প্রকাশিত :
১৫:৪১, ২০ নভেম্বর ২০২৬
সংগ্রাম দত্ত: একটি জনপদের ইতিহাস কখনো কখনো একটি দেশের ইতিহাসেরই প্রতিচ্ছবি হয়ে ওঠে। কোনো কোনো ভূখণ্ডের মাটি শুধু মানুষের বসতি, নদী কিংবা জনপদের স্মৃতি ধারণ করে না; ধারণ করে একটি জাতির সংগ্রাম, আত্মত্যাগ, বীরত্ব ও স্বাধীনতার স্বপ্ন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে সিলেটের সীমান্তঘেঁষা জকিগঞ্জ তেমনই একটি গৌরবময় জনপদ। ১৯৭১ সালের ২১ নভেম্বর ভোরে পাকিস্তানি হানাদার বাহিনীর দখলদারত্ব থেকে মুক্ত হয়ে বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জনপদ হিসেবে ইতিহাসে বিশেষ স্থান করে নেয় জকিগঞ্জ। শুধু সামরিক বিজয় নয়, স্বাধীন বাংলাদেশের বেসামরিক প্রশাসনের কার্যক্রম শুরু হওয়ার মধ্য দিয়েও এই জনপদ হয়ে ওঠে রাষ্ট্রের প্রাথমিক পথচলার এক ঐতিহাসিক সাক্ষী।
জকিগঞ্জের ইতিহাস তাই কেবল একটি সীমান্ত উপজেলা কিংবা একটি জনপদের মুক্তির ইতিহাস নয়। এটি একটি জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের প্রতিরোধ, তরুণদের আত্মনিবেদন, অসংখ্য মানুষের রক্ত ও বেদনা এবং একটি স্বাধীন রাষ্ট্রের প্রশাসনিক ভিত্তি গড়ে ওঠার ইতিহাস। একাত্তরের সেই উত্তাল সময়ে জকিগঞ্জের মানুষ যে সাহসিকতা ও আত্মত্যাগের পরিচয় দিয়েছিলেন, তা বাংলাদেশের জাতীয় ইতিহাসে যথাযথ গুরুত্বের সঙ্গে স্মরণ করা প্রয়োজন।
কুশিয়ারা নদীর তীরে দাঁড়িয়ে থাকা জকিগঞ্জ বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত জনপদ। নদীর ওপারেই ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ। মাঝখানে কেবল কুশিয়ারা নদীর জলধারা। সিলেট জেলা শহর থেকে প্রায় ৯১ কিলোমিটার দূরের এই জনপদ ১৯৪৭ সালের দেশভাগের আগে অবিভক্ত ভারতের করিমগঞ্জ থানার অংশ ছিল। দেশভাগের পর এটি পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। ভৌগোলিক অবস্থানের কারণে মুক্তিযুদ্ধের সময় জকিগঞ্জের সঙ্গে করিমগঞ্জের সামরিক ও মানবিক সম্পর্ক অত্যন্ত গভীর হয়ে ওঠে। একদিকে পাকিস্তানি বাহিনীর দখলদারত্ব, অন্যদিকে সীমান্তের ওপারে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও ভারতীয় মিত্রবাহিনীর সামরিক প্রস্তুতি—সব মিলিয়ে জকিগঞ্জ হয়ে ওঠে মুক্তিযুদ্ধের এক গুরুত্বপূর্ণ রণাঙ্গন।
১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। অপারেশন সার্চলাইটের নামে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয় ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞগুলোর একটি। সেই বর্বরতার সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে দেশের প্রত্যন্ত অঞ্চলেও। জকিগঞ্জের ছাত্র-জনতা, যুবসমাজ ও রাজনৈতিক কর্মীদের মধ্যেও সৃষ্টি হয় তীব্র ক্ষোভ। পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি শুরু হয়।
পাকিস্তানি পতাকা পুড়িয়ে স্বাধীন বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা উত্তোলন করা হয়। থানা থেকে অস্ত্রশস্ত্র সংগ্রহ করে প্রশিক্ষণ ও প্রতিরোধযুদ্ধের প্রস্তুতি নেওয়ার উদ্যোগ শুরু হয়। স্থানীয় পর্যায়ে মুক্তিবাহিনীকে সংগঠিত করার কাজে যাঁরা নেতৃত্ব দেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আওয়ামী লীগ নেতা মো. আব্দুল লতিফ এমসিএ, আব্দুল আজিজ (কুটুলা মিয়া), নিছার আলী মুক্তার, বলি মিয়া, নুরুদ্দিন, ছাত্রলীগ নেতা মাহতাব আহমেদ, ফয়জুর রহমান ও আহমেদ আল কবির।
এ ছাড়া ন্যাপ (মোজাফফর)-এর নেতৃত্বাধীন ছাত্র ইউনিয়নের মতিয়া গ্রুপের নেতা ও তৎকালীন সিলেট এমসি কলেজের ভিপি মো. আকরাম আলী এবং আব্দুল বাইছ মুক্তিসংগ্রাম সংগঠিত করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ছাত্র ইউনিয়নের মেনন গ্রুপের বদরুল হক বদইও প্রথমদিকে মুক্তিবাহিনীর সহযোগী হিসেবে যুক্ত ছিলেন। তাঁদের এই সাংগঠনিক ভূমিকা প্রমাণ করে, জকিগঞ্জের মুক্তিযুদ্ধ শুধু সামরিক প্রতিরোধের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; এর পেছনে ছিল রাজনৈতিক সচেতনতা, ছাত্রসমাজের অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রস্তুতি।
তবে প্রতিরোধের এই প্রস্তুতির মধ্যেই ১৯৭১ সালের ১৮ এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনীর একটি জিপে করে আট থেকে দশজন সেনা জকিগঞ্জে প্রবেশ করে। তাদের আগমনকে কেন্দ্র করে স্থানীয় স্বাধীনতাবিরোধী চক্রের তৎপরতা বেড়ে যায়। পাকিস্তানি বাহিনীকে স্বাগত জানিয়ে ‘পাকিস্তান জিন্দাবাদ’ ও ‘মুসলিম লীগ জিন্দাবাদ’ স্লোগান দেওয়া হয়। তাদের অভ্যর্থনা জানাতে এগিয়ে আসা ব্যক্তিদের মধ্যে ছিলেন মাহমুদুর রহমান, আতিকুর রহমান (আতাই মিয়া), শফিকুল হক (সফই মিয়া), আছহাব উদ্দিন আহমেদ, তবারক হুসেন ও হারুন অর রশিদসহ আরও অনেকে। তাঁদের সহযোগিতায় জকিগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করা হয়।
সেই দখলদারত্বের ভয়াবহতা কতটা নির্মম ছিল, তার একটি বেদনাবিধুর উদাহরণ হয়ে আছে ১০ বছরের শিশু ফরিদের হত্যাকাণ্ড। ১৪৪ ধারার অর্থ বোঝার বয়সও হয়নি তার। হয়তো কোনো প্রয়োজনেই সেদিন বাড়ি থেকে বের হয়েছিল সে। জকিগঞ্জ বাজারের চৌমাথায় পাকিস্তানি সেনাদের নজরে পড়তেই নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় শিশুটিকে।
ফরিদ হয়ে ওঠে জকিগঞ্জের প্রথম শহীদ। একটি শিশুর রক্তে রঞ্জিত হয় এই জনপদের মাটি। তার মৃত্যু শুধু একটি পরিবারের অপূরণীয় ক্ষতি ছিল না; এটি ছিল জকিগঞ্জে পাকিস্তানি বাহিনীর বর্বরতার এক ভয়াবহ সূচনা। স্বাধীনতার ইতিহাসে ফরিদের মতো অসংখ্য সাধারণ মানুষের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়, মুক্তিযুদ্ধের মূল্য শুধু যুদ্ধক্ষেত্রের বিজয় দিয়ে পরিমাপ করা যায় না; এর সঙ্গে জড়িয়ে আছে নিরীহ মানুষের জীবন, স্বপ্ন ও অশ্রু।
এরপর পাকিস্তানি সেনারা বিভিন্ন গ্রামে অভিযান চালাতে শুরু করে। স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়। যাঁদের বাড়িঘর আক্রান্ত হয়েছিল, তাঁদের মধ্যে ছিলেন আব্দুর রহিম সরপঞ্চ, আনোয়ার হোসেন (সোনাউল্লাহ), নিছার আলী মুক্তার, ফয়জুর রহমান, আকরাম আলী, তবারক আলী, বলই মিয়া ও মস্তকিম হায়দারসহ অনেকে।
পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় স্বাধীনতাবিরোধীরা সাধারণ মানুষের সম্পদ লুটপাটে অংশ নেয়। অসংখ্য মা-বোন নির্যাতনের শিকার হন। এ সময় জকিগঞ্জে আলবদর, রাজাকার, আসাম শান্তি কমিটি ও কুখ্যাত খুন্তি বাহিনী গড়ে তোলা হয়। এসব বাহিনীর সদস্যরা পাকিস্তানি সেনাদের সহযোগিতা করে গণহত্যা ও নির্যাতনে সক্রিয় ভূমিকা পালন করে। স্থানীয়ভাবে রাজাকার বাহিনীর নেতৃত্বে ছিল কমান্ডার হারুন অর রশিদ। রাজাকার কটু, পঙ্কি ও মস্তসহ আরও কয়েকজনের নাম স্বাধীনতাবিরোধী তৎপরতার কারণে আলোচিত হয়ে আছে। মস্ত জল্লাদ নামেও পরিচিত ছিল। পাকিস্তানি বাহিনীর নির্দেশে সে মুক্তিযোদ্ধা ও বাঙালিদের হত্যার কাজে অংশ নিত।
এত নির্যাতন, হত্যাকাণ্ড ও দখলদারত্বের মধ্যেও জকিগঞ্জের মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা থেমে থাকেনি। বরং অত্যাচারের মাত্রা যত বেড়েছে, প্রতিরোধের সংকল্পও তত দৃঢ় হয়েছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ তরুণেরা বেছে নেন সশস্ত্র সংগ্রামের পথ। জকিগঞ্জের চার শতাধিক ছাত্র-যুবক কুশিয়ারা নদী পেরিয়ে ভারতে যান এবং মুক্তিবাহিনীতে যোগ দেন। সেখানে প্রশিক্ষণ গ্রহণ করে তাঁরা দেশের ভেতরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নেন।

অন্যদিকে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ ও নির্যাতন থেকে প্রাণ বাঁচাতে হাজার হাজার নারী-পুরুষ সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নেন। একদিকে শরণার্থীদের অনিশ্চিত জীবন, অন্যদিকে তরুণ মুক্তিযোদ্ধাদের সশস্ত্র প্রস্তুতি—এই দুই প্রবাহের মধ্য দিয়েই জকিগঞ্জে স্বাধীনতার সংগ্রাম আরও বিস্তৃত হয়ে ওঠে। এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, মুক্তিযুদ্ধ শুধু অস্ত্র হাতে যুদ্ধ করা মানুষের সংগ্রাম ছিল না; ঘরবাড়ি ছেড়ে পালানো শরণার্থী, আশ্রয় দেওয়া সাধারণ মানুষ এবং মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় এগিয়ে আসা প্রত্যেকেই ছিলেন স্বাধীনতার লড়াইয়ের অংশ।
জকিগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাসে সবচেয়ে বেদনাবিধুর স্মৃতিচিহ্নগুলোর একটি শহরের পূর্বপ্রান্তের মস্কখন্দর খালের কাছাকাছি অবস্থিত পরিত্যক্ত সতীশ পালের বাড়ি। পাকিস্তানি হানাদার বাহিনী এই বাড়িটিকে বধ্যভূমিতে পরিণত করেছিল। জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন (সোনাউল্লাহ)-এর পীরের চকস্থ পরিত্যক্ত বাড়িতে পাকিস্তানি বাহিনী তাদের ক্যাম্প স্থাপন করে। পাকিস্তানি সেনা কর্মকর্তা ক্যাপ্টেন বশারত অবস্থান করতেন স্থানীয় ডাকবাংলোয়। সেখান থেকেই বিভিন্ন এলাকায় তাদের সামরিক তৎপরতা পরিচালিত হতো।
১৯ এপ্রিল থেকে ২০ নভেম্বর ১৯৭১ পর্যন্ত দীর্ঘ সাত মাসেরও বেশি সময় ধরে অসংখ্য বাঙালিকে সতীশ পালের বাড়ির বধ্যভূমিতে নিয়ে হত্যা করা হয়। স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেখানে শহীদের সংখ্যা প্রায় একশ। লোহারমহল গ্রামের ১২ জন মানুষকে একই দিনে, একই সময়ে ওই বধ্যভূমিতে হত্যা করা হয়েছিল। পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগী রাজাকাররা যাঁদের মুক্তিযুদ্ধের সমর্থক কিংবা মুক্তিবাহিনীর সহযোগী বলে সন্দেহ করত, তাঁদের ধরে এনে এই বধ্যভূমিতে নির্মমভাবে হত্যা করত।
এই বধ্যভূমিতে শহীদ হওয়া সবার পরিচয় আজও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে স্থানীয়ভাবে যাঁদের নাম জানা গেছে, তাঁদের মধ্যে রয়েছেন পীরের চকের রহমান আলী, কেছরির হাবিবুর রহমান, শহিদাবাদের নুরই মিয়া, ইলাকজের মুতালিব ইপিআরের পিতা, কাপনার আব্দুল ওয়াহাব, খেচুয়ার কুটি মিয়া, বেউয়ের নবকুমার বৈরাগী, ব্রজেন্দ্রনাথ, সমীরনাথ, লোহারমহলের মিরজান আলী, নিলাম্বর আলী, ছতই মিয়া, চেরাগ আলী, ইলাছ আলী, আছাই মিয়া, ছানাই মিয়া, হায়াত আলী, আব্দুর রহমান, নুর উদ্দিন, আকদ্দছ আলী, আব্দুল জলিল, সেনাপতির চকের মতছিম আলী, আনন্দপুরের কালা মিয়া এবং আব্দুর রহিম সরপঞ্চ।
এই নামগুলো কেবল একটি তালিকা নয়। প্রতিটি নামের পেছনে রয়েছে একটি পরিবার, একটি জীবন, একটি স্বপ্ন এবং একটি অসমাপ্ত গল্প। তাঁদের অনেকের পরিচয় হয়তো সময়ের স্রোতে হারিয়ে গেছে, কিন্তু তাঁদের আত্মত্যাগ জকিগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে কখনো মুছে যাওয়ার নয়। একটি জাতির স্বাধীনতার ইতিহাস পূর্ণতা পায় তখনই, যখন সেই স্বাধীনতার জন্য প্রাণ দেওয়া অচেনা মানুষগুলোর স্মৃতিও যথাযথ মর্যাদা পায়। সে কারণে সতীশ পালের বাড়ির বধ্যভূমি সংরক্ষণ ও পরিচিত করে তোলা শুধু স্থানীয় দায়িত্ব নয়, জাতীয় দায়িত্বও।
জকিগঞ্জ দখলে নেওয়ার পর পাকিস্তানি সেনারা চারগ্রামসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। লুটতরাজ, অগ্নিসংযোগ, নারী নির্যাতন ও হত্যাকাণ্ডে সাধারণ মানুষের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। কিন্তু এই ভয়াবহ পরিস্থিতিতেও মুক্তিযোদ্ধারা তাঁদের লক্ষ্য থেকে বিচ্যুত হননি। স্থানীয় মানুষের সহযোগিতা ও সীমান্তের ওপারে প্রশিক্ষণ গ্রহণের মধ্য দিয়ে তাঁদের প্রতিরোধ আরও সংগঠিত হয়ে ওঠে।
এরই মধ্যে জকিগঞ্জ এলাকায় মুক্তিযোদ্ধারা ১০ থেকে ১৫টি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র নিজেদের নিয়ন্ত্রণে আনেন। এসব অভিযানের ফলে পাকিস্তানি বাহিনীর অবস্থান দুর্বল হতে থাকে। মুক্তিযোদ্ধাদের সাহস, স্থানীয় মানুষের সহযোগিতা এবং সীমান্তের ওপারে সামরিক প্রস্তুতির সমন্বয়ে জকিগঞ্জে চূড়ান্ত মুক্তির পরিবেশ তৈরি হয়।
জকিগঞ্জের মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে কুশিয়ারা নদীর ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জের সামরিক প্রস্তুতি। একাত্তরের নভেম্বর মাসে নদীর এপারে পাকিস্তানি বাহিনীর অবস্থান, অন্যপারে ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি—দুই তীরের পরিবেশই ছিল যুদ্ধের উত্তেজনায় টানটান।
১৯৭১ সালের নভেম্বর মাসে মেজর চমন লাল শর্মা আসামের করিমগঞ্জে মোতায়েন ভারতীয় সেনাবাহিনীর ৯৯ মাউন্টেন রেজিমেন্টের ব্যাটারি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাকিস্তানি বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ এবং তাদের মোকাবিলার প্রস্তুতি হিসেবে ভারতীয় সেনাবাহিনী করিমগঞ্জের দেউলিটিলা এলাকায় একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছিল। সীমান্তের ওপারে জকিগঞ্জে তখন পাকিস্তানি সেনাদের অবস্থান।
সেই সময় করিমগঞ্জের পরিবেশ ছিল অনেকটা যুদ্ধক্ষেত্রের মতো। শহরের রাস্তায় প্রায়ই সামরিক টহলযান চলাচল করত। সরকারি স্কুল-কলেজের বিভিন্ন স্থানে সাঁজোয়া যানসহ সেনাবাহিনীর সরঞ্জাম রাখা হতো। রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির কাছের শম্ভু সাগর পার্ক, চার বাজার, দাসপট্টি, স্টিমার ঘাটসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণ ও তৎপরতা ছিল দৃশ্যমান।
জকিগঞ্জে অভিযানের প্রস্তুতি হিসেবে মেজর চমন লাল ও তাঁর সহযোদ্ধারা করিমগঞ্জের কয়েকজন প্রভাবশালী স্থানীয় বাসিন্দার সঙ্গে যোগাযোগ ও সুসম্পর্ক গড়ে তোলেন। স্থানীয় মানুষের কাছ থেকে পাওয়া তথ্য ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাঁরা বাংলাদেশের দিকে যাওয়ার নিরাপদ পথ, পাকিস্তানি বাহিনীর বাঙ্কারের অবস্থান, অস্ত্রশস্ত্র এবং সামরিক অবস্থান সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। এসব তথ্যের ভিত্তিতেই জকিগঞ্জে আক্রমণের পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মেজর চমন লাল।
করিমগঞ্জে মোতায়েন ভারতীয় সেনাবাহিনীর ইউনিটগুলো আগরতলায় সদর দপ্তর অবস্থিত চতুর্থ কোরের (IV Corps) সামগ্রিক অপারেশনাল নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছিল। এই কোরের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সগত সিং। সীমান্তের দুই পাশের ভৌগোলিক অবস্থান, নদী পারাপারের পথ এবং পাকিস্তানি বাহিনীর প্রতিরক্ষাব্যবস্থা সম্পর্কে পাওয়া তথ্য যৌথ বাহিনীর অভিযানে বিশেষ সহায়ক হয়ে ওঠে।
অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ১৯৭১ সালের ২১ নভেম্বর ভোরে জকিগঞ্জকে শত্রুমুক্ত করার লক্ষ্যে ভারতীয় মিত্রবাহিনী ও বাংলাদেশের মুক্তিবাহিনীর সম্মিলিত অভিযান শুরু হয়। সেদিন জকিগঞ্জে অবস্থানরত পাকিস্তানি সেনারা ঈদ উৎসব উদ্যাপনে ব্যস্ত থাকবে—এমন ধারণাকে অভিযানের পরিকল্পনায় কৌশলগত সুবিধা হিসেবে বিবেচনা করা হয়েছিল। বিভিন্ন দিক থেকে একযোগে আক্রমণ চালিয়ে পাকিস্তানি বাহিনীর প্রতিরোধব্যবস্থা ভেঙে দেওয়াই ছিল যৌথ বাহিনীর মূল লক্ষ্য।
অভিযানের পরিকল্পনা ও নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভারতীয় সেনাবাহিনীর ৯৯ মাউন্টেন রেজিমেন্টের ব্যাটারি কমান্ডার মেজর চমন লাল শর্মা। প্রথম পর্যায়ে ডি কোম্পানির সেনারা কুশিয়ারা নদী অতিক্রম করে নদীসংলগ্ন সীমান্তবর্তী এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেন। পরবর্তী সময়ে মেজর এম এম কাপুরের নেতৃত্বে সি ও ই কোম্পানির সেনারা বিএসএফ সদস্যদের সঙ্গে নদী পার হয়ে সড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করেন। অন্যদিকে মেজর বি বি এল নারাংয়ের নেতৃত্বে এ ও বি কোম্পানির সেনারা নির্ধারিত আক্রমণ-সমাবেশস্থল বা এফইউপি (Forming Up Place)-তে অবস্থান নেন।
ডি কোম্পানির সেনারা অন্যান্য প্লাটুনের সঙ্গে জকিগঞ্জ থেকে প্রায় ৮০০ গজ দূরে পৌঁছানোর পর কয়েকটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন দিক থেকে একযোগে আক্রমণ শুরু করেন। পরিকল্পিত এই বহুমুখী আক্রমণে পাকিস্তানি বাহিনী চাপে পড়ে যায়। যৌথ বাহিনী সফলভাবে জকিগঞ্জে প্রবেশ করতে সক্ষম হয়।
মেজর চমন লালের নেতৃত্বাধীন ৯৯ মাউন্টেন রেজিমেন্ট ছাড়াও এই অভিযানে অংশ নেয় ৬৪ ক্যাভালরি, ৯ গার্ডস, বিএসএফ এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি কোম্পানি। প্রায় সাড়ে তিন ঘণ্টার তীব্র লড়াইয়ের পর পাকিস্তানি বাহিনী জকিগঞ্জ থেকে পিছু হটতে বাধ্য হয়। পালিয়ে যাওয়ার সময় তারা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ ফেলে যায়।
আলমসীদ, লোহারমহল ও জকিগঞ্জ কাস্টমস ঘাট দিয়ে ভারতীয় সেনাবাহিনী ও মুক্তিবাহিনীর সদস্যরা জকিগঞ্জে প্রবেশ করেন। চারদিক থেকে পরিচালিত আক্রমণে পাকিস্তানি সেনাদের প্রতিরোধব্যবস্থা ভেঙে পড়ে। পাকিস্তানি সেনা ও রাজাকাররা ছত্রভঙ্গ হয়ে আটগ্রামের দিকে পালাতে শুরু করে। অনেকে নিহত হয়, আবার অনেকে যৌথ বাহিনীর হাতে বন্দী হয়।
দীর্ঘ সাত মাসের পাকিস্তানি দখলদারত্বের অবসান ঘটে। জকিগঞ্জের আকাশে উড়তে শুরু করে স্বাধীনতার পতাকা। মুক্তির আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন স্থানীয় মানুষ। ২১ নভেম্বরের সেই ভোর তাই শুধু একটি সামরিক বিজয়ের স্মৃতি নয়; এটি জকিগঞ্জের মানুষের দীর্ঘ অপেক্ষা, রক্ত, বেদনা ও সংগ্রামের পরিণতিতে অর্জিত স্বাধীনতার এক ঐতিহাসিক মুহূর্ত।
তবে এই বিজয়ের পেছনে ছিল গভীর আত্মত্যাগ। জকিগঞ্জকে শত্রুমুক্ত করার অভিযানে ভারতীয় বাহিনীর তিন বীর সদস্য প্রাণ উৎসর্গ করেন। ৯৯ মাউন্টেন রেজিমেন্টের মেজর চমন লাল শর্মা এবং ৯ গার্ডস ব্যাটালিয়নের গার্ডসম্যান দীননাথ যাদব শত্রুপক্ষের গুলিতে আহত হয়ে শেষ পর্যন্ত শহীদ হন। একই অভিযানে বিএসএফের সাব-ইন্সপেক্টর ভারত সিং গুরুংও প্রাণ উৎসর্গ করেন।
মেজর চমন লালের ভূমিকা ছিল এই অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর সাহসিকতা, সামরিক দূরদর্শিতা, স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ এবং যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব জকিগঞ্জ মুক্ত করার অভিযানে বিশেষ অবদান রাখে। তাঁর আত্মত্যাগের কারণে করিমগঞ্জের মানুষের কাছে তিনি ‘করিমগঞ্জের ত্রাণকর্তা’ বা ‘করিমগঞ্জের রক্ষাকর্তা’ হিসেবে পরিচিতি লাভ করেন। একইভাবে দীননাথ যাদব ও ভারত সিং গুরুংও স্থানীয় মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেন।
মেজর চমন লাল ছিলেন একজন কর্তব্যপরায়ণ ও সাহসী সেনা কর্মকর্তা। দেশের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে তিনি ভারতীয় সেনাবাহিনীর গৌরবময় ঐতিহ্যের প্রতি অবিচল নিষ্ঠার পরিচয় দেন। মৃত্যুকালে তিনি স্ত্রী শ্রীমতী রাজবীর চমন লাল এবং পুত্র মানীশ কুমারকে রেখে যান।
বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করতে গিয়ে অন্য দেশের তিন সেনাসদস্যের এই আত্মত্যাগ আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরও গভীর মানবিক তাৎপর্য দিয়েছে। তাঁদের জীবনদান প্রমাণ করে, একাত্তরের মুক্তিযুদ্ধ শুধু একটি ভূখণ্ডের স্বাধীনতার সংগ্রাম ছিল না; এটি ছিল মানবিকতা, ন্যায় ও মুক্তির পক্ষে দাঁড়ানো মানুষের সম্মিলিত লড়াই। তাঁদের স্মৃতি বাংলাদেশের মানুষের কাছেও সমান শ্রদ্ধার দাবি রাখে।
এই আত্মত্যাগের স্মৃতি ধরে রেখেছে ভারতের আসামের বর্তমান শ্রীভূমি, সাবেক করিমগঞ্জ শহরের ডাকবাংলো সড়কের পাশে অবস্থিত ১৯৭১ সালের যুদ্ধস্মৃতিসৌধ। মেজর চমন লাল ও তাঁর শহীদ সহযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত এই স্মৃতিসৌধ শুধু কয়েকজন ভারতীয় সেনাসদস্যের আত্মত্যাগের স্মারক নয়; এটি জকিগঞ্জ সীমান্তে সংঘটিত মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সাক্ষ্য।
স্থানীয় ইতিহাস অনুযায়ী, ১৯৭১ সালের ২৩ নভেম্বর করিমগঞ্জের ইয়ুথ কর্পস ও নারী শক্তি সংঘের স্বেচ্ছাসেবীরা যুদ্ধক্ষেত্রের রক্তস্নাত মাটি সংগ্রহ করে তৎকালীন ডাকবাংলোর সামনে সংরক্ষণ করেন। তাঁদের এই উদ্যোগের মধ্য দিয়ে শহীদ সেনাদের স্মৃতি ধরে রাখার প্রয়াস শুরু হয়। প্রথমে বাঁশের বেড়া দিয়ে স্থানটি সংরক্ষণ করা হলেও পরবর্তী সময়ে সেখানে নির্মিত হয় পাকা স্মৃতিসৌধ।
স্মৃতিসৌধটি আজও স্মরণ করিয়ে দেয় ২১ নভেম্বরের সেই রক্তক্ষয়ী যুদ্ধের কথা। কুশিয়ারা নদীর দুই তীরে দাঁড়িয়ে থাকা জকিগঞ্জ ও করিমগঞ্জের মানুষের কাছে এটি মুক্তিযুদ্ধের সময়কার সহযোগিতা, সাহসিকতা ও আত্মত্যাগের এক অনন্য স্মারক। দুই দেশের সীমান্ত আলাদা হলেও একাত্তরের সেই সংগ্রাম দুই জনপদের মানুষের ইতিহাসকে এক সুতোয় বেঁধে দিয়েছে।
জকিগঞ্জের মুক্তির তাৎপর্য শুধু একটি জনপদ শত্রুমুক্ত হওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এই মুক্তাঞ্চলে স্বাধীন বাংলাদেশের বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়, যা মুক্তিযুদ্ধের ইতিহাসে জকিগঞ্জকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। কারণ একটি ভূখণ্ডকে শত্রুমুক্ত করার পর সেখানে স্বাভাবিক নাগরিক জীবন ফিরিয়ে আনা, শিক্ষা কার্যক্রম চালু করা, প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করাও ছিল স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব জানান দেওয়ার অপরিহার্য অংশ।
মুজিবনগর সরকার মুক্তাঞ্চলে স্বাভাবিক প্রশাসনিক ও নাগরিক জীবন ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ৩০ নভেম্বর জকিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য মো. আকরাম আলীসহ মোট আটজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এক উদ্বোধনী অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিত্রবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। তিনি তাঁর বক্তব্যে জকিগঞ্জকে বাংলাদেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে ঘোষণা করেন। একই সঙ্গে এই জনপদে স্বাধীন বাংলার বেসামরিক প্রশাসন চালুর ঐতিহাসিক বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারের বেসামরিক প্রশাসনিক কাউন্সিলের উত্তর-পূর্ব জোন-১-এর চেয়ারম্যান দেওয়ান ফরিদ গাজী, আব্দুর রহিম এমএনএ, আব্দুল লতিফ এমসিএ এবং ৪ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর সি আর দত্তসহ মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা।
পুরো অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা ও নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. আকরাম আলী। জকিগঞ্জের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয় তৎকালীন শালুটিকর (বর্তমানে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর) বিমানবন্দরের প্রশাসক দাউদ হায়দার কোরেশীকে। সদ্য শত্রুমুক্ত জনপদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা এনাম আহমেদ চৌধুরী, আহমেদ আল কবির, মাসুক উদ্দিন আহমেদ ও খলিল উদ্দিন আহমেদ।
১৬ ডিসেম্বর ১৯৭১ সমগ্র বাংলাদেশ পাকিস্তানি হানাদারমুক্ত হওয়া পর্যন্ত জকিগঞ্জের এই বেসামরিক প্রশাসন কার্যক্রম পরিচালনা করে।
এই ঘটনাগুলোর দিকে তাকালে জকিগঞ্জের ঐতিহাসিক গুরুত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। ২১ নভেম্বরের সামরিক বিজয়ের মাত্র কয়েক দিনের মধ্যে এখানে বিদ্যালয় পুনরায় চালু করা, শিক্ষক নিয়োগ, প্রশাসক নিযুক্ত করা এবং বেসামরিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছিল। অর্থাৎ জকিগঞ্জ শুধু স্বাধীনতার জন্য লড়াইয়ের একটি রণাঙ্গন ছিল না; এটি ছিল মুক্তাঞ্চলে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় ও প্রশাসনিক কাঠামো বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শুধু ভূখণ্ডকে শত্রুমুক্ত করাই যথেষ্ট নয়। প্রয়োজন হয় প্রশাসন, শিক্ষা, নাগরিক নিরাপত্তা ও সামাজিক জীবনের স্বাভাবিক কাঠামো প্রতিষ্ঠার। জকিগঞ্জে মুক্তিযুদ্ধ চলাকালীন এসব উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার প্রাথমিক বাস্তব অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি হয়েছিল। এ কারণে জকিগঞ্জের ইতিহাসকে শুধু সামরিক বিজয়ের বিবরণে সীমাবদ্ধ রাখলে এর পূর্ণ ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা সম্ভব হবে না।
আমাদের জাতীয় ইতিহাসে জকিগঞ্জের এই অধ্যায় আরও গুরুত্বের সঙ্গে আলোচিত হওয়া প্রয়োজন। বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জনপদ হিসেবে এর পরিচিতি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মুক্তাঞ্চলে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার ঘটনাও সমান তাৎপর্যপূর্ণ। অথচ জাতীয় পর্যায়ে মুক্তিযুদ্ধের অনেক আলোচনায় এই প্রশাসনিক উদ্যোগের বিষয়টি তুলনামূলকভাবে কম গুরুত্ব পায়। ইতিহাসের এই ঘাটতি পূরণে গবেষণা, দলিল সংরক্ষণ এবং গণমাধ্যমে ধারাবাহিক আলোচনা প্রয়োজন।
জকিগঞ্জের ইতিহাসে জড়িয়ে আছে অসংখ্য মানুষের অবদান। কেউ সংগঠিত করেছেন প্রতিরোধ, কেউ অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, কেউ কুশিয়ারা পেরিয়ে প্রশিক্ষণ নিয়েছেন, কেউ শরণার্থী হিসেবে কঠিন সময় পার করেছেন, আবার কেউ মুক্তাঞ্চলে প্রশাসন ও শিক্ষা কার্যক্রম চালু করতে ভূমিকা রেখেছেন। তাঁদের সম্মিলিত অবদানেই জকিগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস হয়ে উঠেছে সমৃদ্ধ ও তাৎপর্যপূর্ণ।
১০ বছরের শিশু ফরিদের আত্মদান, সতীশ পালের বাড়ির বধ্যভূমিতে শহীদ হওয়া অগণিত মানুষের স্মৃতি, কুশিয়ারা পেরিয়ে ভারতে যাওয়া চার শতাধিক তরুণের সাহসিকতা, হাজারো শরণার্থীর বেদনা, মুক্তিযোদ্ধাদের অভিযান এবং ভারতীয় মিত্রবাহিনীর সদস্যদের আত্মত্যাগ—সবকিছু মিলিয়ে জকিগঞ্জের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতার এক অনন্য আখ্যান।
এই ইতিহাস সংরক্ষণ করা শুধু অতীতকে স্মরণ করার বিষয় নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্বাধীনতার প্রকৃত মূল্য পৌঁছে দেওয়ার দায়িত্বও। বিশেষ করে সতীশ পালের বাড়ির বধ্যভূমি, প্রথম শহীদ শিশু ফরিদের স্মৃতি, ২১ নভেম্বরের মুক্তির ইতিহাস এবং মুক্তাঞ্চলে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার ঘটনাগুলো যথাযথভাবে সংরক্ষণ ও প্রচার করা প্রয়োজন। একই সঙ্গে শহীদদের পরিচয়, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সংগ্রহ করে একটি প্রামাণ্য ইতিহাস তৈরির উদ্যোগ নেওয়া জরুরি।
কুশিয়ারা নদীর দুই তীরের জকিগঞ্জ ও করিমগঞ্জের ইতিহাসও নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। এক তীরে ছিল পাকিস্তানি বাহিনীর দখলদারত্ব ও নির্যাতন, অন্য তীরে ছিল মুক্তির অভিযানের সামরিক প্রস্তুতি। মাঝখানে প্রবাহিত কুশিয়ারা নদী যেন দুই জনপদের মানুষের ভয়, বেদনা, সাহস ও মুক্তির আকাঙ্ক্ষার নীরব সাক্ষী হয়ে আছে। করিমগঞ্জের যুদ্ধস্মৃতিসৌধও সেই যৌথ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।
এই ফিচার প্রতিবেদন তৈরির জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ, ঐতিহাসিক ঘটনাপ্রবাহের বিবরণ এবং সার্বিক সহযোগিতা দিয়েছেন জকিগঞ্জ শহরের তৎকালীন রাজনীতিবিদ ও পৌর কমিশনার মোস্তাক আহমেদ। তাঁর দেওয়া তথ্য ও সহযোগিতা জকিগঞ্জের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, ব্যক্তি ও স্মৃতিচিহ্ন তুলে ধরতে বিশেষভাবে সহায়ক হয়েছে।
একাত্তরের সেই রক্তাক্ত দিনগুলো আজ ইতিহাসের পাতায় স্থান পেয়েছে। কিন্তু জকিগঞ্জের মানুষের কাছে সেসব দিন কেবল অতীতের স্মৃতি নয়; এগুলো তাঁদের গৌরব, আত্মপরিচয় ও স্বাধীনতার অমূল্য উত্তরাধিকার। যে জনপদের মাটি শহীদদের রক্তে রঞ্জিত হয়েছে, যে জনপদের তরুণেরা স্বাধীনতার জন্য সীমান্ত পেরিয়ে প্রশিক্ষণ নিয়েছেন, যে জনপদে মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর সম্মিলিত অভিযানে প্রথম শত্রুমুক্তির বিজয়বার্তা ছড়িয়ে পড়েছিল, সেই জনপদের ইতিহাস বাংলাদেশের জাতীয় ইতিহাসেরই অবিচ্ছেদ্য অংশ।
কুশিয়ারা নদীর তীরে দাঁড়িয়ে থাকা জকিগঞ্জ তাই কেবল একটি সীমান্ত উপজেলা নয়। এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক গৌরবময় স্মৃতিভূমি, স্বাধীনতার সংগ্রামে সাহসী মানুষের এক অনন্য সাক্ষ্য এবং স্বাধীন বাংলাদেশের বেসামরিক প্রশাসনের প্রাথমিক যাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায়।
১৯৭১ সালের ২১ নভেম্বরের সেই ভোর শুধু জকিগঞ্জের মানুষের জন্য মুক্তির সূর্যোদয় ছিল না; এটি ছিল বাংলাদেশের বিজয়যাত্রার এক উজ্জ্বল মাইলফলক। যে মাটিতে শত্রুমুক্তির পতাকা উড়েছিল, যে জনপদে স্বাধীন রাষ্ট্রের প্রশাসনিক কার্যক্রমের সূচনা হয়েছিল, সেই জকিগঞ্জের ইতিহাস জাতীয় পর্যায়ে যথাযথ মর্যাদায় তুলে ধরা হোক।
কারণ স্বাধীনতার ইতিহাস শুধু গর্বের বিষয় নয়, এটি আমাদের দায়বদ্ধতারও স্মারক। জকিগঞ্জের এই গৌরবগাথা তাই শুধু স্মরণ করার নয়, সংরক্ষণ করার; শুধু অতীতের বিজয় হিসেবে দেখার নয়, ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার। স্বাধীনতার ইতিহাস যত বেশি জানা ও চর্চা করা হবে, সেই ইতিহাসের প্রতি আমাদের দায়িত্ববোধও তত গভীর হবে।