আসে।

গত রোববার কর্মীদের কাছে নিজের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন হুয়াং। ওই নারীর নাম অ্যালিস হুয়াং। তিনি সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী। যুক্তরাষ্ট্রের সন্দেহ, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় তাঁকে তথ্য সংগ্রহের কাজে নিয়োগ করেছিল, যদিও গুপ্তচরবৃত্তির অভিযোগ এখনো প্রমাণিত নয়।

এর আগে গত অক্টোবর মাসের শেষ দিকে নিউইয়র্ক টাইমস হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের সম্পর্কের খবর প্রকাশ করে। এরপর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। বুধবার নিউইয়র্ক টাইমসের আরেক প্রতিবেদনে অভিযোগ করা হয়, এনভিডিয়ার কর্মকর্তা কিম্বারলি পাওয়েলের সঙ্গেও হুয়াংয়ের সম্পর্ক ছিল। তারপর বৃহস্পতিবার রয়টার্সের খবরে বলা হয়, আরও একজন এনভিডিয়া কর্মীর সঙ্গে হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

এই ডামাডোলের মধ্যে বৃহস্পতিবার এনভিডিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেন হুয়াং। একই সঙ্গে পরিচালনা পর্ষদ থেকেও সরে দাঁড়ান তিনি। ৩৩ বছর ধরে এই কোম্পানির নেতৃত্ব দিয়েছেন তিনি। তাঁর পদত্যাগের পর কোম্পানিটির প্রধান আর্থিক কর্মকর্তা কোলেট ক্রেসকে অন্তর্বর্তী প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হয়েছে।

১৯৯৩ সালে জেনসেন হুয়াং, ক্রিস মালাচোস্কি ও কার্টিস প্রিয়েম এনভিডিয়া প্রতিষ্ঠা করেন। ১৯৯৯ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এনভিডিয়ায় হুয়াংয়ের মালিকানা প্রায় ৩ দশমিক ৫ শতাংশ। ফলে কোম্পানিটির শেয়ারের দাম বাড়লে বা কমলে স্বাভাবিকভাবেই হুয়াংয়ের ব্যক্তিগত সম্পদ বাড়ে বা কমে।

গত অক্টোবরের শুরুতে এনভিডিয়ার বাজারমূল্য সর্বোচ্চ ৫ দশমিক ৮ ট্রিলিয়ন বা ৫ লাখ ৮০ হাজার কোটি ডলারে উঠেছিল। তখন বিশ্লেষকেরা ধারণা করেছিলেন, মাস শেষ হওয়ার আগেই কোম্পানিটির বাজারমূল্য ৬ লাখ কোটি ডলার ছাড়াতে পারে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শেয়ারে অস্থিরতা, কয়েকটি প্রযুক্তিপ্রতিষ্ঠানের দুর্বল আর্থিক প্রতিবেদন ও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির প্রবণতা বেড়ে যাওয়ায় এনভিডিয়ার শেয়ারে নেতিবাচক প্রভাব পড়ে। তার সঙ্গে যুক্ত হলো হুয়াংয়ের এ ঘটনা।

অর্থনীতি এর আরও খবর

img

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মহাপরিকল্পনা

প্রকাশিত :  ০৬:৩৯, ১৪ নভেম্বর ২০২৬

বিনিয়োগ বৃদ্ধি, শিল্পের সম্প্রসারণ ও রপ্তানি আয় বাড়ানোর মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতির আকার ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য অর্জনে ব্যবসা পরিচালনার প্রতিবন্ধকতা দূর করা, দক্ষ জনশক্তি গড়ে তোলা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।

একই সঙ্গে পাটকল পুনরুজ্জীবন, কৃষক ও নিম্ন আয়ের পরিবারের জন্য আর্থিক সহায়তা এবং ব্যাংকিং খাতে সংস্কারের উদ্যোগও রয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেট দলিলে সরকারের এ রূপান্তর পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়ানো এবং বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানির মধ্যে কার্যকর সংযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক উৎপাদন ও রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করতে কাজ করছে সরকার।

এ জন্য ব্যবসার ব্যয় কমানো, অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ শিথিল, অর্থায়ন সহজ করা এবং পরিবহনব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বাজেটের লক্ষ্য অনুযায়ী, আগামী অর্থবছরগুলোতে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধারাবাহিক নিম্নগতি দেখা গেছে। ২০০৫-০৬ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৭৮ শতাংশ।

২০২৪-২৫ অর্থবছরে সেটি কমে দাঁড়ায় ৩ দশমিক ৪৯ শতাংশে। কাঠামোগত দুর্বলতা, উচ্চ সুদহার, দুর্নীতি, জ্বালানি সংকট ও দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতিকে এ পরিস্থিতির কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ১১ দশমিক ৬৬ শতাংশে পৌঁছেছিল।

২০৩০-৩১ অর্থবছরের মধ্যে প্রবৃদ্ধি ৮ দশমিক ৫ শতাংশে উন্নীত করার পাশাপাশি মূল্যস্ফীতি ৫ শতাংশে নামানোর লক্ষ্য রয়েছে। ওই সময় জিডিপির ২ দশমিক ৭ শতাংশ বিদেশি বিনিয়োগ এবং মোট বিনিয়োগ ৪০ শতাংশে উন্নীত করার পরিকল্পনাও করা হয়েছে।

দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে তিন পর্যায়ের ‘থ্রি-আর’ কৌশল নেওয়া হয়েছে। প্রথম এক বছরে অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক সুরক্ষা ও সরকারি সেবার উন্নয়নে কাজ হবে। পরে তিন বছরে রাজস্ব আদায় বাড়ানো, ব্যাংক খাতের সংস্কার, বেসরকারি বিনিয়োগ এবং রপ্তানি বহুমুখীকরণে জোর দেওয়া হবে। শেষ পাঁচ বছরে প্রযুক্তিগত সক্ষমতা, ডিজিটাল রূপান্তর, দক্ষতা উন্নয়ন ও বৈশ্বিক বাজারের সঙ্গে অর্থনীতির সংযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

শিল্প খাতে পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থান তৈরির উদ্যোগও এগোচ্ছে। বিজেএমসির ইজারা দেওয়া ১৭টি পাটকলের মধ্যে নয়টিতে উৎপাদন শুরু হয়েছে। এতে কাজ পেয়েছেন প্রায় ৯ হাজার ৫০০ মানুষ। আরো তিনটি কারখানা চালুর প্রস্তুতি চলছে। পুরো উদ্যোগে নতুন করে ৫০ হাজার থেকে ৬০ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে ইজারা চুক্তির ফলে ৬১৯ কোটি টাকা বিনিয়োগ এবং বছরে এক হাজার ১৭৫ কোটি টাকা রাজস্ব আয়ের সুযোগ তৈরি হয়েছে।

সামাজিক সহায়তার অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রস্তুতি চলছে। এতে যুক্ত হবেন প্রায় ৭২ হাজার স্বেচ্ছাসেবক। ফার্মার কার্ডের আওতায় আগামী অর্থবছরে ৪৩ লাখ কৃষককে অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে। দীর্ঘ মেয়াদে সুবিধা পাবেন ২ কোটি ৪০ লাখ ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষক। যোগ্য প্রত্যেকে বছরে ২ হাজার ৫০০ টাকা সহায়তা পাবেন।

এ ছাড়া চার বছরে ১৪ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন বা পুনঃখননের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে ছয় মাসে ৩৭৭ কিলোমিটার কাজ শেষ হয়েছে। ধর্মীয় সেবাদানকারীদের সহায়তা কর্মসূচিতে আগামী অর্থবছরে প্রায় ৬০ হাজার মানুষকে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

জ্বালানি খাতে প্রায় ১৫০টি গ্যাসকূপ উন্নয়ন, এলএনজি টার্মিনালের সক্ষমতা বাড়ানো এবং সৌরবিদ্যুতের প্রসারে প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে করছাড়, স্বল্প সুদের ঋণ এবং উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় বিক্রির সুযোগ রাখার প্রস্তাব রয়েছে।

পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ানো, আমদানি নিয়ন্ত্রণ এবং মুদ্রা ও রাজস্বনীতির সমন্বয় উন্নত করার পরিকল্পনা রয়েছে। সড়ক, সেতু ও রেল যোগাযোগের উন্নয়ন এবং পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়ানোর বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সরকারের প্রত্যাশা, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে, উৎপাদন বাড়বে এবং নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে। এর মধ্য দিয়ে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে পৌঁছাতে চায় সরকার।

অর্থনীতি এর আরও খবর