img

সিলেটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত

প্রকাশিত :  ০৯:২৬, ২১ নভেম্বর ২০২৬

 সিলেটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত

সিলেটের তামাবিল সড়কের জৈন্তাপুর সারিঘাট তেল পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার (২১ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের জৈন্তাপুর উপজেলার সারীঘাট শাপলা ফিলিং স্টেশনের প্রায় ৩০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামস তাহির (২২) জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বারগাতি গ্রামের শামসুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শামস তাহির মোটরসাইকেল নিয়ে জৈন্তাপুর বাজার থেকে দরবস্ত বাজারের দিকে যাচ্ছিলেন। পথে জাফলংগামী একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ সৃষ্টি করেন। খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানা পুলিশের রাত্রীকালীন মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি শনাক্ত ও উদ্ধারে কাজ শুরু করে।

পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ট্রাকের গায়ে রক্তের চিহ্নের সূত্র ধরে গাড়িটির সন্ধান পায় পুলিশ। অভিযান চালিয়ে শনিবার সকাল ৬টার দিকে জাফলং সড়কের জৈন্তাপুর চাঙ্গিল বাজারের একটি গলি থেকে ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২২-১৪৪০) আটক করা হয়।

এরপর স্থানীয় লোকজন সড়ক অবরোধ প্রত্যাহার করেন। ট্রাকটি বর্তমানে তামাবিল হাইওয়ে থানায় রয়েছে।

এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হক জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেলেও সিসিটিভি ফুটেজ ও ট্রাকের গায়ে রক্তের চিহ্নের সূত্র ধরে দীর্ঘ অভিযান চালিয়ে সেটি জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সিলেটের খবর এর আরও খবর

img

মাধবপুরে দুই তরুণীর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত :  ১০:৫৯, ২১ নভেম্বর ২০২৬

হবিগঞ্জ জেলার মাধবপুরে পৃথক ঘটনায় একই দিনে দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বাঘাসুরা ও বহরা ইউনিয়নের পৃথক দুটি গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজনের ওই দিনই বিয়ে হওয়ার কথা ছিল।

নিহতরা হলেন, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের খেলু মিয়ার মেয়ে স্বর্ণা (২০) এবং বহরা ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়া জান্নাত তন্নী (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে স্বর্ণাকে নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তাঁর আত্মহত্যার কারন অজানা।

অন্যদিকে, একই দিন সকালে সুমাইয়া জান্নাত তন্নী নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে থাকেন। পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। উল্লেখ্য, শুক্রবারই তন্নীর বিয়ের দিন ধার্য ছিল। তবে প্রেমঘটিত কারনে না অন্য কোনো কারনে তন্নী আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ পৃথক ঘটনাস্থলে গিয়ে দুই তরুণীর মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ দুই তরুণীর মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে।

তিনি আরও জানান, জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সিলেটের খবর এর আরও খবর