img

শ্রীমঙ্গলে পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন রাশিয়ান হাউসের ফার্স্ট সেক্রেটারি

প্রকাশিত :  ১২:১৪, ২৫ নভেম্বর ২০২৬

রাশিয়ায় উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়

শ্রীমঙ্গলে পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন রাশিয়ান হাউসের ফার্স্ট সেক্রেটারি

সংগ্রাম দত্ত: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল ও ক্লাব পরিচালিত পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন রাশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি এলক্সেন্ডা এ ক্যালিভেনিও। এ সময় তিনি রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, ভর্তি প্রক্রিয়া ও সরকারি বৃত্তি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন এবং এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

বুধবার (২৫ নভেম্বর) সকালে চায়ের রাজধানী ও পর্যটননগরী শ্রীমঙ্গল উপজেলা শহরের কলেজ রোডে অবস্থিত পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ে তিনি এ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীদের উদ্দেশে রাশিয়ায় উচ্চশিক্ষার বিভিন্ন দিক তুলে ধরে এলক্সেন্ডা এ ক্যালিভেনিও বলেন, রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। রাশিয়া সরকারের দেওয়া বিভিন্ন শিক্ষাবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা সেখানে পড়াশোনার সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে আবেদন, ভর্তি প্রক্রিয়া ও বৃত্তি সম্পর্কে সঠিক তথ্য জানা গুরুত্বপূর্ণ। মৌলভীবাজারের শিক্ষার্থীদেরও এ সুযোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

তিনি ঢাকায় রাশিয়ান হাউসের কার্যক্রম ও বাংলাদেশ-রাশিয়ার শিক্ষা, সংস্কৃতি এবং বিজ্ঞানভিত্তিক সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর বক্তব্যে উঠে আসে, রাশিয়ান হাউস রাশিয়া সরকারের সহযোগিতায় পরিচালিত একটি সাংস্কৃতিক ও শিক্ষাকেন্দ্র। ১৯৭৪ সালে ‘সোভিয়েত কালচারাল সেন্টার’ হিসেবে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠানটি রুশ ভাষা শিক্ষা, সাংস্কৃতিক বিনিময়, শিক্ষাবিষয়ক কার্যক্রম, সেমিনার ও কর্মশালার আয়োজনের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে কাজ করে। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে একাডেমিক এবং বৈজ্ঞানিক সহযোগিতা সম্প্রসারণেও ভূমিকা রাখে রাশিয়ান হাউস।

বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ এবং রাশিয়া সরকারের দেওয়া বৃত্তির সুযোগ সম্পর্কে তথ্য ও দিকনির্দেশনা দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের আবেদনের প্রক্রিয়ায় সহায়তা করে প্রতিষ্ঠানটি। এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের অনেক শিক্ষার্থী রাশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল সভাপতি মশিউর রহমান রিপনের সভাপতিত্বে এবং ক্লাবের সেক্রেটারি বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগম, রোটারিয়ান চিকিৎসক সত্যকাম চক্রবর্তী, রোটারিয়ান অধ্যাপক অবিনাশ আচার্য্য, প্রাথমিক শিক্ষা অফিসের ইন্সট্রাক্টর মো. ফয়সাল হোসেন এবং বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার জাকির হোসেন।

অনুষ্ঠান শেষে ফার্স্ট সেক্রেটারি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ঘুরে দেখেন।

সিলেটের খবর এর আরও খবর

img

১৮৪ বছরের ঐতিহ্যে মাধবপুরে রাসপূর্ণিমা, রাধাকৃষ্ণের লীলায় মুগ্ধ হবেন হাজারো দর্শনার্থী

প্রকাশিত :  ১২:১৯, ২৫ নভেম্বর ২০২৬

সংগ্রাম দত্ত: কার্তিকের পূর্ণিমা। চারদিকে উৎসবের আমেজ। কোথাও চলছে নৃত্যের মহড়া, কোথাও সাজসজ্জার প্রস্তুতি। মৃদঙ্গের তাল, ভক্তিগীতি আর ঐতিহ্যবাহী পোশাকের বর্ণিল আয়োজনে মুখর হয়ে উঠছে মৌলভীবাজারের কমলগঞ্জ। মাধবপুরের ঐতিহাসিক জোড়া মণ্ডপকে ঘিরে আবারও মিলিত হচ্ছেন মণিপুরী সম্প্রদায়ের মানুষ। তাঁদের কাছে এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, শেকড়ের সঙ্গে সম্পর্ক নবায়ন, পূর্বপুরুষের ঐতিহ্য ধারণ এবং নিজস্ব সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক বিশেষ উপলক্ষ।
 
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে মণিপুরী সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন রাসপূর্ণিমা। ১৮৪২ সালে প্রথম আয়োজনের ধারাবাহিকতায় এ বছর মাধবপুরের জোড়া মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে ১৮৪তম রাসলীলা। অন্যদিকে কমলগঞ্জের আদমপুরে অনুষ্ঠিত হচ্ছে ৪১তম রাসোৎসব। দুই আয়োজন ঘিরেই কমলগঞ্জজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
 
উৎসব উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত, দর্শনার্থী ও সংস্কৃতিপ্রেমীদের সমাগম ঘটছে। রাজধানী ঢাকা থেকে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরাও এসেছেন সংবাদ সংগ্রহ করতে। বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিও রয়েছে।
 
মণিপুরের ঐতিহ্য থেকে কমলগঞ্জের গৌরব
 
মণিপুরী সম্প্রদায়ের রাসলীলা এক সমৃদ্ধ ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের নাম। এর শিকড় ভারতের মণিপুর রাজ্যে। ইতিহাস অনুযায়ী, অষ্টাদশ শতকে মণিপুরের রাজা মহারাজ ভাগ্যচন্দ্রের হাত ধরে রাসলীলার প্রাতিষ্ঠানিক সূচনা হয়।
 
জনশ্রুতি রয়েছে, রাজা ভাগ্যচন্দ্র স্বপ্নে রাধাকৃষ্ণের রাসলীলা প্রত্যক্ষ করেছিলেন। সেই স্বপ্নের অনুপ্রেরণায় তিনি শ্রীকৃষ্ণের রাসলীলা প্রবর্তন করেন। পরবর্তী সময়ে এই নৃত্যধারা মণিপুরী সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস, শিল্পচর্চা ও সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে।
 
সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলাদেশের মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুরে গড়ে ওঠে রাসলীলার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র জোড়া মণ্ডপ। ১৮৪২ সালে এখানে প্রথম রাসলীলা অনুষ্ঠিত হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঐতিহ্যের এই আয়োজন আজও সমান আবেগ ও নিষ্ঠায় ধরে রেখেছে মণিপুরী সম্প্রদায়। সময়ের সঙ্গে বদলেছে আয়োজনের পরিসর, বেড়েছে দর্শনার্থীর সংখ্যা; কিন্তু উৎসবের মূল আবেদন রয়ে গেছে আগের মতোই।
 
রাখাল নৃত্যে শুরু উৎসবের আনুষ্ঠানিকতা
 
রাসপূর্ণিমার দিন শুরু হয় সকালবেলার রাখাল নৃত্য দিয়ে। শিশু-কিশোরদের পরিবেশিত এই নৃত্যে ফুটে ওঠে বালক কৃষ্ণ ও তাঁর রাখাল বন্ধুদের আনন্দময় জীবনের নানা অনুষঙ্গ। নৃত্যের ছন্দে, পোশাকের সৌন্দর্যে এবং সংগীতের মূর্ছনায় দর্শকেরা ফিরে যান কৃষ্ণলীলার এক মনোমুগ্ধকর জগতে।
 
শিল্পীদের সাজপোশাকেও রয়েছে মণিপুরী ঐতিহ্যের স্বতন্ত্র পরিচয়। তাঁরা পরেন ঐতিহ্যবাহী পলয় পোশাক। এর সঙ্গে থাকে কোকুতম্বি ও মাইমুখ। সোনালি-রুপালি চুমকির কারুকাজে সাজানো ভেলভেটের ব্লাউজ তাঁদের পরিবেশনায় যোগ করে বাড়তি সৌন্দর্য।
 
রাতভর মহারাসলীলা, তিন মঞ্চে নৃত্যের মুগ্ধতা
 
রাসপূর্ণিমার সবচেয়ে আকর্ষণীয় আয়োজন মহারাসলীলা। রাত ১১টা থেকে মাধবপুরের জোড়া মণ্ডপে শুরু হবে এই পরিবেশনা, চলবে ভোর পর্যন্ত।
 
রাধা ও কৃষ্ণের প্রেম, বিরহ, মান-অভিমান এবং মিলনের আধ্যাত্মিক কাহিনি নৃত্য ও সংগীতের মাধ্যমে তুলে ধরবেন শিল্পীরা। তিনটি মঞ্চে কুমারী নৃত্যশিল্পীদের পরিবেশনায় রাসলীলা সাজানো হয়েছে ছয়টি পর্বে—মহারাস, বসন্তরাস, নিত্যরাস, কুঞ্জরাস, গোপীরাস ও উদুখলরাস।
 
প্রতিটি পর্বের রয়েছে নিজস্ব উপস্থাপনশৈলী, মুদ্রা ও অভিব্যক্তি। শাস্ত্রীয় নৃত্য, সংগীত ও আধ্যাত্মিক ভাবধারার সমন্বয়ে তৈরি হয় এক অনন্য পরিবেশ। রাত গড়িয়ে ভোর হলেও দর্শকেরা মুগ্ধ হয়ে উপভোগ করেন এই নৃত্যনাট্য।
 
শুধু ধর্মীয় উৎসব নয়, সংস্কৃতিরও মহামিলন
 
রাসপূর্ণিমার আবেদন ধর্মীয় আনুষ্ঠানিকতার গণ্ডি ছাড়িয়ে অনেক দূর বিস্তৃত। উৎসবকে কেন্দ্র করে আয়োজন করা হয় তলোয়ার নৃত্য, মশাল নৃত্য, ঢোলক নৃত্য, ঐতিহ্যবাহী গান ও নানা সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি বসে স্থানীয় পণ্য ও ঐতিহ্যবাহী সামগ্রীর মেলা।
 
এসব আয়োজনে ফুটে ওঠে মণিপুরী সম্প্রদায়ের জীবনযাপন, পোশাক, শিল্পবোধ ও সাংস্কৃতিক বৈচিত্র্য। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে উৎসবটি পরিণত হয় সম্প্রীতি ও সৌহার্দ্যের মিলনমেলায়। ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানুষ এখানে আসেন নৃত্য, সংগীত ও ঐতিহ্যের সৌন্দর্য উপভোগ করতে।
 
প্রজন্মের হাতে বেঁচে থাকুক ঐতিহ্য
 
একটি উৎসবের বয়স শুধু বছর গুনে নির্ধারিত হয় না; এর প্রকৃত মূল্য লুকিয়ে থাকে মানুষের ভালোবাসা, অংশগ্রহণ ও ধারাবাহিকতায়। মাধবপুরের রাসলীলা তারই এক উজ্জ্বল উদাহরণ। ১৮৪ বছরের এই ঐতিহ্য ধরে রাখতে মণিপুরী সম্প্রদায়ের প্রবীণদের পাশাপাশি তরুণ ও শিশু-কিশোরেরাও যুক্ত হচ্ছেন। তাঁদের অংশগ্রহণেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছে যাচ্ছে নৃত্য, সংগীত ও ধর্মীয় বিশ্বাসের উত্তরাধিকার।
 
অন্যদিকে আদমপুরের ৪১তম রাসোৎসবও কমলগঞ্জের মণিপুরী সংস্কৃতির বিকাশ ও ধারাবাহিকতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। দুই আয়োজনের মধ্য দিয়ে এই অঞ্চলে মণিপুরী সম্প্রদায়ের সাংস্কৃতিক পরিচয় আরও দৃশ্যমান হচ্ছে।
 
কার্তিকের পূর্ণিমায় মাধবপুর ও আদমপুরে তাই শুধু রাসলীলা কিংবা রাসোৎসবের আয়োজন হয় না; ফিরে আসে ইতিহাস, জেগে ওঠে শেকড়ের টান, আর সংস্কৃতির বন্ধনে একত্র হন নানা বয়স ও সম্প্রদায়ের মানুষ। ১৮৪ বছরের মাধবপুরের ঐতিহ্য আর আদমপুরের ৪১তম আয়োজন সেই বার্তাই দেয়—সংস্কৃতি বেঁচে থাকে মানুষের ভালোবাসায়, আর ঐতিহ্য টিকে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে তা ধারণ করার মধ্য দিয়ে।

সিলেটের খবর এর আরও খবর