মৃত্যুর দুই ঘণ্টা আগেও স্বামীর সঙ্গে কথা হয়েছিল স্ত্রীর, বলেছিলেন বাজার করে আনতে
অফিস থেকে ফেরার পথে সন্ধ্যা ছয়টার দিকে মলয় কান্তি শর্মাকে বাসার জন্য বাজার করে আনতে বলেন তাঁর স্ত্রী ছন্দা শর্মা কান্তা। বাজার শেষে রাত আটটার দিকে বাসায় ফিরে দরজায় দাঁড়িয়ে ডাকাডাকি করেও স্ত্রীর সাড়া পাননি মলয়। পরে ভবনের ব্যবস্থাপক ও এক মিস্ত্রির সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।
গতকাল সোমবার রাতে চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশীর জাকির হোসেন বাই লেনের চৌধুরী ভিলায় এ ঘটনা ঘটে। ছন্দা শর্মা কান্তা (৩৭) চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি ৩৫তম বিসিএসের শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।
এ ঘটনায় আজ মঙ্গলবার বেলা তিনটায় খুলশী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ছন্দার বড় ভাই মনোজ শর্মা থানায় মামলা করেছেন। তাঁর লিখিত বক্তব্য থেকে ঘটনার এসব তথ্য জানা গেছে।
মামলার নথিতে উল্লেখ করা হয়, ১৩ বছর আগে মলয় কান্তি শর্মার সঙ্গে ছন্দা শর্মার বিয়ে হয়। মলয় বেসরকারি ব্যাংকের নির্বাহী কর্মকর্তা। স্বামী-স্ত্রী দক্ষিণ খুলশীর একটি ফ্ল্যাটে বসবাস করতেন।
মনোজ শর্মা লিখিত বক্তব্যে জানিয়েছেন, গতকাল রাত সাড়ে আটটার দিকে এক স্বজনের মাধ্যমে তিনি বোনের খবর পান। এরপর ছোট ভাই রাজেশ শর্মাকে নিয়ে দ্রুত বোনের বাসায় যান। স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করে ঘটনাটি জানান। পরে খুলশী থানার পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ আশপাশের লোকজনের সহায়তায় ছন্দাকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর দিবাগত রাত ১টা ৫২ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ছন্দার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্য কাঞ্চনার শর্মাপাড়ায়। তাঁর মৃত্যুর ঘটনায় কারও প্রতি পরিবারের সদস্যদের কোনো অভিযোগ বা সন্দেহ নেই বলে লিখিত বক্তব্যে জানিয়েছেন মনোজ শর্মা।
ছন্দার স্বামী মলয় শর্মা বলেন, গতকাল রাতে বাসায় ফেরার পর তিনি তাঁর স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়। ২০১৩ সালে তাঁদের বিয়ে হয়েছিল। তাঁদের কোনো সন্তান নেই।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম জানান, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছন্দা শর্মার মরদেহ পাওয়া যায়। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।



















