গণপতি পরিবারের ৪ সদস্যকে হত্যা : আদালতে চার্জশিট দাখিল
রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার সাম্প্রতিক ঘটনায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিন্নাত আলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এতে চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে সময়ক্ষেপণের জন্য ইয়াবা সেবন এবং পরে পরিবারের চার সদস্যকে একে একে হত্যার অভিযোগ আনা হয়েছে দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের বিরুদ্ধে।
এতে ৫৩ জনকে সাক্ষী করা হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত ও সংশ্লিষ্ট ৬৬টি আলামত জমা দেওয়া হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩০২, ৩৮০ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এদিন, বেলা ১টার দিকে রংপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে অভিযোগপত্র দাখিলের বিষয়টি জানান পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, মূলত চুরির উদ্দেশ্যেই গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করেন দুই আসামি। বাড়িতে চুরি করতে গিয়ে সময়ক্ষেপণের জন্য তারা ইয়াবা সেবন করেন। একপর্যায়ে প্রথমে গণপতি চক্রবর্তীকে হত্যা করেন।
এরপর পরিবারের অন্য তিন সদস্যকেও একে একে হত্যা করেন। হত্যাকাণ্ডে গামছা ও রশি ব্যবহার করা হয়েছে।
তিনি বলেন, ‘গণপতি চক্রবর্তী অবসরের পর ব্যাংক থেকে ৫০ থেকে ৬০ লাখ টাকা তুলে বাড়িতে রেখেছেন বলে ধারণা ছিল আসামিদের। পাশাপাশি বাড়িতে স্বর্ণালংকার থাকার ধারণা থেকেও তারা চুরির পরিকল্পনা করেন।
সেই উদ্দেশ্যেই বাড়িতে ঢুকে চারজনকে হত্যা করেন।’
ডিএনএ পরীক্ষায় দুই আসামির সংশ্লিষ্টতা নিয়ে পুলিশ কমিশনার জানান, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামত ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হয়। পরীক্ষায় খেজুরের বিচির নমুনায় মুগ্ধ দাসের, শসার টুকরায় সিদ্ধার্থ দাসের এবং সিগারেটের অবশিষ্টাংশে দুজনেরই ডিএনএ পাওয়া গেছে। এ ছাড়া নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় পেঁচানো গামছার নমুনায় মুগ্ধ দাসের ডিএনএ শনাক্ত হয়েছে।
পুলিশ জানায়, এসব ফরেনসিক প্রতিবেদনসহ অন্যান্য তথ্য-প্রমাণ, সাক্ষীদের জবানবন্দি ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অভিযোগপত্র তৈরি করা হয়েছে।
পুলিশের দাবি, দীর্ঘ তদন্ত, ফরেনসিক প্রতিবেদন ও বিভিন্ন তথ্য-প্রমাণ বিশ্লেষণে দুই আসামির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। হত্যাকাণ্ডে অন্য কারো সম্পৃক্ততার প্রমাণ মেলেনি।
মামলার বাদী ও নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বলেন, ‘পুলিশের ওপর আমাদের আস্থা রয়েছে। আমরা সঠিক বিচার চাই।’
গত ২২ আগস্ট রাতে রংপুর নগরের মাছুয়াপাড়ার নিজবাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী এবং ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডে পুরো নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরদিন ২৩ আগস্ট নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। প্রথমে কোতোয়ালি থানা মামলাটির তদন্ত শুরু করলেও পরে তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর পর মামলার তদন্তের দায়িত্ব পান পরিদর্শক জিন্নাত আলী। ঘটনার ৯৬ দিন পর এবং মামলা দায়েরের ৯৫ দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করল পুলিশ।



















